ওয়াল স্ট্রিট বিক্ষোভের উত্তাপ ছড়িয়ে পড়েছে বাইরেও

নিউইয়র্কে ১৭ সেপ্টেম্বর কয়েকজন তরুণ একত্রিত হয়ে শুরু করেছিলেন ওয়ালস্ট্রিট দখল কর আন্দোলন। এ আন্দোলন ধীরে ধীরে ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। ক্রমেই এ বিক্ষোভের ঢেউ দেশ ছাড়িয়ে যেন এসে লেগেছে বিদেশেও। এ বিক্ষোভকে ঘিরে প্রেসিডেন্ট ওবামা যেমন মন্তব্য করেছেন, তেমনি যুক্তরাষ্ট্রের বাইরে থেকে নানা রাজনৈতিক মন্তব্য ছুড়ে দেয়া হচ্ছে। ওয়ালস্ট্রিট বিক্ষোভকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার সংবাদ সম্মেলনে বিক্ষোভের জন্য মার্কিনীদের হতাশাকেই দায়ী করেন। তিনি বলেন, আমরা অর্থনৈতিকভাবে কঠিন পরিস্থিতির সম্মুখীন, আমেরিকানরা তা অনুভব করেছে। সাম্প্রতিক বিক্ষোভ আমেরিকানদের এ হতাশারই বহিঃপ্রকাশ। সাম্প্রতিক এ বিক্ষোভ নিয়ে বিশ্ব নেতৃবৃন্দ কম যাচ্ছেন না। ইরানের শীর্ষ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার বলেছেন, এ ব্যাপক বিক্ষোভে এটিই প্রতীয়মান হয় যে, এটি গুরুতর সংকট, যাতে আমেরিকায় পুঁজিবাদের পতন ঘটবে। খামেনি দাবি করেন যে, যুক্তরাষ্ট্রে পূর্ণমাত্রায় সংকট চলছে, কারণ তার দুর্নীতির ভিত্তি আমেরিকার জনগণের কাছে ধরা পড়ে গেছে। সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে ইরান জড়িত থাকার কথা মার্কিন প্রশাসন বলার একদিন পরই খামেনি এ মন্তব্য করেন।
ওয়ালস্ট্রিটের পুঁজিবাদী ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কারণে মার্কিন অর্থনীতির এ বেহাল দশা বলে অভিযোগ করছে বিক্ষোভকারীরা। ওয়ালস্ট্রিটের কাছে লোয়ার ম্যানহাটনে রাস্তার পাশে শিবির করেছেন তারা। তাদের মতে, তারা দেশের ৯৯ শতাংশ লোকের অধিকার রক্ষায় আন্দোলন করছেন। আন্দোলনকারীরা ওয়াশিংটন স্কয়ার পার্কে শনিবার শান্তিপূর্ণ সমাবেশ করে। ম্যানহাটনের জুকোট্টি পার্কে বিক্ষোভকারীরা প্রধান কার্যালয় স্থাপন করেছে। শিবির স্থাপন করে ৩ সপ্তাহের বেশি সময় ধরে সেখানেই অবস্থান করছেন। এদিকে বুধবার নিউইয়র্ক সিটি মেয়র মাইকেল ব্লুমবার্গ জুকোট্টি পার্কে শিবির পরিদর্শন করেন। ব্লুমবার্গ তাদের বলেন, পার্কের মালিক ব্রুকফিল্ড পোপার্টিজ শুক্রবার এই পার্কটি পরিষ্কার করার পরিকল্পনা করেছে। তবে পার্কটি পরিষ্কার হলে তারা আবার ফিরে আসতে পারবে। ওয়ালস্ট্রিটের বিক্ষোভ যুক্তরাষ্ট্রের ১৫০টির বেশি শহরে ছড়িয়ে পড়েছে। নিউইয়র্ক থেকে সিয়াটল পর্যন্ত এ বিক্ষোভ ছড়িয়েছে। বিক্ষোভকারীরা বলছে, করপোরেট লোভ ও ধনী-দরিদ্রের বৈষম্যের বিরুদ্ধে তারা প্রতিবাদ জানাচ্ছে।এপি, ইত্তেফাক
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








