৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাইডেনের
ইউএসএনিউজঅনলাইন.কম, ডেস্ক : ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিয়েছেন জো বাইডেন। স্থানীয় সময় বুধবার বেলা ১১ টা ৫০ মিনিটে শপথ নেন তিনি। নতুন প্রেসিডেন্টকে শপথ পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। জো বাইডেন দেশটির ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রেসিডেন্ট।
জো বাইডেনের পাশাপাশি নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন কমালা হ্যারিস। তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট হওয়ার গৌরব অর্জন করলেন। এছাড়া, তিনি যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশীয় ভাইস প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েই নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাইডেন। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জো বাইডেন বলেন, ‘এটা আমেরিকার দিন। এটা গণতন্ত্রের দিন। আজ কোনো প্রার্থীর বিজয় নয়, আমরা একটি কারণ উদযাপন করব। কারণটি গণতন্ত্র। মানুষের প্রার্থনা কবুল হয়েছে। মানুষের ইচ্ছার মান রাখা হয়েছে।’
ক্যাপিটলে দাঙ্গার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, ‘গণতন্ত্র মূল্যবান, গণতন্ত্র ভঙ্গুর। আর এই মুহূর্তে গণতন্ত্র জয়ী হলো।’
বাইডেনকে শপথবাক্য পাঠ করান যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস। তার আগে শপথ নেন দেশটির ইতিহাসে প্রথম নারী ভাইস-প্রেসিডেন্ট হওয়া কমলা হ্যারিস।
এর আগে, নির্ধারিত সময় সকাল ১০টার দিকেই ক্যাপিটলে পৌঁছান জো বাইডেন। এসময় তার সঙ্গে ছিলেন স্ত্রী জিল বাইডেন, কমলা হ্যারিস, কমলার স্বামী ডগ এমহফ প্রমুখ। এবার প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানটি ছিল একেবারেই অন্যরকম। এমনিতে করোনার কারণে চারদিকে সতর্কতা। ক্যাপিটল ভবনে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব পুরো পরিস্থিতিকে একেবারেই বদলে দেয়। এমন আরো ঘটনার আশঙ্কায় পুরো দেশকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়। ওয়াশিংটন ডিসিকে রীতিমতো অবরুদ্ধ করে ফেলা হয়। এরই মধ্যে গতকাল অভিষেক অনুষ্ঠানে লোকজনের উপস্থিতি ছিল নিয়ন্ত্রিত। পূর্ব ঘোষণা অনুযায়ী ছিলেন না বিদায়ী প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। যদিও বাইডেনের জন্য একটি চিঠি রেখে গেছেন তিনি। তবে সবকিছু ছাপিয়ে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠান জয় ঘোষণা করলো গণতন্ত্রের।
বাইডেনের জন্য মার্কিন রাজনীতির চূড়ায় পৌঁছানোর এই পথ মোটেও সহজ ছিল না। তিনবারের চেষ্টায় এই সাফল্য ধরা দিয়েছে তার হাতে। ১৯৮৭ এবং ২০০৮ সালে প্রেসিডেন্ট হওয়ার চেষ্টা করেছিলেন বাইডেন। দু’বারই ব্যর্থ হন। ২০২০ সালে আর নিরাশা নয়, ধরা দিয়েছে বহুল প্রত্যাশিত সেই সফলতা। বিপুল ভোটে জিতে ট্রাম্পের হাত থেকে কেড়ে নিয়েছেন হোয়াইট হাউসের নিয়ন্ত্রণ। জো বাইডেনের আবেগমাখা বক্তৃতার সময় উপস্থিত লোকজনকে অশ্রুসিক্ত হতে দেখা যায়।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের