নিউইয়র্কে প্রেসক্লাবের ‘থ্যাঙ্কসগীভিং ডে’র ডিনারে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার সংকল্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্য দিয়ে প্রবাসী-বাংলাদেশীদের সেবার পাশাপাশি বাংলাদেশের সার্বিক কল্যাণে একযোগে কাজ করার সংকল্প ব্যক্ত করা হলো ‘থ্যাঙ্কসগীভিং ডে’র বর্ণাঢ্য আয়োজনে। নিউইয়র্কে কর্মরত সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’-এর উদ্যোগে ২৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে প্রিন্স ক্বাবাব রেস্টুরেন্টের মিলনায়তনে বাঙালির নবান্নের উৎসবের ন্যায় ‘থ্যাঙ্কসগীভিং ডে’ উপলক্ষে প্রেসক্লাবের এ আয়োজনে প্রধান অতিথি ছিলেন আরএলবি গ্রুপ অব কর্পোরেশনের প্রেসিডেন্ট এবং মূলধারার ব্যবসায়ী আকতার হোসেন বাদল। ডেমক্র্যাটিক পার্টির সংগঠক বাদল তার বক্তব্যে বলেন, ‘আমেরিকার স্বপ্ন পূরণে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বহুজাতিক এ সমাজে নিজেদের অধিকার ও মর্যাদা সুরক্ষার জন্যে মার্কিন প্রশাসনের সাথে সম্পর্ক ঘনিষ্ঠ করতে মূলধারার রাজনীতির বিকল্প নেই। সে পথে এগুনোর স্বার্থে প্রেসক্লাবের এ আয়োজন অপরিসীম ভ’মিকা রাখবে।’
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গণবিরোধী কিছু পদক্ষেপের কঠোর সমালোচনা করেন তরুণ এই ব্যবসায়ী ও ডেমক্র্যাটিক পার্টির সংগঠক বাদল বলেন, ‘প্রকৃতি ও সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে ১৬২১ খ্রিস্টাব্দে চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদনকারি আমেরিকান-কৃষকেরা খাদ্য রান্না করে সম্মিলিত ভোজে মিলিত হন। সেই ধারাকে প্রাতিষ্ঠানিকতা দিয়েছেন দুই শতাধিক বছর পর ১৮৬৩ সালে গৃহযুদ্ধ চলাকালে। সে সময়ের প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন নভেম্বরের তৃতীয় সপ্তাহের বৃহস্পতিবারকে ‘থ্যাঙ্কসগীভিং ডে’ হিসেবে রাষ্ট্রীয় ফরমান জারি করেছেন। সেই দিবস উপলক্ষে আজ আমরা সংঘবদ্ধ হয়ে ‘টারকি’ (বিশেষ ধরনের মুরগী) খেতে সক্ষম হলেও প্রেসিডেন্ট ট্রাম্পের নিষ্ঠুর নির্দেশের বলি হয়েছেন শতশত বাংলাদেশীসহ অর্ধ লক্ষাধিক অবৈধ অভিবাসী। এসব অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ায় তাদের স্ত্রী-সন্তানেরা এখন অবর্ণনীয় দুর্দশায় নিপতিত হয়েছেন। থ্যাঙ্কসগীভিংয়ের আমেজ মলিন হয়ে পড়েছে ঐসব পরিবারে। আমাদেরকে শপথ নিতে হবে, সামনের বছরের থ্যাঙ্কসগীভিং ডে’র আগে অনুষ্ঠিত মধ্যবর্তী নির্বাচনে যেন ট্রাম্পের রিপাবলিকান দলের কংগ্রেসে ধস নামাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার।’
এ অনুষ্ঠানে সম্মানীত অতিথি ছিলেন নিউইয়র্ক সিটি মেয়রের অভিবাসন বিষয়ক দফতরের সমন্বয়কারি নাঈমা সুলতানা। তিনি বলেন, ‘প্রবাসী বাংলাদেশীদের সঠিক দিক-নির্দেশনা প্রদানে মিডিয়ার গুরুত্ব অপরিসীম। সিটি মেয়র অফিসে বিদ্যমান সুযোগ-সুবিধা আদায়ের ক্ষেত্রেও মিডিয়াকে জোরালো ভূমিকায় অবতীর্ণ হতে হবে।’
এ উপলক্ষে ৩টি টারকি আনুষ্ঠানিকভাবে কাটার আগে প্রেসক্লাবের সভাপতি ও মুক্তিযোদ্ধা লাবলু আনসার বলেন, ‘বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মধ্যদিয়েই প্রবাসী বাংলাদেশীদের এগিয়ে নিতে নিরন্তরভাবে কাজ করছেন ক্লাবের সদস্যরা। এক্ষেত্রে কম্যুনিটি লিডারদেরও সর্বাত্মক সহায়তা পাওয়া যাচ্ছে।’ এ সময় থ্যাঙ্কসগীভিং ডে’র জন্যে গঠিত কমিটির আহবায়ক রাশেদ আহমেদ (চ্যানেল আই) এবং সদস্য-সচিব আজিমউদ্দিন অভি (বাংলা ভিশন)ও সকলকে ধন্যবাদ জানান অনুষ্ঠান সফল করার জন্যে।
অনুষ্ঠানে ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মীর ই ওয়াজিদ শিবলী, কোষাধ্যক্ষ আবুল কাশেম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রিজু মোহাম্মদ, নির্বাহী সদস্য আশরাফুল হাসান বুলবুল এবং কানু দত্ত, নির্বাচন কমিশনের অন্যতম সদস্য আকবর হায়দার কিরণ, ক্লাবের সিনিয়র সদস্য মিজানুর রহমান, মো. শহীদুল্লাহ, সাজ্জাদ হোসেন, পপি চৌধুরী, তপন চৌধুরী, জামান তপন প্রমুখ ছিলেন অতিথি আপ্যায়নে। কম্যুনিটি নেতৃবৃন্দের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, নির্মাণ ব্যবসায়ী নজরুল ইসলাম বাবুল, ইনাইটেড ট্যাক্সি ওয়ার্কার্স ফোরামের নেতা ওসমান চৌধুরী, ডেমক্র্যাটিক লীগের প্রেসিডেন্ট খোরশেদ খন্দকার, জামালপুর জেলা সমিতির নেতা শাহীন খান, বাংলাদেশ সোসাইটির নেতা সাদী মিন্টু, সাবেক ছাত্রনেতা ও ব্যবসায়ী জসীমউদ্দিন, মার্শাল মুরাদ প্রমুখ। উল্লেখ্য, ক্লাবের সদস্যরা ছিলেন সপরিবারে। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল