বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউইয়র্কে : ‘শেখ হাসিনার আগমন শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে মুখরিত জেএফকে এয়ারপোর্ট (ভিডিও সহ)
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে যোগ দিতে লন্ডন থেকে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাত সাড়ে ১০ টায় বাংলাদেশ বিমানের চার্টার্ড ফ্লাইটে নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এসময় প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আব্দুল মুহিত। দুর্যোগপূর্ণ আবহাওয়া সত্ত্বেও বিপুলসংখ্যক প্রবাসীর সমাগম ঘটেছিল জেএফকে এয়ারপোর্টে। ১৯ সেপ্টেম্বর সন্ধ্যার পর শতশত প্রবাসীর ‘শেখ হাসিনার আগমন-শুভেচ্ছা-স্বাগতম’ স্লোগানে মুখরিত ছিল নিউইয়র্কের এই এয়ারপোর্টের ৪ নম্বর টার্মিনালের মূল গেইটের সামনের এলাকা। নিরাপত্তা রক্ষীরাও ছিলেন সরব। শান্তিপূর্ণভাবে ঘণ্টা তিনেকের এই স্লোগান-র্যালি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সাফল্য কামনা করা হয়।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুবলীগ, যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশন, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীগণের সাথে ছিলেন নিউইংল্যান্ড আওয়ামী লীগ, পেনসিলভেনিয়া আওয়ামী লীগ, নিউজার্সি আওয়ামী লীগ, কানেকটিকাট আওয়ামী লীগের নেতা-কর্মীরাও।
উল্লেখ্য, রাত ১০টার পর শেখ হাসিনাকে বহনকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইট লন্ডন থেকে জেএফকে এয়ারপোর্টে অবতরণ করে। ততক্ষণ পর্যন্ত নেতা-কর্মীরা ছিলেন মুখরিত-উল্লসিত। পুরো কর্মসূচির সমন্বয়ে ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান। নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, প্রচার সম্পাদক হাজী এনাম দুলাল মিয়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট আবুল হোসেনর, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সেক্রেটারি আব্দুল কাদের মিয়া, যুক্তরাষ্ট্র যুবলীগের আহ্বায়ক তারিকুল হায়দার চৌধুরী, মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাহানারা আলী, সেক্রেটারি ফরিদা ইয়াসমীন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি মোর্শেদা জামান, পেশাজীবী সমন্বয় পরিষদের সেক্রেটারি কৃষিবিদ আশরাফুজ্জামান, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নুরুজ্জামান সর্দার, নিউইংল্যান্ড আওয়ামী লীগের সেক্রেটারি ইকবাল ইউসুফ প্রমুখ।
এ সময় জানানো হয়, ২৩ সেপ্টেম্বর শুক্রবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে শেখ হাসিনার ভাষণের সময় বাইরে শান্তি-সমাবেশ হবে। সেখানে আরো অধিকসংখ্যক প্রবাসীকে সমাগম ঘটাতে সকলের আন্তরিক সহায়তা কামনা করেন ড. সিদ্দিকুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ আয়োজিত সংবর্ধনা এবং জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
এছাড়াও তিনি জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর)-এর ফিলিপো গ্রান্ডি এবং স্লোলোভেনিয়ার প্রেসিডেন্ট বরুত পাহোরের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। পরে যোগ দেবেন জাতিসংঘে নারী নেত্রীদের প্ল্যাটফর্মেও। দিনের শেষে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আয়োজিত সংবর্ধনাতেও অংশ নিবেন প্রধানমন্ত্রী।
আগামীকাল বুধবার প্রধানমন্ত্রী বাংলাদেশ, বতসোয়ানা, স্লোভাক প্রজাতন্ত্র ও জাতিসংঘ আয়োজিত উচ্চ পর্যায়ের টেকসই আবাসনবিষয়ক এক অনুষ্ঠানে যোগ দেবেন। পরে তিনি ডব্লিউইএফের নির্বাহী পরিচালক শোয়াব ক্লাউসের সঙ্গে একটি দ্বিপক্ষীয় বৈঠক করবেন। এছাড়া গ্লোবাল ক্রাইসিস রেসপন্স গ্রুপ চ্যাম্পিয়নস মিটিংয়েও যোগ দেবেন সরকার প্রধান।
এদিন বিকেলে প্রধানমন্ত্রী জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করবেন। পরে কসোভোর প্রেসিডেন্ট ভজোসা ওসমানি-সাদ্রিউ ও ইকুয়েডরের প্রেসিডেন্ট গুইলারমো লাসো মেন্ডোজার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
এর পর বৃহস্পতিবার প্রধানমন্ত্রী অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সের(এএমআর)ওপর একটি প্রাতরাশ বৈঠকে অংশ নেবেন। তিনি আইওএমের মহাপরিচালক আন্তোনিও ভিটোরিনোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
একই সাথে তিনি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সঙ্গে উচ্চ পর্যায়ের একটি গোলটেবিল বৈঠকে যোগ দেবেন। পরে তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী সামদেচ আক্কা মোহা সেনা পাদেই টেকো হুন সেন, আইসিসির প্রসিকিউটর নিক ক্লেগ ও করিম খানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে ভাষণ দেবেন। ২৪ সেপ্টেম্বর তিনি প্রবাসী বাংলাদেশীদের নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন।
গত ১৫ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীরা।
রোববার লন্ডনের ওয়েস্ট মিনস্টার হলে রানির কফিনে শ্রদ্ধা জানান শেখ হাসিনা। সোমবার ওয়েস্টমিনস্টার অ্যাবিতে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিয়ে সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের পথে রওনা হন।
নিউ ইয়র্কের কর্মসূচি শেষে ২৫ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ওয়াশিংটন ডিসি সফর করবেন প্রধানমন্ত্রী। ২ অক্টোবর ওয়াশিংটন ডিসি থেকে রওনা হয়ে যুক্তরাজ্যে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে ২ অক্টোবর মধ্যরাতে তার দেশে পৌঁছানোর কথা রয়েছে।
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.
- New York Attorney General James Reminds New Yorkers of SNAP Work Requirements
- নিউইয়র্কে ডিজিটাল ওয়ান ট্র্যাভেলস এবং বাংলা ট্র্যাভেলস এর ইফতার মাহফিল
- রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইনক’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








