Saturday, 5 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন খান
সব ক্যাটাগরি

ছুটছে খেলনা গাড়ি, পিছন পিছন পুলিশ

অনলাইন ডেস্ক পঠিত: 34 বার

প্রকাশিত: March 17, 2014 | 7:11 AM

দু’বছরের মেয়েকে একটা সাদা খেলনা গাড়ি কিনে দিয়েছিলেন বাবা-মা। তবে তা দেখতে শুনতে একেবারে আসলের মতো। দু’আসনের সেই হুড খোলা গাড়িটা প্যাডেল করে সাঁই সাঁই বেগে চালাচ্ছিল জাডারিয়া মিশো। স্টিয়ারিং ঘুরিয়ে এ দিক-সে দিক। কখন যে আবাসনের বাইরে বড় রাস্তায় চলে এসেছে, খেয়াল নেই। হঠাৎই সাইরেনের আওয়াজ!

পিছু নিয়েছে পুলিশ। নীল আলোর বাতিটা জ্বলছে-নিভছে। আর তা থেকেই ভেসে আসছে সাইরেনের বিকট আওয়াজ। আরও জোরে জোরে প্যাডেল করতে শুরু করে জাডারিয়া। কিন্তু কত দূর আর পালানো যায় খুদে পায়ের জোরে। শেষমেশ ধরাই পড়ে গেল। ছোট্ট জাডারিয়ার হাতে পুলিশ ধরিয়ে দিল একটা জরিমানা-টিকিট। জোরে গাড়ি চালানোর শাস্তি।

পরে পুলিশ অফিসাররা জানালেন, কোনও এক অপরাধীর খোঁজে ফ্লোরিডার ওই অঞ্চলে এসেছিলেন। তখনই চোখে পড়ে জাডারিয়ার গাড়িটা। এক পুলিশকর্তা বললেন, “বেশ জোরে গাড়ি চালাচ্ছিল ও। ধরতেও বেশ নাস্তানাবুদ হতে হয়েছে আমাদের।” জাডারিয়া অবশ্য তেমন ভয় পায়নি। জোরে গাড়ি চালানো উচিত নয়, এটুকু বুঝিয়েই পুলিশ জরিমানা করে ছেড়ে দিয়েছে। বেশি বকাবকি করেনি।

দূরে দাঁড়িয়ে ভাইঝির গাড়ি চালানো দেখছিলেন কিথ মিশো। সব কিছু দেখেশুনে তাঁর বেশ মজাই লাগে। তিনি এগিয়ে এসে পুলিশকে অনুরোধ করেন, জাডারিয়ার সঙ্গে তাঁদের ছবি তুলবেন। একবাক্যেই রাজি পুলিশ। অমনি নানা ভঙ্গিমায় দাঁড়িয়ে পড়ে খুদে। কোনও ছবিতে পুলিশ টিকিট দিচ্ছে। কোনওটায় আবার জাডারিয়া জরিমানার টিকিট গম্ভীর হয়ে পড়ছে। আর একটায় তো বেশ কায়দা করে গাড়ির বনেটে হেলান দিয়ে দাঁড়িয়ে দু’বছরের দস্যি।

কিথই জানালেন, পুলিশ বললেই লোকে খারাপ ভাবে। কিন্তু ওদের উদ্যোগটা বেশ ভাল লেগেছিল তাঁর। তাই ছবি তুলেছিলেন। কিন্তু তখনও জানতেন না এর পর কী হতে চলেছে! ফেসবুকে দিয়ে দেন ছবিগুলো। আর তার পরই তা ছড়িয়ে পড়ে ঝড়ের গতিতে। রাতারাতি বিখ্যাত হয়ে যায় জাডারিয়া। এতটাই যে এর পর টিভিতে চলে আসে ছোট্ট মেয়েটির মুখ।

মা জুমেকিয়া মিশো ও কাকা কিথ মিশোর হাত ধরে টিভি চ্যানেলের স্টুডিওতে গিয়েছিল সে। মেয়েকে কি বকাঝকা করেছেন? জুমেকিয়া বললেন, “আমার তো এখনও ঘোর কাটছে না। জরিমানাটা দেওয়া হয়নি এখনও। দিতে হবে। কত যেন?”

“চার ডলার”, আধো আধো গলায় বলল খুদে।

সূত্র: আনন্দবাজার পত্রিকা/মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ