হাসানুজ্জামান সাকী : উৎক্ষেপণের আগেই বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এ ত্রুটি ধরা পড়েছে। গত সপ্তাহের এটি ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রে এসে পৌঁছালে পরীক্ষা-নিরীক্ষার পর এতে ত্রুটি ধরা পড়ে। ফলে ত্রুটি সারাতে বঙ্গবন্ধু স্যাটেলাইটকে টেক্সাসে পাঠানো হয়েছে।
গত সপ্তাহে ফ্রান্সের নির্মাতা প্রতিষ্ঠান থ্যালেস বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ওড়ানোর জন্য চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান যুক্তরাষ্ট্রের স্পেস এক্স-এর কাছে হস্তান্তর করেছে। তবে থ্যালেসের কাছ থেকে গ্রহণের পর প্রথম পরীক্ষায় এই স্যাটেলাইটের জ্বালানি চেম্বারে ত্রুটি ধরা পড়ে। ত্রুটি মেরামতে গত ৯ মার্চ এটি ফ্লোরিডা থেকে টেক্সাসের মেরামত ইউনিটে নেওয়া হয়েছে। ফলে বঙ্গবন্ধু স্যাটেলাইটের উৎক্ষেপণ ২ এপ্রিলের পরিবর্তে আরও অন্তত দু’সপ্তাহ পেছাতে পারে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনসহ (বিটিআরসি) বিভিন্ন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
বিটিআরসির চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ বলেন, ‘আসলে বঙ্গবন্ধু স্যাটেলাইট ওড়ানোর আগে শেষ মুহূর্তের পরীক্ষা-নিরীক্ষার জন্য এটি টেক্সাসে নেওয়া হয়েছে। ছোটখাটো কোনো ত্রুটি থাকলে তা দূর করে এটি শতভাগ ত্রুটিমুক্ত করে ওড়ানোর চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর জন্য স্পেস এক্স নির্ধারিত পূর্বের সম্ভাব্য তারিখ থেকে সপ্তাহ দু’য়েক বেশি সময় লাগতে পারে। তবে সার্বিকভাবে এ স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য অন্যান্য প্রস্তুতি চূড়ান্ত হয়েছে।’
বঙ্গবন্ধু স্যাটেলাইট নির্মাণ কাজ থ্যালেস শেষ করে ২০১৭ সালের অক্টোবর মাসে। এর পর গত ডিসেম্বরে এর সার্বিক পরীক্ষা-নিরীক্ষা শেষ করে ওড়ার উপযোগী ঘোষণা করা হয়। এরই মধ্যে ১৬ ডিসেম্বর ফ্লোরিডায় হ্যারিকেন ইলমা আঘাত হানলে বৈরী আবহাওয়ায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের তারিখ পিছিয়ে যায়। গত জানুয়ারি মাসে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে মোস্তাফা জব্বার সাংবাদিকদের জানান, মার্চের শেষ সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে আশা করা হচ্ছে।
পরে ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের স্পেস এক্স বিটিআরসিকে চিঠি দিয়ে জানায়, বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য ২ এপ্রিল তারিখ নির্ধারণ করা হয়েছে এবং ৩ এপ্রিল রিজার্ভ হিসেবে আরও একদিন রাখা হয়েছে। এ দিনকে ধরেই তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিমের নেতৃত্বে যুক্তরাষ্ট্র যাওয়ার জন্য ২২ সদস্যের প্রতিনিধি দলের নামে সরকারি আদেশও জারি হয়। দেশে গ্রাউন্ড স্টেশন এবং উৎক্ষেপণ উদযাপনকে স্মরণীয় করতে নানা অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতিও চলতে থাকে।
বিটিআরসি সূত্র জানায়, এরই মধ্যে গত সপ্তাহে বঙ্গবন্ধু স্যাটেলাইট ফ্রান্স থেকে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিয়ে এসে স্পেস এক্সকে হস্তান্তর করে থ্যালেস। স্পেস এক্স এটি গ্রহণের পর উৎক্ষেপণের জন্য প্রস্তুতি শুরু করে। সাধারণত প্রস্তুতি সম্পন্ন করতে তিন দফা পরীক্ষা চালানো হয়। প্রথম পরীক্ষাতেই এর জ্বালানি চেম্বারে কিছু ত্রুটি পাওয়া যায়। তা মেরামতে গত ৯ মার্চ এটি টেক্সাসে নেওয়া হয়। এখন সেখানেই এর ত্রুটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
সূত্র জানায়, স্পেস এক্স জানিয়েছে, এই ত্রুটি খুবই সামান্য। কিন্তু ক্ষুদ্রাতি ক্ষুদ্র ত্রুটি রেখেও কোনো স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় না। ফলে পরীক্ষা-নিরীক্ষার জন্য পূর্বনির্ধারিত ২ এপ্রিল এটি উৎক্ষেপণ সম্ভব হবে না। আগামী কয়েক দিনের মধ্যেই চূড়ান্ত তারিখ জানানো হবে বলে জানিয়েছে স্পেস এক্স।
২০১৫ সালের ২১ অক্টোবর বাংলাদেশ মন্ত্রিসভার একটি বিশেষ কমিটি ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’ উৎক্ষপণের জন্য স্যাটেলাইট সিস্টেম কেনার প্রস্তাবে অনুমোদন দেয়। ওই বছরের নভেম্বরে স্যাটেলাইট সিস্টেম কিনতে থেলিস অ্যালেনিয়া স্পেসের সঙ্গে চুক্তি করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা।
প্রাথমিকভাবে পাঁচ বছরের ওই চুক্তির শর্ত অনুযায়ী, উপগ্রহ নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে প্রতিষ্ঠানটি।
‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১’-এ রয়েছে ৪০টি ট্রান্সপন্ডার। যার মধ্যে ২৬টি কেইউ-ব্যান্ডের এবং ১৪টি সি-ব্যান্ডের। ওই ট্রান্সপন্ডারগুলোর মধ্যে প্রাথমিকভাবে ২০টি ব্যবহার করবে বাংলাদেশ। বাকিগুলো ভাড়া দেওয়া হবে। উপগ্রহটির গ্রাউন্ড স্টেশন বানানো হচ্ছে গাজীপুরের জয়দেবপুর ও রাঙ্গামাটির বেতবুনিয়ায়। আজকাল
উৎক্ষেপণের আগেই বঙ্গবন্ধু স্যাটেলাইটে ত্রুটি, মেরামতের জন্য টেক্সাসে : পূর্বনির্ধারিত ২ এপ্রিল উৎক্ষেপণ সম্ভব হবে না
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল