Friday, 13 November 2026 |
শিরোনাম
নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক, জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে পাঁচ ওয়াক্ত ও জুমার নামাজ পুনরায় চালু নিউইয়র্কে বৃহত্তর নোয়াখালী জাতীয়তাবাদী ফ্রন্টের আত্মপ্রকাশ: সভাপতি নাসিম, সাধারণ সম্পাদক সবুজ, প্রধান উপদেষ্টা জাকির এইচ চৌধুরী নিউইয়র্কে বাংলাদেশের জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্র বিএনপির আলোচনা সভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ নিউইয়র্কে বিএনপির উদ্যোগে বাংলাদেশের বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা নিউইয়র্কে ‘রোববারের মেলা—হলিডে মার্কেট প্লেস’: প্রবাসীদের উপচে পড়া ভিড়, দেশীয় পণ্যের সমাহার; ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসা সম্প্রসারণে নতুন উদ্যোগ New York Attorney General James and Governor Hochul Improve Access to Affordable Home Internet for Vulnerable New Yorkers নিউইয়র্কে গোল্ডেন এজ হোমকেয়ারের এক দশক পূর্তি উদযাপন; প্রবীণ ও অসুস্থ মানুষের সেবায় ১০ বছরের পথচলা, আস্থা ও মানবিকতার অঙ্গীকার নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে বিএএসজের উদ্যোগে ভ্রাম্যমাণ কনস্যুলেট সেবা প্রদান
সব ক্যাটাগরি

নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধান সঞ্চিতা হক, জুনিয়র কর্মকর্তাকে দায়িত্ব দেওয়ায় অসন্তোষ উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামানের

অনলাইন ডেস্ক পঠিত: 28 বার

প্রকাশিত: November 13, 2026 | 3:13 PM

ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পেয়েছেন উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সঞ্চিতা হক। আগামী ১৩ থেকে ২২ নভেম্বর পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আইরিন খান চীনের সাংহাইয়ে কৃত্রিম বুদ্ধিমত্তার সক্ষমতা বৃদ্ধি বিষয়ক পঞ্চম সেমিনারে অংশ নিতে নিউইয়র্কের বাইরে থাকায় তাঁকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রে জানা গেছে, গত ১২ নভেম্বর নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে জাতিসংঘের সদস্য ও পর্যবেক্ষক দেশগুলোর স্থায়ী মিশনে পাঠানো এক কূটনৈতিক নোটের মাধ্যমে বিষয়টি জানানো হয়। নোটে উল্লেখ করা হয়েছে, স্থায়ী প্রতিনিধি অনুপস্থিত থাকাকালে মিশনের রাষ্ট্রদূত ও উপ-স্থায়ী প্রতিনিধি সঞ্চিতা হক ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করবেন। কূটনৈতিক পরিভাষায় এ দায়িত্বকে ‘চার্জ দ্য অ্যাফেয়ার্স অ্যাড ইন্টারিম’ বলা হয়। এ সময় মিশনের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব তাঁর ওপর ন্যস্ত থাকবে।

তবে সঞ্চিতা হককে এ দায়িত্ব দেওয়াকে কেন্দ্র করে মিশনের অভ্যন্তরে অসন্তোষের বিষয়টি সামনে এসেছে। মিশনের অপর উপ-স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত এ কে এম ওয়াহিদুজ্জামান এ সিদ্ধান্তে অসন্তুষ্ট বলে সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র দাবি করেছে। এ সময়ে নিউইয়র্কে কর্মস্থলে অনুপস্থিত থাকার জন্য তিনি ঢাকায় ছুটির আবেদন জানিয়ে চিঠি পাঠিয়েছেন বলেও সূত্র জানিয়েছে।

সূত্রের দাবি, পদমর্যাদা ও জ্যেষ্ঠতার বিবেচনায় নিজের চেয়ে জুনিয়র কর্মকর্তাকে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়ার বিষয়টি ওয়াহিদুজ্জামানের অসন্তোষের কারণ। তিনি গত ১৫ জুলাই নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে যোগ দেন। এক বছরের চুক্তিতে প্রথম গ্রেডের রাষ্ট্রদূত পদমর্যাদায় তাঁকে নিয়োগ দেওয়া হয়। এর আগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীর বিদায়ের পর মিশনের ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্বও পালন করেছিলেন তিনি।

বর্তমানে নিউইয়র্কে বাংলাদেশের স্থায়ী মিশনে দুজন উপ-স্থায়ী প্রতিনিধি দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে এ কে এম ওয়াহিদুজ্জামান উপ-স্থায়ী প্রতিনিধি-১ এবং প্রথম গ্রেডের রাষ্ট্রদূত। অন্যদিকে সঞ্চিতা হক উপ-স্থায়ী প্রতিনিধি-২ এবং তৃতীয় গ্রেডের রাষ্ট্রদূত। পদমর্যাদার এই পার্থক্যের মধ্যেই সঞ্চিতা হককে ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মিশনের অভ্যন্তরে প্রশ্ন ও অসন্তোষ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য।

উল্লেখ্য, রাষ্ট্রদূত আইরিন খান গত ২৮ আগস্ট জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সরকার তাঁকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দিয়েছে। তাঁর আগে এ পদে দায়িত্ব পালন করেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। ২০২৫ সালের ১৩ জানুয়ারি তিনি দায়িত্ব গ্রহণ করেছিলেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব নেন।

পেশাদার কূটনীতিক সঞ্চিতা হক ২০০৩ সালে বিসিএস পররাষ্ট্র ক্যাডারে যোগ দেন। দীর্ঘ কর্মজীবনে তিনি নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং ভারতের নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তরেও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
সর্বশেষ সংবাদ