Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

তারেক মাসুদ, মিশুক মুনীর আর নেই:কাঁদো বাঙালী কাঁদো

অনলাইন ডেস্ক পঠিত: 199 বার

প্রকাশিত: August 14, 2011 | 12:59 AM

ইউএসএ নিউজ ডেস্ক: শোকের মাস আগস্ট যেন আরও শোকার্ত হয়ে উঠেছে গভীর শোকে।বাংলাদেশের গর্ব ও গৌরব দুই জ্যোতিষ্কের  অকাল বিয়োগে কাতর সাংস্কৃতিক সমাজ। এ বিদায় স্বাভাবিক নয়, তাই বড় বেশি মর্মভেদী, বড় বেশি কষ্ট-যন্ত্রণাময়। এ মৃত্যু আমরা চাই না। মেধান্বিত সৃষ্টিশীলতায় যারা জাতির অহঙ্কারকে করে তুলেছিলেন গগনস্পর্শী সেই স্বজনদের হারিয়ে দেশবাসী আজ কাঁদো। তারেক মাসুদ, মিশুক মুনীর-কি প্রাণবন্ত সৃষ্টিসুখী দু’টি নাম! আজ  ওরা কেবলই স্মৃতি! কাঁদো দেশবাসী কাঁদো।
আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সৃষ্টিশীল চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং দেশের ব্রডকাস্ট সাংবাদিকতার উজ্জ্বল নক্ষত্র ও বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মিশুক মুনীর আর নেই। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার বানিয়াজুড়ির কাছে জোকা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তারা প্রাণ হারিয়েছেন। এ সময় তাদের সঙ্গে প্রাণ হারিয়েছেন আরও ৩ জন। আহত হয়েছেন তারেক মাসুদের স্ত্রী ও চলচ্চিত্র নির্মাতা ক্যাথরিন মাসুদ সহ চার জন। ‘কাগজের ফুল’ নামের নতুন চলচ্চিত্রের শুটিং স্পট দেখে ঢাকা ফেরার পথে তারা ওই দুর্ঘটনার শিকার হন। তাদের বহনকারী মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৩-০৩০২) সঙ্গে বিপরীত দিক ঢাকা থেকে ছেড়ে যাওয়া চুয়াডাঙ্গাগামী ‘চুয়াডাঙ্গা বিলাস’ নামক বাসের (ঢাকা মেট্রো-ব-১৪-৪২৮৮) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান তারেক মাসুদ ও মিশুক মুনীর সহ ৫ জন। সদর থানার ওসি রইছ উদ্দিন জানান, নিহতদের মধ্যে মাইক্রোবাসের চালক মুস্তাফিজ, তারেক মাসুদের প্রোডাকশন ম্যানেজার ওয়াসিম ও কর্মী জামাল রয়েছেন। ঘটনার পর ২টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার পরপরই বাসটি ফেলে চালক পালিয়ে যায়। এতে গুরুতর আহত হন ক্যাথরিন মাসুদ, চিত্রশিল্পী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের অধ্যাপক ঢালী আল-মামুন ও তার স্ত্রী দিলারা বেগম জলি এবং তারেক মাসুদের সহকারী মনীশ রফিক। প্রথমে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হলেও পরে রাজধানীর স্কয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। এদিকে তারেক মাসুদ ও মিশুক মুনীরের মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মিডিয়া ও সাংস্কৃতিক অঙ্গনে নেমে আসে গভীর শোকের ছায়া। দেশের গৌরব এই দুই কৃতী সন্তানের নিহত হওয়ার ঘটনায় প্রেসিডেন্ট জিল্লুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন জানান, ঘটনার পরপরই সড়ক ও জনপথ অধিদপ্তরের অধীনে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৭ দিনের মধ্যে কারণ উদঘাটনের নির্দেশ দেয়া হয়েছে। সড়ক বিভাগের সচিব মোজাম্মেল হক খানকে ঘটনাস্থল পরিদর্শন করতেও বলা হয়েছে। বিকালে হাসপাতালে ময়নাতদন্ত শেষে এম্বুলেন্সযোগে নিহতদের লাশ ঢাকায় নিয়ে এসে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়। রাত ৯টার দিকে মিশুক মুনীরের লাশ তার বনানীর বাসায় নিয়ে যাওয়া হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হিমাগারে রাখা হয়।
তারেক মাসুদ: বাংলাদেশের চলচ্চিত্রকে যিনি আন্তর্জাতিক অঙ্গনে নিয়ে যেতে পেরেছিলেন, তিনি ‘মাটির ময়না’র পরিচালক তারেক মাসুদ। ফরিদপুরের ভাঙ্গার ছেলে তারেকের শিক্ষা জীবনের শুরু মাদরাসায়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি নেন তিনি। ১৯৮৯ সালে চিত্রশিল্পী এসএম সুলতানকে নিয়ে ‘আদম সুরত’ নামে একটি তথ্যচিত্র নির্মাণ করেন তারেক মাসুদ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ওপর ১৯৯৫ সালে তার নির্মিত প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ ও ‘মুক্তির কথা’ (১৯৯৬) প্রশংসিত হয় আন্তর্জাতিক অঙ্গনে। এরপর ২০০২ সালে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মাটির ময়না’ বাংলাদেশের চলচ্চিত্রকে নিয়ে যায় আন্তর্জাতিক অঙ্গনে। কান চলচ্চিত্র উৎসবে ইন্টারন্যাশনাল ক্রিটিক অ্যাওয়ার্ড অর্জন করে এই ছবি। মার্কিন বংশোদ্ভূত স্ত্রী ক্যাথরিন মাসুদ ছিলেন এই চলচ্চিত্রের সহ-পরিচালক। এরপর ‘অন্তর্যাত্রা’ (২০০৬) ও ‘রানওয়ে’ (২০১০) নামে আরও দু’টি চলচ্চিত্র নির্মাণ করেন মাসুদ ও ক্যাথরিন। ‘কাগজের ফুল’ নামে আরেকটি ছবি বানানোর কাজে হাত দিয়েছিলেন তারা। গতকাল গিয়েছিলেন লোকেশন দেখতে। কিন্তু সেই যাওয়া যে জীবনের শেষ যাওয়া হবে তা তাদের কেউই জানতেন না।
মিশুক মুনীর: ক্যামেরা ‘ডিরেক্টর’ হিসেবে কাজ করে বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি পেয়েছিলেন আশফাক মুনীর মিশুক। তিনি মিশুক মুনীর হিসেবেই ছিলেন সর্বাধিক পরিচিত। শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর ছেলে মিশুক দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে বিবিসি’র ভিডিওগ্রাহক হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বাংলাদেশের প্রথম ব্যক্তিমালিকানাধীন টিরেসট্রিয়াল টেলিভিশন একুশে টিভিতে হেড অব নিউজ অপারেশনস হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষকতাও করেছেন তিনি। সবশেষে গত বছর তিনি এটিএন নিউজে প্রধান নির্বাহী কর্মকর্তা-সিইও হিসেবে যোগ দেন। এর আগে কানাডার রিয়েল টেলিভিশনের হেড অব ব্রডকাস্ট অপারেশনস্‌ হিসেবে দীর্ঘ আট বছর কাজ করেছেন। বাংলাদেশের খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের ছবি ‘রানওয়ে’র প্রধান চিত্রগ্রাহক হিসেবে কাজ করেন মিশুক। এছাড়াও ‘রিটার্ন টু কান্দাহার’, ‘ওয়ার্ডস অব ফ্রিডম’ প্রামাণ্যচিত্রগুলোতেও কাজ করেছেন তিনি।
হাসপাতালে আহাজারি
স্টাফ রিপোর্টার: নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছার আগে থেকেই স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা মেডিকেল চত্বরে অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যায় লাশ আসার পর রাত পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ নিহতদের ঢাকা মেডিকেলের মর্গে দেখতে আসেন। রাত সোয়া ৮টার দিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ঢাকার মেয়র সাদেক হোসেন খোকাও নিহতদের দেখার জন্য মেডিকেলের মর্গে ছুটে আসেন। এ সময় নিহতদের রুহের আত্মার মাগফেরাত কামনা করে মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এমন সম্ভাবনাময় ও প্রতিভাবান ব্যক্তিত্বদের হারিয়ে জাতি অপূরণীয় ক্ষতি মুখোমুখি হলো। তিনি বলেন, যারা জাতিকে ওপরের দিকে টেনে তোলেন তারা এভাবে দুর্ঘটনার শিকার হয়ে মারা যাবেন- এটা মেনে নেয়া যায় না। তিনি দেশের অশিক্ষিত ও অদক্ষ চালকদের প্রশিক্ষিত করার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানান। এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে তিনি সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্যও সবার প্রতি আহ্বান জানান। মাহবুব-উল আলম হানিফ শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে বলেন- এ ঘটনার সুষ্ঠু তদন্ত হবে। চালকদের আরও প্রশিক্ষণের ব্যবস্থা করা এবং ট্রাফিক আইনকে যুগোপযোগী ও শক্তিশালী করার ব্যাপারে অচিরেই ব্যবস্থা নেয়া হবে। তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক ব্যক্তিও একে একে ছুটে আসেন মেডিকেলের মর্গে। এসময় তারা শোকে মূহ্যমান হয়ে যান। শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও স্বজনদের সান্ত্বনা দেন তারা। এদিকে মেডিকেল চত্বর নিহতের স্বজন ও সহকর্মীদের আহাজারিতে ভারি হয়ে ওঠে। কান্নার রোল বয়ে যায় মেডিকেল চত্বরে।
স্কয়ার হাসপাতালে তথ্যমন্ত্রী
সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি ক্যাথরিন মাসুদ, ঢালী আল মামুন ও  দিলারা বেগম জলির অবস্থা সম্পর্কে খোঁজ নিতে হাসপাতালে যান তথ্যমন্ত্রী  আবুল কালাম আজাদ। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, এ ঘটনাটি কাল (আজ)  মন্ত্রিসভার বৈঠকে উত্থাপন করা হবে।
ঘাতক বাস চালকের হদিস নেই
ডিলাক্স পরিবহনের ঘাতক বাস চালক জামির (৫০) ও গাড়ির অপর দুই স্টাফ ঘটনার  পরপরই পালিয়ে যায়। এখনও তাদের কোন সন্ধান পায়নি পুলিশ। চুয়াডাঙ্গা শহরতলি  দৌলতদিয়া এলাকার জামির দুই বছর আগে এ কোম্পানিতে যোগ দেয়। এরপর থেকে নিয়মিত  চুয়াডাঙ্গা-ঢাকা রুটে  গাড়ি চালিয়ে আসছে সে।
প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর শোক
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন নিউজ এর প্রধান নির্বাহী মিশুক  মুনীরসহ ৫ জনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট মো. জিল্লুর রহমান ও  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক শোক বার্তায় প্রেসিডেন্ট নিহতদের আত্মার  শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।  শোক বার্তায় তিনি বলেন, তারেক মাসুদের মৃত্যুতে দেশ একজন প্রখ্যাত ও মেধাবী  চলচ্চিত্র নির্মাতাকে হারালো। এছাড়া মিশুক মুনীরের মৃত্যুতে দেশ একজন  বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্বকে হারালো। এতে দেশের চলচ্চিত্র ও টেলিভিশন  শিল্পে অপূরণীয় ক্ষতি হলো। অপর এক শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা  তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ ৫ জনের মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করেছেন।  প্রধানমন্ত্রী বলেন, মাসুদ ও মুনীরের মৃত্যুতে দেশের চলচ্চিত্র শিল্পের এবং  ইলেকট্রনিক মিডিয়ার অপূরণীয় ক্ষতি হয়ে গেল। শেখ হাসিনা নিহতদের বিদেহী  আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা  জানান।

খালেদা জিয়ার শোকবার্তা

চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের সিইও মিশুক মুনীরসহ পাঁচ  জনের মর্মান্তিক মৃত্যু ও ক্যাথরিন মাসুদসহ তিন জনের গুরুতর আহত হওয়ার  ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।  গতকাল এক শোকবাণীতে তিনি বলেন, দেশের দু’জন গুণী ব্যক্তিসহ পাঁচ জনের অকাল  মৃত্যু ও তিন জনের গুরুতর আহত হওয়ার ঘটনায় দেশবাসীর মতো আমিও গভীরভাবে  ব্যথিত ও মর্মাহত। তাদের মৃত্যুতে আমি শোক প্রকাশের ভাষা হারিয়ে ফেলেছি।  আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ অনেক মানসম্পন্ন  চলচ্চিত্র নির্মাণ করে সমাজের রন্ধ্রে রন্ধ্রে লুকিয়ে থাকা  অসামঞ্জস্যগুলোকে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন। তার মৃত্যুতে এর অভাব সহজে  পূরণ হওয়ার নয়। এটিএন নিউজের সিইও মিশুক মুনীর তার সৃষ্টিশীল  কর্মপ্রক্রিয়ার মাধ্যমে মিডিয়া জগতে এক অনন্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন যা  জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। অপর এক শোকবার্তায় বিএনপির ভারপ্রাপ্ত  মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও সড়ক দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত  কামনা ও দুর্ঘটনায় গুরুতর আহতদের আশু সুস্থতা কামনা করেন। অন্যদিকে মিশুক  মুনীর ও চলচ্চিত্রকার তারেক মাসুদসহ ৫ জনের মৃত্যুতে  শোক ও দুঃখ প্রকাশ  করেছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। গতকাল এক বার্তায় দলটির সভাপতি  হাবীব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু ও সাংগঠনিক  সম্পাদক শফিউল বারী বাবু এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেছেন।

আরও যারা শোক প্রকাশ করেছেন:
চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও এটিএন  নিউজের সিইও মিশুক মুনীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের উপনেতা  সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিক্ষামন্ত্রী  নুরুল ইসলাম নাহিদ। এক শোকবার্তায় জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার  হোসেন মঞ্জু এবং মহাসচিব শেখ শহিদুল ইসলাম শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে  জেপি নেতারা সড়ক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন। শোক প্রকাশ  করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। এক  শোকবার্তায় তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের সাবেক  শিক্ষক ও সমপ্রচার বিশেষজ্ঞ আশফাক মুনীর মিশুক ও চলচ্চিত্র নির্মাতা তারেক  মাসুদের মৃত্যুতে বাংলাদেশের এক অপূরণীয় ক্ষতি হয়েছে। এছাড়াও জাতীয়  সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত  সেক্রেটারি এ টি এম আযহারুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও  সাংবাদিকতা বিভাগ,  বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশে  আওয়ামী যুবলীগের পক্ষ থেকে পৃথক শোকবার্তায় শোক প্রকাশ এবং নিহতদের আত্মার  মাগফেরাত কামনা করা হয়েছে।  মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV