বিদেশী কূটনীতিকদের সম্মানে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে ঈদ পূনর্মিলনী
ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘের সদস্য দেশসমূহের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূতদের সম্মানে বাংলাদেশ স্থায়ী মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে আজ এক ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম, এমপি ও পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক। অনুষ্ঠানটি ভারত, শ্রীলঙ্কা, জাপান, রাশিয়া, চীন, সৌদিআরব, কাতারসহ শতাধিক দেশের স্থায়ী প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের কূটনীতিকদের মিলনমেলায় পরিণত হয়। বিশাল এই সমাগমে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থী হিসাবে পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক-এর প্রার্থিতার বিষয়টি ছিল আলোচনার কেন্দ্রবিন্দু।বাংলাদেশের প্রার্থীকে সমর্থনের আহ্বান জানিয়ে উপস্থিত কূটনীতিকদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন। বাংলাদেশের যুগান্তকারী উন্নয়ন অগ্রযাত্রার বিভিন্ন দিকও বিদেশী অতিথিদের সামনে তুলে ধরেন স্থায়ী প্রতিনিধি। পাশাপাশি রোহিঙ্গা সঙ্কটের স্থায়ী সমাধানে সদস্য দেশগুলোকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক উপস্থিত কূটনীতিকদের সামনে বৈশ্বিক অভিবাসনের সাম্প্রতিক চালচিত্র (মাইগ্রেশন অর্ডার ৩.০) তুলে ধরেন। তিনি নিরাপদ, নিয়মতান্ত্রিক ও নিয়মিত অভিবাসন প্রতিষ্ঠায় একটি কার্যকর ব্যবস্থাপনা গড়ে তোলার বিষয়ে আলোকপাত করেন এবং অভিবাসনের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। আইওএম ও অভিবাসন নিয়ে কাজ করার সুদীর্ঘ অভিজ্ঞতা বৈশ্বিক কল্যাণে ব্যবহার করতে চান মর্মে উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে ভূমিকা রেখে যাচ্ছে মর্মে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম এমপি বলেন, “আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিশ্রুতিশীল ভূমিকার ধারাবাহিকতায় আইওএম এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল পদে বাংলাদেশ তার প্রার্থী হিসেবে পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক-কে মনোনয়ন দিয়েছেন”। বাংলাদেশের প্রার্থীকে সমর্থন করার জন্য সদস্য দেশসমূহের প্রতিনিধিদের প্রতি আহ্বান জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, “বাংলাদেশের পররাষ্ট্র সচিব জনাব হক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিবাসন বিষয়ক বিশেষ দূত এবং আইওএম-এ দীর্ঘ ১২ বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন একজন পেশাদার কূটনীতিক। আইওএম এর ডেপুটি ডাইরেক্টর জেনারেল হিসেবে তিনি কাজ করার সুযোগ পেলে বৈশ্বিক অভিবাসনের উন্নত ব্যবস্থাপনার ক্ষেত্রে আইওএমকে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করতে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন”।

প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশের অভূতপূর্ব আর্থ-সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশের অর্জিত অভিজ্ঞতার আলোকে ইকোসকের সদস্যপদে বাংলাদেশের প্রার্থিতার প্রতি সমর্থনদানের জন্য উপস্থিত কূটনীতিকদের ধন্যবাদ জানান। উল্লেখ্য আগামী ১৪ জুন ইকোসকের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, গত ডিসেম্বরে বাংলাদেশ এবং স্পেনকে আন্তর্জাতিক অভিবাসন রিভিউ ফোরামের মোডালিটিস নির্ধারণে কো-ফ্যাসিলেটেটর নিয়োগ দেওয়া হয়। আজ বাংলাদেশ ও স্পেন জাতিসংঘে এই রেজুলেশনের জিরো ড্রাফট এর উপর প্রথম অনানুষ্ঠানিক আলোচনা পরিচালনা করে। যেখানে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও স্পেনের স্থায়ী প্রতিনিধি কো-ফ্যাসিলেটরের দায়িত্ব পালন করেন। আগত বিদেশী কূটনীতিকদের বাংলাদেশি খাবারে আপ্যায়িত করা হয় এবং ঈদ উপহার হিসেবে বাংলাদেশের চাসহ বিভিন্ন হস্তশিল্প সামগ্রী প্রদান করা হয়। জাতিসংঘ সদরদপ্তরে কর্মরত বাংলাদেশের সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণও অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন। উল্লেখ্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও সচিব একদিনের সরকারি সফরে নিউইয়র্ক অবস্থান করছেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি