নিউইয়র্কের কারাগারে আইএমএফ প্রধান স্ত্রস-কান
বাংলা প্রেস: জামিনের বিপরীতে ১০ লাখ ডলার জামানতের প্রস্তাব দিয়েও জামিন পায়নি আইএমএফ প্রধান স্ত্রস-কান। যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান দমিনিক স্ত্রস-কানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন নিউ ইয়র্কের আদালত। তাঁকে নিউ ইয়র্কের রাইকার্স আইল্যান্ড কারাগারে পাঠানো হয়েছে। আগামী শুক্রবার পরবর্তী শুনানি পর্যন্ত তাঁকে সেখানে আটক রাখা হবে।৬২ বছর বয়সী স্ত্রস-কানকে গত সোমবার নিউ ইয়র্কের ম্যানহাটন ফৌজদারি আদালতে হাজির করা হয়। তাঁর বিরুদ্ধে যৌন নির্যাতন-সংক্রান্ত সাতটি অভিযোগ আনা হয়েছে। নিউ ইয়র্কে তাঁর বিরুদ্ধে অন্তত আরো একটি যৌন হয়রানির অভিযোগ খতিয়ে দেখছেন আইনজীবীরা। অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ৭৪ বছরের সাজা হতে পারে স্ত্রস-কানের। দুদিন আগের পরা গাঢ় রঙের রেইনকোট ও কলার খোলা শার্ট পরা স্ত্রস-কানকে আদালতে বিধ্বস্ত মনে হচ্ছিল। আদালতে ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেন তাঁর আইনজীবীরা। তবে স্ত্রস-কান কোনো কথা বলেননি। সরকারপক্ষের আইনজীবী আদালতকে জানান, এবারই প্রথম নয়, এর আগেও স্ত্রস-কানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। অপরাধ করে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যাওয়ার সময় তাঁকে গ্রেপ্তার করা হয়। সরকারি আইনজীবীরা স্ত্রস-কানকে ‘ফ্লাইট রিস্ক’ (জামিন পেলে যুক্তরাষ্ট্র থেকে পালিয়ে যেতে পারেন) হিসেবে অভিহিত করেন। স্ত্রস-কানের আইনজীবীরা তাঁর জামিনের বিনিময়ে আদালতকে ১০ লাখ ডলার জামানত রাখার প্রস্তাব দেন। আদালত জামিনের আবেদন বাতিল করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিচারক মেলিসা জ্যাকসন বলেন, ‘যেহেতু জানা গেছে, যুক্তরাষ্ট্র ত্যাগকালে আসামিকে জেএফকে বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে, তাই এ ব্যাপারটি উদ্বেগের বিষয়।’ স্ত্রস-কানের জামিন আবেদন নামঞ্জুর হওয়ায় হতাশা প্রকাশ করেছেন তাঁর আইনজীবী বেঞ্জামিন ব্রাফম্যান। তাঁর মক্কেল শিগগিরই ছাড়া পাবেন বলে সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেন ব্রাফম্যান। তিনি বলেন, আইনি লড়াই সবে শুরু হলো। তাঁরা জামিন বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল করবেন বলে জানান ব্রাফম্যান। এদিকে ফরাসি লেখিকা ত্রিস্তান ব্যানন ৯ বছর আগে স্ত্রস-কানের হাতে যৌন নিপীড়নের শিকার হওয়ার কথা জানানোর পর ফ্রান্সের আরেক আইনজীবী অভিযোগ করেছেন, স্ত্রস-কান নিউ ইয়র্কের ওই একই হোটেলে এর আগেও পরিচারিকাদের যৌন হয়রানি করেছেন।শুক্রবার পরবর্তী শুনানির দিন স্ত্রস-কানকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। রাইকার্স কারাগারের ১১ ফুট বাই ১৩ ফুট একটি কক্ষে তাঁকে রাখা হয়েছে। সিটি কারেকশন ডিপার্টমেন্টের মুখপাত্র স্টিফেন মোরেলো জানান, তাঁর সম্মানের বিষয়টি বিবেচনা করে অন্যান্য কারাবন্দির মতো গণরুমে রাখা হয়নি তাঁকে। কক্ষে তাঁর জন্য আলাদা খাট ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে।আইএমএফের বিবৃতিতে বলা হয়, যেহেতু স্ত্রস-কান ব্যক্তিগত কাজে নিউ ইয়র্ক গেছেন, তাই কূটনৈতিক সুরক্ষার সুযোগ তিনি পাচ্ছেন না। তবে মামলাটির প্রতি তারা নজর রাখছে।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








