করোনা ভাইরাস আতংকে থমকে দাঁড়িয়েছে জনজীবন : যুক্তরাষ্ট্রে বাংলাদেশী আক্রান্ত হবার সংবাদ পাওয়া যায়নি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : করোনা ভাইরাস আতংকে নিউইয়র্কে জনজীবন থমকে দাঁড়িয়েছে। বিশেষ করে যারা ট্যাক্সি চালান অথবা সাবওয়ে/বাস ব্যবহার করেন, তাদের গতিবিধি সংকুচিত হয়েছে। এক ধরনের ভীতি গ্রাস করেছে স্বাভাবিক জীবন-যাত্রায়। আর এমন পরিস্থিতি ক্যালিফোর্নিয়া থেকে ফ্লোরিডা-ভার্জিনিয়া-পেনসিলভেনিয়া-নিউজার্সি হয়ে নিউইয়র্ক পর্যন্ত বিস্তৃত। যদিও ৮ মার্চ রোববার পর্যন্ত কোন বাংলাদেশী এই ভাইরাসে আক্রান্ত হবার সংবাদ পাওয়া যায়নি। উল্লেখ্য, ক্যালিফোর্নিয়া এবং ফ্লোরিডার পর নিউইয়র্ক অঙ্গরাজ্যেও বিশেষ জরুরী অবস্থা জারি করা হয়েছে। জনসমাবেশ পরিহার এবং বিশেষ জরুরী প্রয়োজন ব্যতিত বাস-সাবওয়ে ব্যবহার না করার পরামর্শ দেয়া হয়েছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারি অথবা ছাত্র আক্রান্ত হয়নি, সেগুলো খোলা রাখা হচ্ছে। তবে নিজে থেকেই অনেক শিক্ষার্থী স্কুলে যাওয়া থেকে বিরত রয়েছে।
করোনা ভাইরাসের শংকায় দিল্লীতে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যার প্রতিবাদে ৮ মার্চ নিউইয়র্কে ভারতীয় কন্স্যুলেটের সামনে বড় ধরনের একটি বিক্ষোভের কর্মসূচি শেষ মুহূর্তে স্থগিত করা হয়েছে। একইকারণে স্টেট ডিপার্টমেন্ট এবং হোয়াইট হাউজের সামনে খালেদা জিয়ার মুক্তি দাবিতে মানববন্ধনের পূর্বনির্দ্ধারিত কর্মসূচিও স্থগিত করেছে যুক্তরাষ্ট্র যুবদল। বিএনপি চেয়ারপার্সনের মুক্তি দাবিতে নিউইয়র্কে বাংলাদেশ কন্স্যুলেটের সামনে বিক্ষোভের আরেকটি কর্মসূচি স্থগিত করেছে জাতীয়তাবাদি স্বেচ্ছাসেবক দলের যুক্তরাষ্ট্র শাখা। ৯ মার্চ সোমবার এই কর্মসূচির সমর্থনে মাঠে ছিল যুক্তরাষ্ট্র বিএনপি, যুবদল, জাসাস, ছাত্রদল, শ্রমিক দল, জাতীয়তাবাদি ফোরাম, কোকো স্মৃতি সংসদ, তারেক পরিষদসহ বেশ কটি সংগঠন। ৮ মার্চ রোববার সন্ধ্যায় এসব সংগঠনের নেতৃবৃন্দ জ্যাকসন হাইটসের ইত্যাদি পার্টি হলে জরুরী এক বৈঠকে বসে উদ্ভ’ত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তা স্থগিতের সিদ্ধান্ত নেন। বৈঠক থেকে এ সংবাদদাতাকে বিস্তারিত জানিয়েছেন যুবদলের কেন্দ্রীয় নেতা এম এ বাতিন।

এ সময় নেতৃবৃন্দ খালেদা জিয়াকে মানবিক কারণে হলেও অবিলম্বে মুক্তি প্রদানের দাবি জানান। নিউইয়র্ক স্টেট বিএনপির সভাপতি আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নুর সভাপতিতে জরুরী এ বৈঠকে নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা মিজানুর রহমান মিল্টন ভ’ইয়া, এম এ সবুর, মোশারফ হোসেন সবুজ, জাসাসের কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখার সভাপতি আলহাজ্ব আবু তাহের, সেক্রেটারি কাওসার আহমেদ, স্বেচ্ছাসেবক দলের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি মাকসুদুল হক চৌধুরি, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি, বদিউল আলম, মঞ্জুর আলম, তারিক চৌধুরী দীপু, নাসির আহমেদ, শাহাদৎ হোসেন রাজু, মজিবর রহমান ফেরদৌস, মির্জা আজম প্রমুখ। এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের পক্ষে ইতিপূর্বে শুরু হওয়া গণস্বাক্ষর সংগ্রহের অভিযান অব্যাহত থাকবে।
অপরদিকে, নিউইয়র্ক অঞ্চলে বাংলাদেশীসহ দক্ষিণ এশিয়ানদের ব্যবসা প্রতিষ্ঠানে পণ্যমূল্য বাড়িয়ে দেয়া হয়েছে। অর্থাৎ করোনা ভাইরাসের আতংক-কে ব্যবহার করে অব্যবসায়ীসুলভ মনোভাবকে জাগ্রত করার অভিযোগ উঠেছে। তবে বহুজাতিক স্টোরগুলোতে পণ্যমূল্য অপরিবর্তিত রয়েছে এবং প্রবাসীরাও ছুটছেন সে সব স্টোরেই। উল্লেখ্য, করোনা ভাইরাসে রোববার সন্ধ্যা নাগাদ যুক্তরাষ্ট্রে মারা গেছে ২১ জন এবং আক্রান্ত রোগীর সংখ্যা ৫৪৭। ফেডারেল স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা জানিয়েছেন, গত বছর আমেরিকায় ফ্লু-তে আক্রান্ত হয়ে মারা গেছে ৩৪২০০ জন। সে তুলনায় করোনা ভাইরাসে মৃত্যুর হার কিছুটা বেশী বলে জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের পরিসংখ্যান অনুযায়ী আক্রান্তদের ৩-৪% এর প্রাণহানী ঘটছে। তবে এ সংখ্যাও সঠিক নয়। কারণ, অনেক মৃত্যুর সঠিক তথ্য পায় না স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী ১৯১৮ সাল অর্থাৎ ১০২ বছর আগে মহামারি আকার ধারণ করেছিল স্প্যানিশ ফ্লু। সে সময় সারাবিশ্বে মারা গেছে ৫ কোটি মানুষ। মৃত্যুর হার ছিল ২.৫%।
এদিকে, করোনা ভাইরাসজনিত চিকিৎসার জন্যে ৮.৩ বিলিয়ন ডলারের একটি বরাদ্দ দিয়েছে ফেডারেল প্রশাসন। কংগ্রেসে এ বাজেট পাশের পরই সেখানে স্বাক্ষর দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রোববার গভীর রাত পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আক্রান্তদের মধ্যে কোন বাংলাদেশী নেই। এনআরবি নিউজ
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests