তিনি আরও বলেন, ‘এসব প্রকাশনা প্রতিষ্ঠান সব সময় নিজেদেরকে সংস্কৃতির ধারক ও বাহক বলে দাবি করে থাকে। অথচ, এরাই ছদ্মবেশি হয়ে এসব কাজ বেশি করে। আইনি পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা প্রয়োজন।’
বেঙ্গল পাবলিকেশন্সকে পাঠানো নোটিশে বলা হয়েছে, ‘এ বছরের সেপ্টেম্বরে বেঙ্গল পাবলিকেশন্স থেকে আবুল হাসনাত ও হাসান ফেরদৌসের সম্পাদনায় ‘একটি আংটির মতো তোমাকে পরেছি স্বদেশ’ শীর্ষক শহীদ কাদরীর দেশ চেতনালগ্ন নির্বাচিত কবিতার সংকলন প্রকাশ করা হয়।’ আরও বলা হয়,‘বাংলাদেশের প্রচলিত কপিরাইট আইন অনুযায়ী উত্তরাধিকার হিসেবে লেখকের সন্তান আদনান কাদরী, লেখকের কাজের স্বত্বাধিকার হবার অধিকার রাখেন। তবে এ বিষয়ে প্রয়াত শহীদ কাদরীর লেখা কবিতাগুলো ব্যবহারের জন্য ছেলে আদনান কাদরীর কোনও অনুমতি গ্রহণ করা হয়নি।’
আগামী সাত দিনের মধ্যে ‘একটি আংটির মতো তোমাকে পরেছি স্বদেশ’ শীর্ষক বইটির বিক্রয় ও বিতরণ বন্ধ করা, নতুন কপি ছাপানো থেকে বিরত থাকা এবং বিক্রিত কপির সংখ্যা জানাতে নোটিশে বলা হয়। অন্যথায় অভিযুক্তদের বিরুদ্ধে ফৌজদারী কার্যবিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।প্রসঙ্গত, একুশে পদকপ্রাপ্ত বাংলা সাহিত্যের আধুনিক কবি হিসেবে পরিচিত শহীদ কাদরী ২০১৬ সালে ২৮ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মারা যান। তার লেখা উত্তরাধিকার, তোমাকে অভিবাদন, প্রিয়তমা, কোথাও কোনও ক্রন্দন নেই, আমার চুম্বনগুলো পৌঁছে দিও- বইগুলো পাঠকদের কাছে ব্যাপকভাবে সমাদৃত।
