জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ফাতিমা ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা ২০২২ সালের জন্য সর্বসম্মতিক্রমে ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতি নির্বাচিত হয়েছেন। ১১ জানুয়ারি জাতিসংঘ সদর দপ্তরে সংস্থাটির ৫ সদস্য বিশিষ্ট ব্যুরোর এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন জাতিসংঘে নিযুক্ত আর্জেন্টিনা, ইউক্রেন, আইসল্যান্ড এবং সিয়েরালিওনের স্থায়ী প্রতিনিধিগণ।
এই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ প্রথমবারের মতো ইউএন উইমেন নির্বাহী বোর্ডের সভাপতির দায়িত্ব গ্রহণ করল। নির্বাহী বোর্ড ইউএন উইমেনকে কৌশলগত দিক-নির্দেশনা প্রদান করে থাকে। জাতিসংঘের এই সংস্থাটি লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নের জন্য নিবেদিত। বোর্ডের সভাপতি হিসেবে বাংলাদেশ ইউএন উইমেনের কাজকে আরও বেগবান করতে অবদান রাখার সুযোগ পাবে।
উদ্বোধনী বক্তৃতায় রাষ্ট্রদূত ফাতিমা তাঁকে নির্বাচিত করার জন্য বোর্ড-সদস্যদের ধন্যবাদ জানান। সারা বিশ্বে, বিশেষ করে কোভিড-১৯ অতিমারির এই সময়ে নারী ও মেয়েরা যে সকল চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছে তা মোকাবিলায় ইউএন উইমেন এর বোর্ড সদস্যগণ বাংলাদেশের নেতৃত্বের প্রতি যে আস্থা রেখেছেন সে জন্যও তাদের ধন্যবাদ জানান বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি।
প্রদত্ত বক্তব্যে রাষ্ট্রদূত ফাতিমা বলেন,”এক মুহূর্ত বিলম্ব করার মতো সময় আমাদের হাতে নেই। আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে কোভিড এর পুনরুদ্ধারের পরিকল্পনায়ই লিঙ্গ-সমতা নিশ্চিত করা হয়েছে এবং সকল অংশীজন অর্থাৎ সরকার, বেসরকারী খাত ও এনজিওগুলো তা বাস্তবায়নে একসাথে কাজ করছে। এছাড়া ইউএন উইমেনকে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান ও সম্পদ সরবরাহ করতে হবে যাতে প্রতিষ্ঠানটি চ্যালেঞ্জ মোকাবিলার সকল প্রচেষ্টায় অগ্রভাগে থাকতে পারে”।
রাষ্ট্রদূত ফাতিমা আশ্বস্ত করেন, নতুন নির্বাহী বোর্ড চ্যালেঞ্জিং এই সময়ে ইউএন উইমেন এর কাজকে আরও এগিয়ে নিতে কঠোর পরিশ্রম করতে প্রতিশ্রুতিবদ্ধ। লিঙ্গসমতা ও নারীর ক্ষমতায়নে উল্লেখযোগ্য অবদান রাখা এবং নারী ও মেয়েদের জন্য নিবেদিত বিশ্বের শীর্ষ স্থানীয় ও চ্যাম্পিয়ন প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হওয়ার জন্য ইউএন উইমেনের প্রশংসা করেন এবং এর কাজের স্বীকৃতি প্রদান করেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি। তিনি বিশ্বব্যাপী কর্মরত ইউএন উইমেনের সকল কর্মীদের প্রতি শ্রদ্ধা জানান, যারা মহামারীরি এই চ্যালেঞ্জের মধ্যেও নিষ্ঠা, একাগ্রতা ও সাহসের সাথে তাঁদের উপর অর্পিত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।
ইউএন উইমেন এর নির্বাহী পরিচালক রাষ্ট্রদূত সিমা বাহাউস নব-নির্বাচিত সভাপতিকে স্বাগত জানান। তিনি বলেন, ইউএন উইমেন নতুন সভাপতির অভিজ্ঞতা ও প্রজ্ঞা থেকে উপকৃত হওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। মিজ বাহাউস আশাবাদ ব্যক্ত করেন যে রাষ্ট্রদূত ফাতিমা ব্যুরোর দিক নির্দেশনা প্রদানের মাধ্যমে ইউএন উইমেনের কাজে নেতৃত্ব প্রদান করবেন।
এর আগে রাষ্ট্রদূত ফাতিমা ২০২০ সালে ইউনিসেফ নির্বাহী বোর্ডের সভাপতি এবং ২০২১ সালে ইউএনডিপি/ ইউএনএফপিএ/ ইউএনওপিএস এর এক্সিকিউটিভ বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি