বিলাতেযে দৃশ্য অকল্পনীয়,বিস্ময়ে হতবাক ব্রিটেনবাসী! বিস্মিত আন্তর্জাতিক মহলও

দাঙ্গা ছড়িয়েছে অন্যান্য শহরে, পুলিশকে জলকামান ব্যবহারের নির্দেশ I
ইউএসএনিউজ ডেস্ক:বিস্ময়ে হতবাক ব্রিটেনবাসী! বিস্মিত আন্তর্জাতিক মহলও। যে দেশের সাধারণ মানুষের মনে নাগরিক আইনের প্রতি অসীম শ্রদ্ধা সেই ব্রিটেনের মানুষ কিভাবে জাতি, রাষ্ট্র, সভ্যতা কিংবা শিক্ষার মর্যাদার কথা বেমালুম ভুলে গিয়ে রাতারাতি ‘লুটেরা’ হয়ে যেতে পারে তা কারো মাথায় আসছে না। তরুণ তরুণীরা বড় বড় অভিজাত শপিং মল কিংবা ডিপার্টমেন্ট স্টোরে ঢুকে দামি দামি জিনিসপত্র ভাংচুর করছে , যা পারছে ব্যাগে ভরে কিংবা হাতে করে বাড়িতে নিয়ে যাচ্ছে। কিছুটা ‘সান্ত্বনা’ হিসেবে এসব তরুণ-যুবকদের নাহয় ‘বিক্ষোভকারী’ কিংবা ‘প্রতিবাদকারী’ আখ্যা দিয়ে এই লুটপাটকে ‘ক্ষোভের বহিঃপ্রকাশ’ বলা যেতে পারে। কিন্তু আট নয় বছরের শিশু কিশোররাও এই নারকীয় তান্ডবে সামিল হয়ে যখন দুই হাতে মদের বোতল নিয়ে ভোঁ দৌড় দেয় তখন তাকে কোনোভাবেই স্বাভাবিক ক্ষোভ কিংবা বিক্ষোভ বলার সুযোগ নেই।শিশুদের হাতে মদের বোতল লুট তো সিন্দুর মধ্যে বিন্দুতুল্য একটা উদাহরণ মাত্র। গত কয়েকটা দিন লন্ডনের বেশিরভাগ অঞ্চলে এমন পরিস্থিতি গেছে যে সবগুলো বড় বড় দোকানপাটের জিনিসপত্রের ‘মালিক’ ছিল এসব নৈরাজ্যবাদিরা! ইচ্ছা হলেই হৈ হৈ রৈ রৈ করে সবাই এক একটা শপিংমলে কিংবা ডিপার্টমেন্ট স্টোরে ঢুকে পড়েছে, তারপর সাজানো জিনিসপত্র সব মাটিতে আছড়ে ফেলেছে। বের হবার সময় হাতে যা ধরে কিংবা ব্যাগে ভরে নিয়ে বের হয়েছে। কম দামি, বেশি দামি বলে কোনো কথা ছিল না। নিয়ে হাটা দিলেই হলো! কেউ কেউ আবার শপিং মলের নিজস্ব ট্রলিতে ভরেই মালপত্র নিয়ে বাড়িতে গেছে। কিন্তু কেবল লুটপাটেই সবগুলো শপিংমল রক্ষা পায়নি। কোথাও কোথাও লুটেরা বাহিনী আরেকটু বেশি ‘মজা’ লাভের জন্য আগুণ দিয়ে ছাই বানিয়েছে অনেক ভবন। লুটেরাদের যাতে চেনা না না যায় সেজন্য তারা পা থেকে মাথা পর্যন্ত ঢাকা যায় এমন পোশাক পরে লুটপাট অভিযানে নামছে।
আফ্রিকার কিংবা তৃতীয় বিশ্বের দরিদ্র ও ক্ষুধাতাড়িত কোনো দেশের দৃশ্য হলে এই আচরণের একটা ব্যাখ্যা থাকতো। কিন্তু ধনীদের দেশ ব্রিটেনে এমন দৃশ্য দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। লন্ডনে লুটপাটের এই দৃশ্য গোটা বিশ্বমিডিয়ার ঠাঁই করে নিয়েছে। ব্রিটিশ মিডিয়া একে সামাজিক ও নৈতিকতার ‘গণ অবক্ষয়’ আখ্যা দিয়েছে। যে শহরে তারা বেড়ে উঠেছে, যে শহরকে তারাই ঝকঝকে তকতকে রেখেছে, আইন মান্য করে নাগরিক সুরক্ষা নিশ্চিত করেছে, তারাই নিজ হাতে নিষ্ঠুরভাবে সব শেষ করে কেন দিচ্ছে তার ব্যাখ্যা দিতে পারছেন না কেউ। বিশ্বের পর্যটকদের জন্য অন্যতম আকর্ষণ লন্ডন শহর। লন্ডনে পর্যটক আকর্ষণের জন্য শহরের অনেক স্থানে এবং টিভিতে একটি বিজ্ঞাপন দেয়া হয়। বিজ্ঞাপনের ভাষা -‘ইউ আর ইনভাইটেড’ (আপনি আমন্ত্রিত)। বিশ্ববাসীর বিদ্রুপের হাত থেকে বাঁচার জন্য সব জায়গা থেকে সেই বিজ্ঞাপনটি সরিয়ে ফেলা হয়েছে!
লন্ডন কিছুটা শান্ত ঃ এদিকে, টানা তিনরাত ধরে লুটপাট ও অগ্নিসংযোগের পর হাজার হাজার পুলিশ নামায় আপাতত কিছুটা শান্ত হয়ে এসেছে লন্ডনের পরিস্থিতি। কিন্তু অন্য শহরগুলোতে এখনো চলছে বিক্ষিপ্ত সহিংসতা, লুটপাট। ম্যানচেস্টার, স্যালফোর্ড, লিভারপুল, নটিংহাম এবং বার্মিংহামে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। দোকানপাটে লুটপাট, অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। ইংল্যান্ডের বেশ কয়েকটি শহরে রাতভর পুলিশের সঙ্গে যুবকদের সংঘর্ষ হয়েছে। বার্মিংহামে বিশৃঙ্খলা চলাকালীন গাড়িচাপা পড়ে তিন মুসলিম নাগরিক নিহত হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পুলিশকে নৈরাজ্য ঠেকাতে জলকামান ব্যবহারের অনুমতি দিয়েছেন। লন্ডনের রাস্তায় ১৬ হাজার পুলিশ মোতায়েন করার পর তরুণরা সরে গিয়ে ম্যানচেস্টার ও বাণিজ্যিক এলাকা মিডল্যান্ডে তান্ডব চালিয়েছে। মধ্য ইংল্যান্ডের ওয়েস্ট ব্রমউইচ ও ওলভারহ্যাম্পটনে দাঙ্গাকারীরা গতকাল বিভিন্ন ভবনে আগুন ধরিয়ে দেয়।ইত্তেফাক
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আইন-শৃঙ্খলা পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেছেন। তার নির্দেশে লন্ডনের বিভিন্ন এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। পুলিশের পরামর্শে দোকানের শাটারও বন্ধ রাখা হয়েছে। এদিকে, লন্ডনের পশ্চিমে সাউথহলের শিখ সমপ্রদায়ের শত শত লোক তাদের নিজ নিজ সমপ্রদায়কে রক্ষায় রাজপথে অবস্থান নিয়েছে। অন্যদিকে, লুটপাটকারীদের মোকাবেলায় অনেক স্থানে শান্তিকামী নাগরিকরা রাস্তায় নেমেছে।
উল্লেখ্য, তিনদিন আগে পুলিশের গুলিতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হওয়ার পর লন্ডনের টটেনহ্যামে শনিবার এই সহিংসতার সূত্রপাত ঘটে। বিক্ষোভকারীরা পুলিশের হাতে এই খুনের প্রতিবাদ জানানোর নামে এক স্থানে জড়ো হয়। কিন্তু এরপর এক অজ্ঞাত কারণে শুরু করে এই অভাবনীয় নারকীয় তান্ডব।
ডেভিড ক্যামেরন যে কোনো মূল্যে শান্তি ফিরিয়ে আনতে পুলিশকে নির্দেশ দিয়েছেন। তিনি দুঃখের সাথে গতকাল বলেন, সমাজ ভেঙ্গে পড়েছে, অসুস্থ হয়ে গেছে। গতকাল পর্যন্ত সহস াধিক লুটেরা গ্রেফতার হয়েছে। কিন্তু তাতেও বাকিদের নিরুত্সাহিত করা যাচ্ছে না।
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








