নিউইয়র্কে তিনদিন ব্যাপি আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত স্থানীয় সময় শুক্রবার থেকে শুরু হওয়া এই মেলা রবিবার পর্যন্ত চলবে। উদ্বোধনী দিনে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি বইমেলায় অংশ নিতে ভিড় জমান জ্যাকসন হাইটনের পিএস-৬৯ স্কুলে।
শুক্রবার বিকেলে জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা থেকে শুরু হয় মঙ্গল শোভাযাত্রা। শোভাযাত্রায় অংশ নেন আমন্ত্রিত অতিথি ও সংস্কৃতিপ্রেমী প্রবাসীরা। জ্যাকসন হাইটসের ৭৩ স্ট্রিট ও ৩৭ এভিনিউ হয়ে শোভাযাত্রা শেষ হয় মেলা প্রাঙ্গণে গিয়ে। এসময় বেলুন উড়িয়ে ও ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জনপ্রিয় কথাসাহিত্যক সেলিনা হোসেন। অন্যদের মধ্যে এসময় উপস্থিত ছিলেন নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল মো. শামীম আহসান, সাহিত্যিক ও সাংবাদিক আনিসুল হক, নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, একুশে পদকপ্রাপ্ত নাট্য ব্যক্তিত্ব জামাল উদ্দিন হোসেন, লেখক বীর মুক্তিযোদ্ধা ড. নূরান নবী, লেখক গুলতেকিন খান, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক এবং অনন্যা সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন, ছড়াকার লুত্ফর রহমান রিটন, নাজমুন নেসা পিয়ারি, আমীরুল ইসলাম, সৈয়দ আল ফারুক, ত্রিদিব চ্যাটার্জি, প্রকাশক ফরিদ আহমেদ, হুমায়ুন কবীর, অধ্যাপক আব্দুস সেলিম, ভয়েস অব আমেরিকা বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার, মেলার আহ্বায়ক হাসান ফেরদৌস, মুক্তধারার কর্ণধার বিশ্বজিৎ সাহা, সংগঠক আবদুর রহিম বাদশা প্রমুখ।
উদ্বোধনী দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোদ্ধা হিসাবে ড. ডেভিড নেইলিনকে বিশেষ সম্মাননা দেয়া হয়। তাকে মঞ্চে উত্তরীয় পরিয়ে দেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক এবং অনন্যা সম্পাদক ও প্রকাশক তাসমিমা হোসেন ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার।
উল্লেখ্য, আন্তর্জাতিক খ্যাতিধন্য এই মার্কিন চিকিত্সক ও বিজ্ঞানী একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সে বছর জুলাই মাসে মেরিল্যান্ডের বালটিমোরে পাকিস্তানী অস্ত্রবাহী জাহাজ পদ্মা বন্দরে প্রবেশ করার বিরুদ্ধে যারা বিক্ষোভে অংশ নেন, ড. নেইলিন তাদের অন্যতম ছিলেন। ১৯৬৮ সালে ঢাকার কলেরা হাসপাতালে কর্মরত অবস্থায়, তরুণ চিকিত্সক নেইলিন কলেরার প্রতিষেধক হিসাবে অরাল রিহাইড্রেশন থেরাপি আবিষ্কার করেন।
উদ্বোধনী দিনে শুক্রবার উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে ছিল নতুন প্রজন্মের অংশগ্রহণে অনুষ্ঠান ‘নতুনের কেতন’, মুক্তধারার পচিশ বছরপূর্তি উপলক্ষে আলোচনা ‘ফিরে দেখা।’ এতে অংশ নেন ড. নূরান নবী, আনিসুল হক, নামিসুন্নাহার নিনি ও ওবায়াদুল্লাহ মামুন।
রাত সোয়া ১০টায় শুরু হয় নজরুল গীতির শিল্পী ফেরদৌস আরার সঙ্গীতানুষ্ঠান। তাকে মঞ্চে পরিচয় দেন মেলার অন্যতম স্পন্সর ও বিশিষ্ট রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন।
তিন দিনব্যাপী এ উত্সবের সহযোগিতায় রয়েছে প্রাণ গ্রুপ, চ্যানেল আই, রিয়েল এস্টেট ইনভেস্টর মো. আনোয়ার হোসেন, জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকম, ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ইত্যাদি গ্রুপ, খাবার বাড়ি, আইনজীবী নাসরিন কে আহমেদ ও সাগর চাইনিজ।
বাংলা ভাষার অন্যতম প্রধান কবি একুশে পদক বিজয়ী শহীদ কাদরী এবারের মেলায় তাঁর নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।
উত্সবে সঙ্গীতানুষ্ঠানে আরো অংশ নেবেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী কমলিনী মুখোপাধ্যায় এবং আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী। এছাড়া উত্তর আমেরিকার অভিবাসী সেরা গায়ক-গায়িকা ও আবৃত্তি শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন। স্বরচিত কবিতা পাঠে অংশ নেবেন বহির্বাংলার প্রায় অর্ধ শতাধিক কবি।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল