Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

বাংলাদেশে ই-পাসপোর্ট নিয়ে তোড়জোড়, ফি বাড়ছে

অনলাইন ডেস্ক পঠিত: 33 বার

প্রকাশিত: August 9, 2018 | 12:57 PM

দীন ইসলাম : ই-পাসপোর্ট নিয়ে চলছে তোড়জোড়। ডিসেম্বরকে টার্গেট করে কাজ চালাচ্ছে সরকার। এরই মধ্যে ই-পাসপোর্টের ডামি ফরম তৈরি হয়েছে। যাচাই বাছাই চলছে। এছাড়া ফি নির্ধারণ নিয়েও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে আলাপ-আলোচনা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর হিসাব করে দেখেছে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)- এর চেয়ে ই-পাসপোর্টের খরচ বেশি পড়বে।  তাই দশ বছর মেয়াদি প্রতিটি ই- পাসপোর্ট নিতে বেশি মূল্য দিতে হতে পারে।

পাসপোর্ট অধিদপ্তরের এক কর্মকর্তা মানবজমিনকে বলেন, ই-পাসপোর্টের তথ্য ফরম আমরা তৈরি করেছি। ওই ফরমে একজন ব্যক্তির জীবন বৃত্তান্ত পুরোটাই থাকবে। 

এছাড়া সময়ে সময়ে তথ্য যোগ করার অপশনও রাখা হবে। তিনি জানান, বর্তমানে জরুরি এমআরপি নিতে খরচ লাগে ভ্যাটসহ তিন হাজার চারশ’ ৫০ টাকা এবং অতি জরুরি এমআরপি নিতে লাগে ছয় হাজার নয়শ’ টাকা। সুরক্ষা সেবা বিভাগ সূত্র মতে, সর্বশেষ মালয়েশিয়ার একটি কোম্পানি থেকে এমআরপি কেনা হয়েছে। কিন্তু ই-পাসপোর্ট জার্মানির বিশ্বখ্যাত একটি কোম্পানি থেকে কেনা হচ্ছে। তাই খরচ বেশি পড়বে। এজন্য ফি বাড়ানো সংক্রান্ত একটি প্রস্তাব সহসাই মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর আগে গত ১৯শে জুলাই দেশের নাগরিকদের নিরাপত্তা জোরদার এবং ভুয়া পাসপোর্ট প্রতিরোধে ই-পাসপোর্ট (ইলেকট্রনিক পাসপোর্ট) চালু করতে বাংলাদেশ ও জার্মানির মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ‘ই-পাসপোর্ট প্রবর্তন ও স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থাপনা’ শীর্ষক প্রকল্পের আওতায় এই চুক্তি স্বাক্ষর হয়। এতে বাংলাদেশের পক্ষে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ডিজি মেজর জেনারেল এম মাসুদ রেজওয়ান এবং জার্মানির ভেরিডোস কোম্পানির পক্ষে প্রধান নির্বাহী কর্মকর্তা হেনস উলফগ্যাং কুনজ চুক্তিতে স্বাক্ষর করেন। ই-পাসপোর্টের চুক্তি অনুযায়ী জার্মান কোম্পানি ৩০ লাখ ই-পাসপোর্ট বই সরবরাহ করবে।
এই প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৫শ’ ৬৯ কোটি টাকা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ই- পাসপোর্ট চালু হলেও এমআরপি পাসপোর্ট বন্ধ হবে না। ই-পাসপোর্ট সম্পূর্ণভাবে চালু হওয়ার আগ পর্যন্ত এটি চালু থাকবে। এরই মধ্যে বিশ্বের ১১৮টি দেশ ই-পাসপোর্ট দিচ্ছে। বিশ্বে ১১৯তম দেশ হিসেবে ই-পাসপোর্ট চালু করছে বাংলাদেশ। এর আগে ২০১০ সালে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) গাইডলাইন অনুযায়ী বাংলাদেশ মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও মেশিন রিডেবল ভিসা (এমআরভি) পদ্ধতি চালু করে সরকার। কিন্তু এমআরপি ব্যবস্থায় দশ আঙ্গুলে ছাপ ডাটাবেজে সংরক্ষণ না থাকায় একাধিক পাসপোর্ট করার প্রবণতা ধরা পড়ে। 
এর ফলে ই-পাসপোর্টের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভব করে সরকার। এরই পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ২৪শে এপ্রিল পাসপোর্ট সেবা সপ্তাহ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ই-পাসপোর্ট প্রবর্তনের নির্দেশ দেন। পরে প্রধানমন্ত্রীর জার্মানি সফরের সময় ২০১৭ সালের ১৮ই ফেব্রুয়ারি সে দেশের প্রতিষ্ঠান ভ্যারিডোস জিএমবিএইচ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে ই-পাসপোর্ট চালুর বিষয়ে একটি সমঝোতা চুক্তি হয়। তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতিনিধিদের নিয়ে সাত সদস্যের একটি কমিটি গঠন করে ই-পাসপোর্ট চালুর সিদ্ধান্ত নেয়া হয়। এর ভিত্তিতেই ই-পাসপোর্টের চুক্তি শেষে এটি চালু করতে তোড়জোড় শুরু হয়েছে। মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ