ভেনিজুয়েলায় মার্কিন মানবিক সহায়তা প্রবেশ নিয়ে ভয়াবহ সংঘর্ষ, নিহত ২
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : যুক্তরাষ্ট্রের ত্রাণ প্রবেশ ঠেকাতে ভেনিজুয়েলার সেনাদের গুলিতে ব্রাজিলের সঙ্গে দেশটির সীমান্তবর্তী অঞ্চলে দুই আদিবাসী নিহত হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের ত্রাণ প্রবেশ ঠেকাতে কঠোরতম অবস্থানে রয়েছেন। ত্রাণ ঠেকাতে শুক্রবার ব্রাজিল সীমান্তে সেনা মোতায়েন করা হয়। এসময় আদিবাসীরা সামরিক বাহিনীর কর্মকাণ্ডে বাধা দিলে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এতে নিহত হয় দুইজন আদিবাসী। ব্রাজিল থেকে ভেনিজুয়েলায় প্রবেশ করার সময় মার্কিন মানবিক সহায়তা আটকে দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ ঘটনাকে কেন্দ্র করেই শনিবার সীমান্তবর্তী শহরে ভয়াবহ সংঘর্ষ সৃষ্টি হয়। যেসব মানুষ ওই ত্রাণসামগ্রী সংগ্রহ করে তা পরিবহন করতে গিয়েছিলেন তাদের ওপর পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়েছে।
মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো বলছে, এ সময় সরাসরি গুলি করা হয়েছে বেশকিছু মানুষের ওপর।
এদিকে মাদুরো যুক্তরাষ্ট্রের এই ত্রাণ কার্যক্রমকে লোকদেখানো সস্তা কাজ বলে আখ্যায়িত করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন যাতে ব্রাজিলের সঙ্গে থাকা সীমান্ত অঞ্চল সমপূর্ণ বন্ধ করে দেয়া হয়। ব্রাজিল সরকার জানিয়েছে, দেশটির বোয়া ভিস্তা শহরে তারা প্রায় ২০০ টন খাবার মজুত করে রেখেছে। কিন্তু ভেনিজুয়েলা সরকারের অসহযোগিতার কারণে সেটা সম্ভব হচ্ছে না। ভেনিজুয়েলার বিরোধী নেতা জুয়ান গাইডোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার মিত্র রাষ্ট্রগুলো। ভেনিজুয়েলায় সাহায্য পাঠিয়ে দেশটি গাইডোর অবস্থান শক্ত করার চেষ্টা করছে। এ জন্য ব্রাজিল ছাড়াও কলম্বিয়া সীমান্তেও ত্রাণ নিয়ে অপেক্ষা করছে মার্কিন জাহাজ। তবে ভেনিজুয়েলার সরকার নিশ্চিত করেছে দেশটির কোনো ধরনের ত্রাণের দরকার নেই এবং এ ধরনের কোনো পরিস্থিতিও সেখানে বিরাজ করছে না।
তবে দেশটির বিরোধীরা বলছে, অর্থনৈতিক সংকটে ভুগছে সেখানকার বহু মানুষ। তাদের জন্য এই ত্রাণ সহায়তা খুব প্রয়োজন। প্রেসিডেন্ট মাদুরো একে দেখছেন, নিরাপত্তা হুমকি হিসেবে। বেসামরিক লোকজনের ওপর ওই হামলার নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। তিনি দাবি করেছেন, ওই হামলার জন্য দায়ী মাদুরোর দুর্বৃত্তরা। মাইক পম্পেও এক টুইটে লিখেছেন, যেসব পরিবারের সদস্যরা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আমরা এর বিচার চাই।
বেশকিছু ত্রাণসামগ্রী পুড়িয়ে দেয়া হয়েছে। একে হীন মানসিকতা বলে আখ্যায়িত করেছেন মাইক পম্পেও। নিরাপত্তা রক্ষাকারীদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন স্বঘোষিত অন্তর্বর্তী প্রেসিডেন্ট ও বিরোধী দলীয় নেতা হুয়ান গাইদো। পরিস্থিতি নিয়ে সোমবার কলম্বিয়ার বোগোটায় যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের সঙ্গে তার সাক্ষাৎ করার কথা রয়েছে। এ ছাড়া তিনি আঞ্চলিক লিমা গ্রুপের সঙ্গেও মিলিত হবেন, যদিও তার বিরুদ্ধে মাদুরো সরকার ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে।
তিনি টুইটে একটি পোস্ট দিয়েছেন শনিবার সন্ধ্যায়। তাতে তিনি মাদুরোর কবল থেকে ভেনিজুয়েলাকে উদ্ধারে সব রকম সুযোগ খোলা রাখার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী