যুক্তরাষ্ট্রের ২৫ শহরে ছড়িয়েছে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ বিক্ষোভ

ডেস্ক : যুক্তরাষ্ট্রে ‘ওয়াল স্ট্রিট দখল করো’ বিক্ষোভ কর্মসূচি দেশজুড়ে অন্তত ২৫ টি শহরে ছড়িয়ে পড়েছে। নিউইয়র্কের গণ্ডি ছাড়িয়ে ওয়াশিংটন ডি.সি থেকে শুরু করে আলাবামা থেকে পোর্টল্যান্ড পর্যন্ত বিস্তৃতি হয়েছে এই আন্দোলন। দিন যত পার হচ্ছে তত বেশি মানুষ এই বিক্ষোভের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে। বিক্ষোভকারীরা বলছেন, হাতে গোনা কিছু ধনী মানুষ রাষ্ট্রীয় সুযোগ সুবিধা গ্রহণ করে আঙ্গুল ফুলে কলাগাছ হবে, এটা গ্রহণযোগ্য হতে পারে না। খবর সিবিএস নিউজ ও এপির।
‘ওয়াল স্ট্রিট দখল করো’ বিক্ষোভে সামিল হচ্ছে কিশোর-কিশোরী, তরুণ-তরুণী থেকে শুরু করে চাকরি থেকে অবসর নেয়া প্রবীণরাও। বিক্ষোভকারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং ডেমোক্র্যাটিক নেতা ন্যান্সি পেলোসিও। তবে কিছু রিপাবলিকান নেতা এই বিক্ষোভকে ‘মার্কিনবিরোধী’ বলে উল্লেখ করেছেন।
নিউইয়র্কে সপ্তাহ তিনেক আগে মাত্র হাতে গোনা কিছু তরুণ একত্র হয়ে শুরু করেছিলেন ‘ওয়াল স্ট্রিট দখল করো’ আন্দোলন। এরপর ধীরে ধীরে আন্দোলনের ব্যাপকতা ছড়িয়ে পড়ে। লোয়ার ম্যানহাটানে শুরু হওয়া ওই বিক্ষোভে প্রতিদিন কয়েক হাজার মানুষ যোগ দেয়। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মিছিলে যোগ দেন বড় বড় সব শ্রমিক ইউনিয়নের সদস্য ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশে যোগ দেন দ্য আমেরিকান ফেডারেশন অব স্টেট, কাউন্টি ও মিউনিসিপ্যাল এমপ্লয়িজ, কমিউনিকেশনস ওয়ার্কার্স অব আমেরিকা এবং অ্যামালগামেইটেড ট্রানজিট ইউনিয়ন ও ন্যাশনাল নার্সেস ইউনাইটেডসহ বিভিন্ন ইউনিয়নের কর্মী-সদস্যরা। আন্দোলনকারীরা বলে, পরিবার-পরিজন নিয়ে তাদের সংগ্রাম করতে হচ্ছে। নিউইয়র্কে বিক্ষোভ মিছিল করার সময় ‘চাকরি কাটছাঁট নয়’ ও ‘করপোরেট লালসা বন্ধ করো’ বক্তব্যসংবলিত প্ল্যাকার্ড বহন করে এবং ‘ওয়াল স্ট্রিট আমাদের’ বলে স্লোগান দেয়। বিক্ষোভকারীদের দাবি, ‘করপোরেট ভোগ-লালসার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা এই কর্মসূচিতে যোগ দিয়েছে। দেশের অধিকাংশ মানুষের স্বার্থ রক্ষার প্রয়োজনে ধনীদের ওপর আরো কর আরোপের দাবি করছে বিক্ষোভকারীরা। তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক কেন্দ্র ওয়াল স্ট্রিটের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো শুধু ধনীদের স্বার্থ রক্ষা করছে, যাদের পরিমাণ দেশের মোট জনসংখ্যার মাত্র ১ শতাংশ। লোয়ার ম্যানহাটানের জুকোট্টি পার্কে তাবু টাঙিয়ে অবস্থান করছে বিক্ষোভকারীরা।
নিউইয়র্ক থেকে এনা জানায়, ‘ওয়াল স্ট্রিট দখল করো’, ‘আমরা ৯৯ শতাংশ মানুষ কেন বঞ্চিত হবো’ ইত্যাদি শ্লোগানের ঢেউ সারা আমেরিকায় বিস্তৃত হলেও হোয়াইট হাউস এবং ক্যাপিটল হিল নির্বিকার -এমন অভিযোগ প্রকাশিত হয়েছে বিশ্ববিখ্যাত নিউইয়র্ক টাইমসের ৯ অক্টোবরের সম্পাদকীয়তে। নিউইয়র্ক সিটির ডাউনটাউনে ওয়াল স্ট্রিট সংলগ্ন জুকোট্টি পার্কের প্রতিবাদ ছড়িয়ে পড়েছে ওয়াশিংটন ডিসি, লসএঞ্জেলেস, বোস্টন, শিকাগো, বাল্টিমোর, ফ্লোরিডা, জর্জিয়া, টেক্সাস, মেমফিস, মিনেসোটা, সিয়াটল, কানেকটিকাট, ফিলাডেলফিয়া, নিউজার্সি নর্থ ক্যারলিনাসহ বহু শহরে সিটিতে। কলেজ-ভাসিটির হাজার হাজার ছাত্র-ছাত্রী ছাড়াও বেকার হওয়া শ্রমিক-কর্মচারিরা রাজপথে নেমেছেন। যুক্তরাষ্ট্রের বৃহত্তম শ্রমিক ইউনিয়নগুলোও ঘরে বসে নেই। সর্বত্র এক আওয়াজ, ১ শতাংশের কাছে আমরা ৯৯ শতাংশ জিম্মি হয়ে থাকবো কেন? ওয়াল স্ট্রিটের লোভী ব্যক্তিরা চুষে খাচ্ছে ৯৯ শতাংশের রক্ত। ফলে ধনী আর গরিবের ব্যবধান আকাশ চুম্বি হচ্ছে। ৯ অক্টোবর সকাল থেকেই নিউইয়র্ক সিটির ডাউনটাউন উত্তপ্ত। হাজার হাজার মানুষ রাজপথে নেমেছে ওয়াল স্ট্রিট দখল করো ব্যানার হাতে। ক্যাপিটল হিলে বসে জনপ্রতিনিধিরা ওয়াল স্ট্রিটের ধনাঢ্য ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ করে চলেছেন বলেও অভিযোগ করা হচ্ছে। টুইটারের মাধ্যমে প্রতি ঘন্টায় ১০ হাজার থেকে ১৫ হাজার আমেরিকান এ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করছে বলে নিউইয়র্ক টাইমসের সর্বশেষ সংবাদে উল্লেখ করা হয়েছে। অকুপাই ওয়াল স্ট্রিটের ফেসবুক পাতায় ৯ অক্টোবর পর্যন্ত সমর্থন করেছে প্রায় এক লাখ ৩৮ হাজার আমেরিকান।ইত্তেফাক
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes