নিউইয়র্কে তিনদিন ব্যাপি আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা ২০ মে শুরু
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : আগামী ২০, ২১ ও ২২ মে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত নিউইয়র্ক বইমেলা এ বছর ২৫ বছরে পা রাখছে। বাংলাদেশ ও পশ্চিম বাংলার বাইরে বাংলা ভাষা ও সংস্কৃতি নিয়ে তিন দিন ব্যাপি এই বৃহত্তম এ মেলায় এ বছর প্রধান অতিথি হিসাবে যোগ দিচ্ছেন বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখক সেলিনা হোসেন। অনুষ্ঠানে তিনি “লেখকের সামাজিক দায়িত্ব” এই বিষয়ে মূল ভাষণ দেবেন।
এবারের বইমেলায় একাত্তরের সহযোদ্ধা হিসাবে ড. ডেভিড নেলিনকে বিশেষ সম্মাননা প্রদর্শন করা হবে। খ্যাতনামা এই মার্কিন চিকিৎসক-বিজ্ঞানী ১৯৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ওয়াশিংটনে মুক্তিযুদ্ধের স্বপক্ষে বাংলাদেশ ইনফরমেশন সেন্টার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। সে বছর জুলাই মাসে বালটিমোরে পাকিস্তানি অস্ত্রবাহী জাহাজ পদ্মা বন্দরে প্রবেশ করার বিরুদ্ধে যারা বিক্ষোভে অংশ নেন, ড. নেলিন তাদের অন্যতম ছিলেন। ১৯৬৮ সালে ঢাকার কলেরা হাসপাতালে কর্মরত অবস্থায় তরুণ চিকিৎসক নেলিন কলেরার প্রতিষেধক হিসাবে ওরাল রিহাইড্রেশন থেরাপি আবিষ্কার করেন।
বইমেলার আয়োজকেরা জানিয়েছেন, এ বছরে বইমেলায় বাংলাদেশ থেকে আরো অংশ নিচ্ছেন, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব রামেন্দু মজমদার, কথা সাহিত্যিক আনিসুল হক, কবি গুলতেকিন খান ও দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক ও পাক্ষিক অনন্যা’র সম্পাদক তাসমিমা হোসেন। পশ্চিমবঙ্গ থেকে আসছেন কথা সাহিত্যিক রঞ্জন বন্দ্যোপাধ্যায়, কবি বীথি চট্টোপাধ্যায়, টেকনো ইন্ডিয়ার প্রধান নির্বাহী ও লেখক সত্যম রায় চৌধুরী এবং প্রকাশক ও লেখক ত্রিদিব কুমার চ্যাটার্জী।
এবারের বই মেলায় প্রথমবারের মত বাংলা ভাষা ও সাহিত্যে উল্লেখযোগ্য অবদানের জন্য একটি সাহিত্য পুরষ্কার ঘোষিত হবে। বাংলাদেশের চ্যানেল আই এর অর্থানুকুল্যে প্রতিষ্ঠিত এই পুরষ্কারের নাম মুক্তধারা/চ্যানেল আই সাহিত্য পুরষ্কার। বাংলা ভাষা ও সাহিত্যে সার্বিক অবদানের জন্য একজন লেখক এই পুরষ্কারের জন্য নির্বাচিত হবেন। পৃথিবীর যেকোন স্থান থেকেই তেমন একজন লেখক যৌথভাবে নির্বাচন করবে চ্যানেল আই ও নিউইয়র্ক বইমেলার প্রস্তুতি কমিটি। এই পুরষ্কারের মূল্যমান দুই লাখ টাকা। মেলায় চ্যানেল আই এর প্রধান নির্বাহী বিশিষ্ট লেখক ফরিদুর রেজা সাগর উপস্থিত থাকবেন। তাঁর সাথে আরো থাকবেন এই চ্যানেলের অন্যতম নির্বাহী কবি ও ছড়াকার আমিরুল ইসলাম।
মুক্তধারা ফাউন্ডেশনের কর্ণধার বিশ্বজিত সাহা জানান, উত্তর আমেরিকার কবি ও সাহিত্যিকদের অনেকেই মেলায় আসছেন বলে মুক্তধারাকে নিশ্চিত করেছেন। বাংলা ভাষার অন্যতম প্রধান কবি একুশে পদক বিজয়ী শহীদ কাদরী এবারের মেলায় তাঁর নির্বাচিত কবিতা নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন।
সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী কমলিনী মুখোপাধ্যায়, নজরুল গীতির শিল্পী ফেরদৌস আরা ও সুজিত মোস্তফা এবং আধুনিক বাংলা গানের জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী। এছাড়া উত্তর আমেরিকার অভিবাসী সেরা গায়ক-গায়িকা ও আবৃত্তি শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন। স্বরচিত কবিতা পাঠে অংশ নেবেন বহির্বাংলার প্রায় অর্ধ শতাধিক কবি।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি