যুক্তরাষ্ট্রে ‘প্রথম বাংলাদেশি মেয়র’ হচ্ছেন মিলবোর্নে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের রাজনীতি ও প্রশাসনে বাংলাদেশিদের উত্থানের নতুন অধ্যায়ের সূচনা ঘটতে যাচ্ছে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়া সংলগ্ন মিলবোর্ন বরোতে মেয়র পদে জয়ী হওয়ার মধ্য দিয়ে। কারণ, আসছে ১৮ মে দলীয় প্রার্থী বাছাইয়ের প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ডেমক্র্যাটিক পার্টির যে দুজন মাঠে নেমেছেন উভয়েই বাংলাদেশি-আমেরিকান। এ দুই প্রার্থী হলেন মো. নূরুল হাসান ও মাহাবুবুল তৈয়ব। নূরুল হাসান বর্তমানে মিলবোর্ন বরোর ভাইস প্রেসিডেন্ট। অপরজন হলেন একই সিটির কাউন্সিলম্যান। উভয়েই চট্টগ্রামের সন্তান।
প্রাইমারি নির্বাচনে যিনি জয়ী হবেন তিনিই ‘প্রথম বাংলাদেশি মেয়র’ হবেন বলে মন্তব্য করেছেন পেনসিলভেনিয়ায় কমিউনিটি নেতা ইবরূল হাসান চৌধুরী।

ইবরূল বলেন, “এ সিটিতে ভোটার সংখ্যা ৫৩০। এর মধ্য ৫০ জন রিপাবলিকান, বাকি সবাই ডেমক্র্যাট। অর্থাৎ ডেমক্র্যাটিক পার্টির মনোনয়ন পাবার অর্থ হলো নির্বাচনে জয়ী হওয়া। এ সিটিতে প্রায় ১৪০ জন বাংলাদেশি ভোটার। আর প্রাইমারিতে এবারই কোন আমেরিকান অথবা ভিন্ন জাতি-গোষ্ঠির কেউ মেয়র পদে মাঠে নামেননি।”
মো. নূরুল হাসান ১৫ বছর ধরে ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার’ বিভিন্ন দায়িত্ব পালনের পর বর্তমানে এর সাধারণ সম্পাদক। তিনি ‘পিপল এন টেক’ এর ফিলাডেলফিয়া ক্যাম্পাসের নির্বাহী প্রধান। অপর প্রার্থী মাহাবুবুল তৈয়বও ১৫ বছর ধরে ‘বাংলাদেশ সোসাইটি অব পেনসিলভেনিয়ার’ বিভিন্ন পদে কাজ করছেন।
পেনসিলভেনিয়ার ডেলাওয়্যার কাউন্টির দক্ষিণ-পূর্ব বিভাগে অবস্থিত মিলবোর্ন বরো। এটি হলো যুক্তরাষ্ট্রের সিটির মধ্যে সবচেয়ে ছোট। এখানে ১৫০০ লোকের বাস। আকারে ০.১ বর্গ মাইল। ১৯০৯ সালে বরোটি প্রতিষ্ঠিত হয়।
বরো অব মিলবোর্ন প্রশাসনে বর্তমান রূপ হল মেয়র-কাউন্সিল। মিলবোর্ন বরো কাউন্সিল পাঁচজন নির্বাচিত সদস্য নিয়ে গঠিত যার প্রত্যেকটিতে চার বছরের ওভারল্যাপিং মেয়াদ থাকবে। বরো কাউন্সিল সদস্য ছাড়াও মিলবোর্ন বরোর বাসিন্দারা মেয়র নির্বাচন করেন। পুলিশের সব কার্যক্রম পরিচালনার প্রাথমিক দায়িত্বসহ মেয়রের মেয়াদ চার বছর। বিডিনিউজ
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








