জাতিসংঘ মহাসচিব বান কি মুন ঢাকা যাচ্ছেন আজ

কূটনৈতিক রিপোর্টার: চার দিনের সফরে আজ ঢাকা যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর সম্মেলনে অংশ নেয়া ছাড়াও তিনি দেশের প্রত্যন্ত এলাকায় মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক কয়েকটি প্রকল্প সরজমিন ঘুরে দেখবেন। তিনি প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন সদস্যের সঙ্গে দ্বিপক্ষীয় স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে বৈঠক করবেন। আইসিডিডিআর,বি এবং ব্র্যাক-এর বিভিন্ন কর্মসূচিতে যোগ দেবেন। শান্তিরক্ষী বাহিনীতে কর্মরত অবস্থায় নিহত বাংলাদেশী সদস্যদের পরিবার-পরিজনের সঙ্গে কথা বলবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে বক্তৃতা করা ছাড়াও তাকে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ সফরের অংশ হিসেবে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হবেন তিনি।
বরণ করতে প্রস্তুত ঢাকা: দ্বিতীয়বারের মতো ঢাকায় আসা বান কি মুনকে বরণ করতে প্রস্তুত ঢাকা। ইতিমধ্যে এ সফর-সংশ্লিষ্ট সরকারি এবং বেসরকারি উদ্যোক্তা পর্যায়ের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন। তার আবাসস্থল এবং পরিদর্শন এলাকাগুলোকে বিশেষভাবে সাজানো হয়েছে। বিমানবন্দর থেকে শুরু করে তার যাতায়াত পথ, আবাসস্থল এবং পরিদর্শন এলাকাগুলোতে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। ইউনিসেফ ঢাকা অফিসের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দক্ষিণ-পূর্ব এশিয়ার তিন দেশ বাংলাদেশ, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া সফরের উদ্দেশে গতকাল নিউ ইয়র্ক ছেড়েছেন বান কি মুন। আজ সন্ধ্যা সাড়ে ৭টায় তার প্রথম গন্তব্য ঢাকায় পৌঁছবেন তিনি। বাংলাদেশে তিন দিন কাটিয়ে চতুর্থ দিন দ্বিতীয় গন্তব্য ব্যাংককের পথে রওনা হবেন। সর্বশেষ জাকার্তা ও বালি দ্বীপে ‘এভরি উওম্যান, এভরি চাইল্ড’ কর্মসূচির অধীন একাধিক প্রকল্প পরিদর্শন করে নিউ ইয়র্ক ফিরবেন। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, জাতিসংঘের অধীন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়ে সন্ধ্যায় সরকারের তরফে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরিন শারমিন চৌধুরী হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘ মহাসচিবকে অভ্যর্থনা জানাবেন। এরপর তাকে নিয়ে যাওয়া হবে হোটেল সোনারগাঁওয়ে। সেখানে সফরের পুরো সময় থাকবেন তিনি। রাতে হোটেলে আয়োজিত জাতিসংঘের অধীন প্রতিষ্ঠানগুলোর স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে নৈশভোজে যোগ দেবেন। কাল সকালে উন্নয়ন সহযোগী এবং কূটনীতিকদের সঙ্গে প্রাতঃরাশ সভায় মিলিত হবেন। এরপর হোটেল লাউঞ্জে দ্বিপক্ষীয় বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি এবং পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
জলবায়ু সম্মেলনে যোগ দেবেন: সকাল ১০টায় যোগ দেবেন জলবায়ু বিপন্ন দেশগুলোর মোর্চা ‘ক্লাইমেট ভালনারেবল ফোরামে’র তৃতীয় আন্তর্জাতিক সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনীতে। জলবায়ু বিপন্ন দেশগুলোকে সোচ্চার করতে পরিবেশ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ওই সম্মেলনের বিপন্ন মানুষের সঙ্গে একাত্মতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বান কি মুন বক্তব্য রাখবেন। পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, চলতি মাসের শেষ সপ্তাহে দক্ষিণ আফ্রিকার ডারবানে অনুষ্ঠেয় বিশ্ব জলবায়ু সম্মেলনে জলবায়ু বিপন্ন দেশগুলো যাতে একসঙ্গে তাদের অধিকারের কথা বলতে পারে সে ব্যাপারে সম্মেলনে আলোচনা হবে। সম্মেলনে সদস্য দেশগুলোর প্রতিনিধি এবং ১১ দেশের মন্ত্রী অংশ নেবেন। সম্মেলনের ঘোষণা ডারবান সম্মেলনে উপস্থাপন করা হবে। দ্বীপ ও উপকূলীয় ৩২ দেশ নিয়ে গঠিত এ সংগঠনের এবারের সম্মেলনে অস্ট্রেলিয়া, চীন, ডেনমার্ক, ইউরোপিয়ান ইউনিয়ন, ফ্রান্স, নরওয়েসহ ২৬টি দেশের প্রতিনিধি পর্যবেক্ষক থাকবেন। জাতিসংঘের বেশির ভাগ সংস্থা, দেশের বেসরকারি সংগঠন ব্র্যাক এবং বাংলাদেশ সেন্টার ফর অ্যাডভান্স স্টাডিস এই সম্মেলনে যোগ দেবে।
ই-সার্ভিস উদ্বোধন করবেন: আগামীকাল পুরো দিনই ব্যস্ত সময় কাটাবেন বান কি মুন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে বৈঠকের পর দেশের সরকারি দপ্তরগুলোর সেবা পেতে চালু করা ই-সার্ভিস সেবা কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের পরিচালক নজরুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তার কার্যালয়ের শাপলা সম্মেলন কক্ষে ই-সার্ভিস কেন্দ্র উদ্বোধন করবেন। সরকারি বিভিন্ন সেবা পেতে এর মাধ্যমে এখন থেকে জেলা, উপজেলা, ইউনিয়নের তথ্য সেবা কেন্দ্র থেকে ইন্টারনেটের মাধ্যমে এ সেবা পাওয়া যাবে। জমির দলিল, খতিয়ান, পর্চা তোলাসহ বিভিন্ন নাগরিক সেবা সর্বোচ্চ তিন কার্যদিবসের মধ্যে পাওয়া যাবে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির অর্থায়নে এক্সেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের মাধ্যমে গত দুই বছর থেকে এ প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। বিভিন্ন জেলায় এরই মধ্যে কয়েকটি ধাপে প্রকল্প বাস্তবায়ন হয়েছে। এদিনে বিকালে তিনি রাজধানীর মহাখালীস্থ আইসিডিডিআর,বি পরিদর্শনে যাবেন। রাতে তার সম্মানে রূপসী বাংলা হোটেলে পররাষ্ট্রমন্ত্রীর দেয়া নৈশভোজে যোগ দেবেন।
কমিউনিটি ক্লিনিক পরিদর্শনে মৌলভীবাজার যাবেন: মহাসচিব বান কি মুন মৌলভীবাজারের কুলাউড়ায় যাবেন কমিউনিটি ক্লিনিকের কাজ সরজমিন দেখতে। উপজেলার টিলাগাঁও ইউনিয়নের মোবারকপুর গ্রামে যাবেন তিনি। সেখানে হতদরিদ্র পরিবারের ৬০ জন সন্তানসম্ভবা মহিলার সঙ্গে কথা বলবেন। গর্ভবতী মা ও কিশোরীদের স্বাস্থ্যসেবার খোঁজখবর নিতে একটি উঠান বৈঠকে যোগ দেবেন তিনি। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিনি হেলিকপ্টারে চড়ে রওনা হবেন। ১০টা ১০ মিনিটে মোবারকপুর হেলিপ্যাডে পৌঁছাবেন। ওই কমিউনিটি ক্লিনিকে গত ১৭ই জুলাই টিলাগাঁও ইউনিয়নের পাল্লারকান্দি গ্রামের হতদরিদ্র পিয়ারুন বেগম বিনা অস্ত্রোপচারে সন্তান প্রসব করেন। কর্তৃপক্ষের দাবি- কুলাউড়ার এ ক্লিনিকটি দেশের প্রথম কমিউনিটি ক্লিনিক, যেখানে কোন ধরনের অস্ত্রোপচার ছাড়াই সাফল্যের সঙ্গে সন্তান প্রসব করাতে সক্ষম হয়েছে। এ কারণে আলোচিত এ কমিউনিটি ক্লিনিকটি বান কি মুনের পরিদর্শন তালিকায় স্থান করে নিয়েছে। কমিউনিটি ক্লিনিক পরিদর্শন এবং গর্ভবতী মায়েদের সঙ্গে স্বাস্থ্য নিয়ে মতবিনিময়ের পর ব্র্যাকের কিছু প্রোগ্রাম দেখবেন জাতিসংঘ মহাসচিব। স্থানীয় বৈদ্যশাসন গ্রামে যাবেন তিনি। দুপুরে ঢাকায় ফিরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও অর্থমন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
ঢাবি’র দেয়া ডিগ্রি গ্রহণ করবেন সন্ধ্যায়: জাতিসংঘের মহাসচিব বান কি মুনকে ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ‘ডক্টর অব লজ’ ডিগ্রি দেবে। সন্ধ্যায় এক বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে প্রেসিডেন্ট ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. জিল্লুর রহমান তাকে সম্মানসূচক এ ডিগ্রি প্রদান করবেন। সমাবর্তন অনুষ্ঠানে মহাসচিব বান কি মুন শিক্ষক-শিক্ষার্থী ও জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীতে দায়িত্ব পালনকালে নিহতদের পরিবারের সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন। এদিকে বাংলা নিউজ জানিয়েছে, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে গাজীপুরের ওই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস এবং বৃটিশ এমপি রোশনারা আলী। সোমবার শ্রীপুর উপজেলার রাজেন্দ্রপুর সেনানিবাসে শান্তি মিশনের জন্য মনোনীত সদস্যদের প্রশিক্ষণ কেন্দ্রের অনুষ্ঠানে যোগ দেবেন তারা। বিল গেটস ও রোশনারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, রাজাবাড়ী ইউনিয়নের গজারিয়া গ্রামে একটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করবেন। বিশ্বের খ্যাতিমান ব্যক্তিদের সফর সফল করতে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা প্যান বাংলাদেশ, বাংলাদেশী বেসরকারি সংস্থা দুস্থ স্বাস্থ্য কেন্দ্র (ডিএসকে) এবং সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা জরুরি সভা এবং প্রস্তুতি বৈঠকে ব্যস্ত সময় পার করছেন।
ঢাকা ছেড়ে যাবেন ১৬ই নভেম্বর: বান কি মুন আগামী ১৬ই নভেম্বর ব্যাংককের উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন। একটি বিশেষ ফ্লাইটে সকাল সাড়ে ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হবেন তিনি। ব্যাংকক থেকে ইন্দোনেশিয়া হয়ে ২০শে নভেম্বর তিনি নিউ ইয়র্ক পৌঁছবেন। মানবজমিন
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল








