ঋণমানে যুক্তরাষ্ট্রের অবস্থান এখনো অটুট রয়েছে:হোয়াইট হাউসে ওবামার দাবি

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, ঋণমানে (ক্রেডিট রেটিং) তাঁর দেশের অবস্থান এখনো ট্রিপল এ আছে এবং সব সময় তা-ই থাকবে। ওয়াশিংটনের হোয়াইট হাউসে গত সোমবার তিনি একথা বলেন। বিশ্বের অন্যতম মান নির্ধারণী সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) যুক্তরাষ্ট্রের ঋণমান প্রথমবারের মতো ‘ট্রিপল এ’ থেকে নামিয়ে ‘ডাবল এ প্লাস’ নির্ধারণ করার পর এ ব্যাপারে জনসমক্ষে প্রথম মন্তব্য করলেন ওবামা।
ওবামা বলেন, বিনিয়োগ-কারীদের কাছে যুক্তরাষ্ট্রের অর্থনীতি এখনো বিশ্বের অন্যতম নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র। ‘কয়েকটি সংস্থার বক্তব্যে কিছু যায় আসে না। আমরা একটি ট্রিপল এ মানের দেশ ছিলাম এবং সব সময় তা-ই থাকব। আমাদের বর্তমান সমস্যাগুলো সমাধানযোগ্য এবং আমরা জানি এ জন্য আমাদের কী করতে হবে।’
ওবামা বলেন, রাজনীতিবিদেরা একমত হলে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সংকটের সমাধান সম্ভব। তবে সংকট মোকাবিলায় বিত্তশালীদের ওপর উচ্চহারে কর আরোপের যে প্রস্তাব ওবামা দিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেছেন রিপাবলিকানরা। এতে সরকার ও বিরোধীদের মধ্যে রাজনৈতিক বিবাদ আরও দীর্ঘ হওয়ার সম্ভাবনা বেড়েছে।
এসঅ্যান্ডপির যুক্তি, ওয়াশিংটনে অতিরক্ষণশীল টি পার্টির স্বার্থান্বেষী দলাদলিসহ প্রেসিডেন্ট ওবামা ও রিপাবলিকানদের মধ্যে তিক্ত রাজনৈতিক বিবাদের ফলে যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক সংকট সমাধান করা কঠিন হয়ে পড়তে পারে। ঋণমানে যুক্তরাষ্ট্রের ‘ট্রিপল এ’ থেকে ‘ডাবল এ প্লাসে’ অবনমনের বিষয়টি প্রতিপাদন করে এসঅ্যান্ডপি বলেছে, ওয়াশিংটনে তিক্ত বিবাদ অর্থনৈতিক সংকট নিরসনে জোরদার পদক্ষেপ নিতে বাধার সৃষ্টি করছে।
বিষয়টি স্বীকার করে ওবামা বলেন, ওয়াশিংটনে রাজনৈতিক দলগুলোর বিবাদ অর্থনৈতিক সংকট নিরসনের উদ্যোগ ব্যাহত করছে। তিনি সব দলকে সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানান।
যুক্তরাষ্ট্রে চলতি বছর এক দশমিক ছয় ট্রিলিয়ন ডলারের ঘাটতি দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব পরিস্থিতি ও ইউরোপীয় ঋণসংকটের মতো যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে বড় ধরনের ধসের আশঙ্কায় অনেক বিনিয়োগকারী স্বেচ্ছায় নিজেদের গুটিয়ে নিচ্ছেন।
এদিকে, যুক্তরাষ্ট্রের ঋণমানের ঐতিহাসিক অবনমনের পর বিনিয়োগকারীদের পুনরায় আকৃষ্ট করার জন্য ওবামার আহ্বান ঠেকাতে পারেনি শেয়ারবাজারের দরপতন। গত সোমবার বড় বড় প্রতিষ্ঠানের শেয়ারের দাম ভয়াবহভাবে পড়ে যায়। ২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর এটিই এক দিনে সবচেয়ে বড় দরপতনের ঘটনা।
এই সংকটের ফলে ব্যয় সংকোচনের পরিবর্তে যুক্তরাষ্ট্র সরকারের ঋণগ্রহণের পরিমাণ বাড়ানোর ব্যাপারে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের মধ্যে একটি সমঝোতার ইঙ্গিত পাওয়া গেছে।
ওবামা বলেন, বিত্তশালী মার্কিন নাগরিকদের কর বাড়ানো এবং রাষ্ট্রীয় স্বাস্থ্যনীতিতে পরিমিত ব্যয় সংকোচনের মধ্যে একটি সমন্বয় করার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করা সম্ভব। এএফপি।প্রথম আলো
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030