নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বিএনপির সংবাদ সম্মেলনে ‘ভারতের সাথে গোলামির চুক্তি’র অভিযোগ
এনআরবি নিউজ, নিউইয়র্ক : ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে গিয়ে বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার চুক্তি করেছেন। অনেক রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আজ শেখ হাসিনার ব্যক্তিস্বার্থে বিপন্ন’-এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা। ৮ এপ্রিল শনিবার সন্ধ্যায় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে চাংপাই চায়নিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ প্রশ্নোত্তর পর্বে আরো উল্লেখ করেন, ‘চীনের সাথে প্রতিরক্ষা চুক্তি করার মধ্যে অপরাধ বা অন্যায় দেখি না। কারণ, চীন হচ্ছে বাংলাদেশ থেকে অনেক দুরে। অপরদিকে, বাংলাদেশের ৩ পাশেই ভারতের অবস্থান। তাই ভারতের সাথে প্রতিরক্ষা চুক্তির অর্থ হচ্ছে বাংলাদেশের ন্যূনতম সার্বভৌমত্বও বিকিয়ে দেয়ার সামিল।’ সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্য উপস্থাপন করেন গিয়াস আহমেদ।
গিয়াস আহমেদ আরো বলেন, ‘ভারতের সাথে কি ধরনের চুক্তি হচ্ছে, তা যদি আগেই সর্বসাধারণকে অবহিত করা হতো, তাহলে কোন আপত্তি উঠতো না। গোলামির চুক্তি বলেই সবকিছু গোপন রাখা হয়েছে। বাংলাদেশের মানুষ এমন চুক্তিকে কখনোই মেনে নেবে না। এর বিরুদ্ধে প্রবাস থেকে দুর্বার আন্দোলন রচনা করা হবে।’ ‘জাতিসংঘ, হোয়াইট হাউজ এবং ক্যাপিটল হিলের সামনে বিএনপির উদ্যোগে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ করার মধ্য দিয়ে দেশবিরোধী চুক্তির তথ্য আন্তর্জাতিক বন্ধুদের অবহিত করা হবে’-বলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা কামাল পাশা বাবুল।
যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন সংবাদ সম্মেলনের প্রেক্ষাপট উপস্থাপনের সময় বলেন, ‘১/১১ এর মত আবারো বিএনপির নেতৃত্বে এই নিউইয়র্ক থেকেই দেশ বিরোধী সকল অপকর্মের বিরুদ্ধে দুর্বার আন্দোলন রচনা করতে হবে। এজন্যে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, জাসাসের সর্বস্তরের নেতা-কর্মীদের বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।’ সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আজহারুল হক মিল্টন, মাহফুজুল মাওলা নান্নু, আনোয়ারুল ইসলাম, আবু সুফিয়ান, আবুল বাশার, জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সৈয়দা মাহমুদা শিরিন, সাদী মিন্টু, বিল্লাল হোসেন, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ