নিউজার্সির আটলান্টিক সিটিতে মনোজ্ঞ কবিতা সন্ধ্যা
নিউজার্সি : যুক্তরাষ্ট্রের নিউজার্সির আটলান্টিক সিটিতে অনুষ্ঠিত হলো অনুপম এক কবিতা সন্ধ্যা। গত ২৪মে, বুধবার সন্ধ্যায় সাউথ জার্সি পয়েটস কালেকটিভের উদ্যোগে স্টকটন বিশ্ববিদ্যালয়ের নোয়েস আর্টস গ্যারেজে দুই পর্বে এই কবিতা সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
নোয়েস আর্টস গ্যারেজের গ্র্যান্ড ফাদার ক্লকে সন্ধ্যা সাতটার ঘণ্টাধ্বনি বাজতেই ডায়াসে হাজির কবিতা সন্ধ্যার প্রাণভোমরা কবি এমারি ডিজিওরজিও। প্রাণোচ্ছল এই তরুণীর প্রাণবন্ত সঞ্চালনায় কবিতা সন্ধ্যার প্রথম পর্বে একে একে ঊনিশ জন কবি তাদের কবিতার ঝাঁপি খুলে বসেন। সেই ঝাঁপি থেকে একে একে বেরিয়ে আসে কবিদের অন্তরের অন্তঃস্থল থেকে উচ্চারিত পঙ্ক্তিমালা। প্রেম-ভালোবাসা, রাজনীতি, সামাজিক অসংগতি, যুদ্ধ-বিগ্রহ, দেশপ্রেমের এক অপূর্ব সংমিশ্রণ ঘটে কবিদের উচ্চারিত পঙ্ক্তিমালায়। আর তা প্রাণ ছুঁয়ে যায় মিলনায়তনে উপস্থিত কাব্যপ্রেমীদের। প্রতিটি পরিবেশনা শেষে কাব্যপ্রেমীদের তুমুল করতালিতে তার প্রমাণ মেলে। কবিতা সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মূলধারার কবি কূলের সঙ্গে কবিতা পাঠে অংশগ্রহণ করেন বাংলাদেশি বংশোদ্ভূত সুব্রত চৌধুরী ও কবিতা সন্ধ্যার সর্বকনিষ্ঠ অংশগ্রহণকারী সপ্তম গ্রেডের ছাত্র অদ্রি চৌধুরী। অদ্রি চৌধুরির নিজের লেখা ‘বসন্ত’ শিরোনামের কবিতা কাব্যপ্রেমীদের প্রশংসা কুড়োয়। আর তাই কবিতা সন্ধ্যার বিরতি পর্বে কাব্যপ্রেমীদের প্রশংসায় সে স্নাত হয়।
প্রথম পর্ব শেষে মিনিট দশেকের বিরতি। এই বিরতিতে কফি পাত্রে চুমুক দিতে দিতে কবিদের সঙ্গে কাব্যপ্রেমীদের ভাবের আদান-প্রদান ঘটে।
কবিতা সন্ধ্যার দ্বিতীয় পর্বের শুরুতে সঞ্চালক কবি এমারি ডিজিওরজিও আবারও ডায়াসে এসে দাঁড়ান। তিনি কবিতা সন্ধ্যার মূল আকর্ষণ কবি মেরিনা কারেইরার জীবনী ও তার কাব্যচর্চার সংক্ষিপ্ত বিবরণ কাব্যপ্রেমীদের সামনে উপস্থাপন করেন। তার আহ্বানে আমন্ত্রিত কবি ডায়াসে এসে দাঁড়াতেই কাব্যপ্রেমীরা তুমুল করতালিতে তাকে অভিনন্দিত করেন। কাব্যপ্রেমীদের শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রায় ঘণ্টাব্যাপী তিনি একে একে বেশ কয়েকটি কবিতা পাঠ করেন। তাঁর নান্দনিক ও শৈল্পিক পরিবেশনা কাব্যপ্রেমীদের মন ছুঁয়ে যায়, অন্যরকম এক ভালো লাগায় তারা আবিষ্ট হয়ে পড়েন।
রাত নয়টা বাজতেই কবিতা সন্ধ্যার পর্দা নামে।‘কবিতা যে প্রাণের অমিয় খোরাক’- তা আরেকবার প্রমানিত হলো এই কবিতা সন্ধ্যায়,আর তাইতো মিলনায়তন জুড়ে ছড়িয়ে থাকা ভালোলাগার রেনু গায়ে মেখেই পরিতৃপ্তির ঢেকুর তুলতে তুলতে কাব্যপ্রেমীরা ফিরে যান আপন নীড়ে।
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল
- New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion