Wednesday, 18 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণে দোয়া ও শোকসভা: ভার্চুয়াল বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা চল চল ঢাকা চল’ স্লোগানে নিউইয়র্কের ব্রঙ্কসে শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন সংগ্রাম পরিষদের পথসভা FORMER CATHOLIC SCHOOL CONTRACTOR INDICTED FOR FALSIFYING TIME SHEETS AND STUDENT PROGRESS REPORTS New York Attorney General James Announces Creation of AI Safety, Standards, Enforcement, and Transparency Unit PM’s Adviser Zahir Uddin Swapan seeks stronger UNDP and UNFPA partnership for Bangladesh’s development priorities নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাবাজার জামে মসজিদের বহুতল ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা: পাশের ফিউনারেল হোমসহ জমি কেনার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে, এরপরই শুরু হবে নতুন ভবন নির্মাণের কাজ বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়নে ইউএনডিপি ও ইউএনএফপিএর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিউইয়র্কে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তনের দাবিতে সমাবেশ: ‘চল চল ঢাকা চল’ স্লোগানে ডিসেম্বরে দেশে ফেরার প্রত্যয় ব্যক্ত নিউ জার্সির আটলান্টিক সিটিতে নবনির্বাচিত ডেমোক্র্যাট জনপ্রতিনিধিদের বিজয় উদযাপন নিউইয়র্কে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা: ৭ নভেম্বর বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শন ও ধারাবাহিকতার উৎসবিন্দু -জহির উদ্দিন স্বপন
সব ক্যাটাগরি

নিউইয়র্কে আবাহনীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হারুনুর রশীদ স্মরণে দোয়া ও শোকসভা: ভার্চুয়াল বক্তব্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রীড়াঙ্গনে তাঁর অবদানের প্রতি গভীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: November 18, 2026 | 12:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : বাংলাদেশের প্রবীণ ক্রীড়া সংগঠক, আবাহনী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদের স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শোকসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি হারুনুর রশীদের মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গন ও আবাহনী ক্রীড়া চক্রের অপূরণীয় ক্ষতি হয়েছে উল্লেখ করে তাঁর দীর্ঘদিনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

১৭ নভেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্র আবাহনী ক্রীড়া চক্র ও শেখ কামাল স্মৃতি পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা আবাহনী প্রতিষ্ঠা ও এর বিকাশে হারুনুর রশীদের ভূমিকা, ক্রীড়া সংগঠনে তাঁর নিষ্ঠা এবং মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদানের কথা তুলে ধরেন।

শেখ কামাল স্মৃতি পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মাসুদুল হাসান, এমডির সভাপতিত্বে এবং সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আবদুর রহিম বাদশার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ঢাকা জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার সাজ্জাদ হোসেন সবুজ, ভারতে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার শাবান মাহমুদ, সাবেক জাতীয় ফুটবলার আব্দুল গাফফার, সাবেক জাতীয় অ্যাথলেট ও বাংলাদেশ সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মহিউদ্দিন দেওয়ান, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, যুক্তরাষ্ট্র আবাহনী ক্রীড়া চক্রের ওয়াহীদ কাজী এলিন, বঙ্গমাতা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. এনামুল হক এবং জাহাঙ্গীর মজুমদার প্রমুখ।

ভার্চুয়াল বক্তব্যে শেখ হাসিনা বলেন, শেখ কামালের বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে হারুনুর রশীদ ছিলেন নিরন্তর সহযোগী। তাঁর মৃত্যুতে আবাহনীসহ দেশের ক্রীড়াঙ্গন একজন নিবেদিতপ্রাণ সংগঠককে হারিয়েছে। বহুজাতিক সমাজেও আবাহনী ক্রীড়া চক্রের ঐতিহ্য ও কর্মকাণ্ড অব্যাহত রাখতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

বক্তব্যের একপর্যায়ে দেশের বর্তমান রাজনৈতিক ও আর্থসামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলেন শেখ হাসিনা। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জননিরাপত্তাহীনতা এবং নারী ও সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে উদ্বেগ প্রকাশ করেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের কথা উল্লেখ করেন তিনি। মুক্তিযোদ্ধাদের লাঞ্ছনা এবং একাত্তরের মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত ব্যক্তিদের মুক্তি নিয়েও প্রশ্ন তোলেন সাবেক প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা আরও অভিযোগ করেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে। এ পরিস্থিতি থেকে দেশকে মুক্ত করতে দেশে ও প্রবাসে থাকা সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং দেশকে আবার উন্নয়নের ধারায় ফিরিয়ে নেওয়ার পরিকল্পনার কথা উল্লেখ করে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ‘স্মার্ট বাংলাদেশে’ পরিণত করার লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত প্রবাসীদের একাংশ ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন।

অনুষ্ঠানে ঢাকা থেকে টেলিফোনে বক্তব্য দেন প্রয়াত হারুনুর রশীদের কন্যা তমা। বাবার আত্মার শান্তি কামনায় সবার কাছে দোয়া চান তিনি। আশির দশকের কিংবদন্তি জাতীয় ফুটবলার আব্দুল গাফফারও টেলিফোনে বক্তব্য দিয়ে প্রয়াত ক্রীড়া সংগঠকের সঙ্গে তাঁর স্মৃতিচারণ করেন।

মাওলানা মঈনউদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে বিশেষ মোনাজাতে মরহুম হারুনুর রশীদের রুহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।

শোকসভায় বক্তারা বলেন, হারুনুর রশীদ ছিলেন দেশের ক্রীড়াঙ্গনের একজন নিবেদিতপ্রাণ সংগঠক। আবাহনী ক্রীড়া চক্র প্রতিষ্ঠা ও এর বিকাশে তাঁর অবদান ক্রীড়াঙ্গনের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর কর্মময় জীবন ও সাংগঠনিক নিষ্ঠা ভবিষ্যৎ প্রজন্মের ক্রীড়া সংগঠকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ