নিউইয়র্কে ট্যাক্স, ইমিগ্রেশন আইন বিষয়ক সেমিনারে বিশেষজ্ঞদের নানা পরামর্শ
https://www.facebook.com/USANewsNY/videos/293037321357257/
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে বিশেষজ্ঞদের নানা পরামর্শের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ট্যাক্স, ইমিগ্রেশন ও আইন বিষয়ক ফ্রি সেমিনার। গত ১৯শে জানুয়ারী শনিবার সন্ধ্যায় সিটির জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত এ সেমিনারে বাংলাদেশি এবং মার্কিন আইনজীবী, ইমিগ্রেশন ও ট্যাক্স বিশেষজ্ঞগণ তাদের গুরুত্বপূর্ণ পরামর্শ তুলে ধরেন। প্রবাসী আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল এবং বিশিষ্ট সিপিএ ইয়াকুব এ খানের আয়োজনে এটি ছিল তাদের নবম বার্ষিক ফ্রি সেমিনার।

সেমিনারে প্যানেলিস্ট হিসেবে ছিলেন সিপিএ ইয়াকুব এ খান, অ্যাটর্নি কেন সিলভারম্যান, অ্যাটর্নি এলেন কাস, অ্যাটর্নি হাসান মালিক, অ্যাটর্নি পিটার ফিশার, অ্যাটর্নি ইলাইন, চেজ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও ব্রাঞ্চ ম্যানেজার জুবের চৌধুরী এবং এইচএবি ব্যাংকের অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট ইসমাইল আহমেদ প্রমুখ। মডারেটরের দায়িত্বে ছিলেন বিশিষ্ট আইনজীবী মোহাম্মদ এন মজুমদার মাস্টার অব ল।

সেমিনারে অন্যদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি এক্টিভিস্ট ফখরুল ইসলাম দেলোয়ার, জালাল চৌধুরী, সিপিএ জাকির চৌধুরী, রাশেদ মজুমদার প্রমুখ।

সেমিনারের বিষয় বস্তু তুলে ধরে মোহাম্মদ এন মজুমদার প্রবাসীদের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশি কমিউনিটিকে ট্যাক্স, ইমিগ্রেশনসহ আইনগত সহায়তা দিতে গত ৮ বছর ধরে সেমিনারের আয়োজন করে আসছে। সেমিনারে পরিবর্তিত ট্যাক্স ও জব অ্যাক্ট, ইমিগ্রেশন আইন, এসাইলাম, চেইন ইমিগ্রেশন, ফ্যামিলি ভিসা, ‘ডাকা’ কর্মসূচির ভবিষ্যৎ, ব্যাংক্রাপসি আইন, রিয়েল এষ্টেট, ইনস্যুরেন্স ইত্যাদির ওপর গুরুত্বপূর্ণ ও তথ্যবহুল আলোচনা করেন বিশেষজ্ঞ প্যানেলিস্টগণ। তারা অবৈধ অভিবাসীদের আইনগত পরামর্শ ছাড়াও নতুন ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে করণীয় সম্পর্কেও আলোকপাত করেন সেমিনারে। ইমিগ্রান্টদের বিভিন্ন সুযোগ-সুবিধার কথাও বলা হয় সেমিনারে। তিনি বলেন, এ সেমিনারের প্রধান উদ্দেশ্য হচ্ছে কমিউনিটিকে সচেতন করা। বাংলাদেশী অভিবাসীদের বিভিন্ন বিষয়ে আইনি জটিলতা সমাধানের প্রয়োজনীয় বিষয় তুলে ধরা। যাতে কমিউনিটির মানুষজন প্রচলিত আইন এবং বিধানের আওতায় সর্Ÿোচ্চ নাগরিক সুবিধা ভোগ করতে পারেন। সেমিনার ছাড়াও যে কোন সময় ইমিগ্রেশনসহ বিভিন্ন আইনি বিষয়ে সহায়তার জন্য তার সঙ্গে সবাইকে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
সেমিনারে সিপিএ ইয়াকুব এ খান যুক্তরাষ্ট্রে আগামী ২৮ জানুয়ারী থেকে শুরু হওয়া ট্যাক্স রিটার্নে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব এ্যাক্ট’ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পরিবর্তিত ট্যাক্স ও জব অ্যাক্ট, ট্যাক্স ফাইল, ব্যক্তিগত ও বিজনেস ট্যাক্স প্রসঙ্গ নিয়েও বিস্তারিত আলোকপাত করেন। নতুন ট্যাক্স আইনের পরিপ্রেক্ষিতে করণীয় বিষয়েও নানা পরামর্শ প্রদান করেন তিনি।

ইয়াকুব এ খান, সিপিএ বলেন, ২০১৮ ট্যাক্স বছরের নতুন কর আইনে বিভিন্ন ট্যাক্স রেট নতুন হারে ধার্য্য করা হয়েছে। উচ্চবিত্ত শিল্পপতি এবং কর্পোরেট সংস্থাগুলোকে বিপুল কর ছাড়া দেওয়া হয়েছে। অন্যদিকে চাইল্ড ট্যাক্স ক্রেডিট দ্বিগুন করা হয়েছে। আর্নড ইনকাম ক্রেডিট বাড়ানো হয়েছে। ব্যক্তিগত ট্যাক্স রেট ২% কমানো হয়েছে। স্ট্যাান্ডার্ড ডিডাকশন বিবাহিতদের ক্ষেত্রে ২৪০০০ ডলার, অবিবাহিতদের জন্য ১২০০০ ডলার এবং হেড অব হাউজহেল্ডেদের জন্য ১৮০০০ ডলার করা হয়েছে। বিভিন্ন ধরনের ব্যক্তিগত ক্ষতিপূরুণের ডিডাকশান এবং বিবিধ ২% ডিডাকশান নেয়া যাবে না। ব্যক্তিগত এক্সামশনস পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। ডিপেন্ডেট ক্রেডিট ৫০০ ডলার করা হয়েছে নন রিফান্ডেবল, শুধুমাত্র ট্যাক্স লায়বিলিটি থাকলে এ ক্রেডিট নেয়া যাবে। ২০১৯ এর ১ জানুয়ারি থেকে হেলথ ইনস্যুরেন্স না থাকলে আর পেনাল্টি গুনতে হবে না।
ইয়াকুব এ খান জানান, উত্তরাধিকারীদের সিঙ্গেল প্যারেন্ট থেকে প্রাপ্ত ১১.৪ মিলিয়ন ডলার এবং বোথ প্যারেন্ট থেকে প্রাপ্ত ২২.৮ মিলিয়ন ডলারের ট্যাক্স দিতে হবে না। প্রপার্টি ট্যাক্স ও স্টেট ট্যাক্স এবং সিটি ট্যাক্স সর্বমোট ১০,০০০ ডলারের মধ্যে লিমিটেড করা হয়েছে, বর্তমানে মর্টগেজ ইন্টারেস্ট শুধুমাত্র ৭,৫০,০০০ ডলারের মধ্যে ডিডাকশন নিতে পারবে, আর্মফোর্স ব্যতীত মুভিং খরচ ডিডাকশন থাকবে না, এলিমনি ডিডাকশন বাদ দেয়া হয়েছে, ডোনেশনের পরিমান ৫০% থেকে ৬০% করা হয়েছে; মেডিকেল এক্সপেন্স এডজাস্টেড গ্রোস ইনকামের ১০% এর পরিবর্তে ৭.৫% করা হয়েছে; কর্পোরেশনের ট্যাক্স রেট ৩৫% থেকে কমিয়ে ২১% করা হয়েছে; কিছু কিছু পার্টনারশিপ এস কর্পোরেশন অথবা সোল প্রপার্টিশীপের ক্ষেত্রে ২০% ডিডাকশন নেয়া যেতে পারে।
ইয়াকুব এ খান, সিপিএ বলেন, ২০১৭ ট্যাক্স বছরে চাইল্ড ট্যাক্স ক্রেডিট এক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ ১০০০ ডলার ছিল। যা এবার বৃদ্ধি পেয়ে হয়েছে ২০০০ ডলার। এর মধ্যে রিফান্ডেবল ক্রেডিট হচ্ছে ১৪০০ ডলার। ২০১৭ ট্যাক্স বছরে দুই সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ২০০০ ডলার। তিন বা অধিক সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ছিল ৩০০০ ডলার। এ ট্যাক্স বছরে প্রতি সন্তানের ক্ষেত্রে সর্বোচ্চ চাইল্ড ট্যাক্স ক্রেডিট ২০০০ ডলার করা হয়েছে।

ইয়াকুব এ খান, সিপিএ বলেন, ফ্যাটকা’র আওতায় বাংলাদেশী প্রবাসীদের বাংলাদেশে কিংবা বিশ্বের অন্য কোন দেশে বিনিয়োগকৃত নির্ধারিত অর্থ বা এই ধরনের বিনিয়োগ এবং তার আয় যুক্তরাষ্ট্রে ট্যাক্স ফাইলে রিপোর্ট করার বাধ্যবাধকতা রয়েছে। ফ্যাটকা এর আওতায় বাংলাদেশী প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগকৃত নির্ধারিত অর্থ বা এই ধরনের বিনিয়োগ এবং তার আয় আমেরিকার ট্যাক্স ফাইলে রিপোর্ট করতে হবে। তথ্য গোপন না করে সঠিকভাবে আয়-ব্যয়ের হিসাবসহ নির্ভূল তথ্য প্রদান করে ট্যাক্স রিটার্নের পরামর্শ দিয়ে তিনি বলেন, অন্যথায় অডিটের মুখোমুখি হওয়ার আশঙ্কা থাকবে। অডিটে কোন অনিয়ম ধরা পড়লে পেনাল্টিসহ অন্যান্য কঠোর ব্যবস্থা রয়েছে। আইআরএস এর অডিট থেকে রেহাই পেতে সকলেরই সঠিক ও নির্ভুল তথ্য পরিবেশনের মাধ্যমে ট্যাক্স রিটার্ন করা উচিত বলে মন্তব্য করেন তিনি। তবে অডিট আসলে ঘাবড়ে না গিয়ে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনালের শরনাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। প্রবাসীদের উদ্দেশ্যে সিপিএ ইয়াকুব এ খান বলেন, ট্যাক্স সংক্রান্ত যেকোন বিষয়ে পরামর্শের জন্য আমাদের দরজা সব সময় খোলা।
অন্যান্য প্যানেলিস্টরা বাংলাদেশী অভিবাসীদের বিভিন্ন বিষয়ে আইনি জটিলতা সমাধানের কিছু বিষয় তুলে ধরে বলেন, এ জন্য যাবতীয় পরামর্শ দিতে তারা প্রস্তুত। এসময় যুক্তরাষ্ট্রে ব্যবসা করে কীভাবে গ্রিন কার্ড পাওয়া যায়, পুরোনো মামলা কীভাবে পুনরুজ্জীবিত করে গ্রিন কার্ড পাওয়া যায়, তা নিয়ে আলোচনা করেন। গৃহবিবাদ, বিবাহ বিচ্ছেদ, সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়েও আলোচনা করেন প্যানেলিস্টরা।

বিভিন্ন বিষয়ে নানামুখি পরামর্শ তুলে ধরে আইনী বিষয়ে করণীয়, ব্যাংক লোন, ব্যাংকিং-এর গুরুত্ব, ফাইনন্সিয়াল ডাটা, রিপোর্ট পর্যালোচনা সহ ব্যবসার খুটিনাটি বিষয়ে বিস্তারিত অভিজ্ঞ প্যানেলিস্টরা আলোচনা করেন। সব ক্ষেত্রে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনাল ও আইনজ্ঞদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, বেশী ফি’র ভয়ে অভিজ্ঞ সার্টিফাইড প্রফেশনাল ও আইনজ্ঞদের সহযোগিতা না নিলে চরম আর্থিক ক্ষতির ঝুঁকি থেকে যায়।

পরে আইনজীবী ও ইমিগ্রেশন বিশেষজ্ঞরা দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
সকলের জন্য উম্মুক্ত এ সেমিনারে অভিজ্ঞ ট্যাক্স ও ইমিগ্রেশন বিষয়ক আইনজীবী, সাংবাদিক কমিউনিটি এক্টিভিস্টসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। সেমিনারে উপস্থিত থাকার জন্য প্রবাসীদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন মোহাম্মদ এন মজুমদার এবং সিপিএ ইয়াকুব এ খান।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল