বাঙালিরাও যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘৃণা করে -নিউইয়র্কে সংবাদ সম্মেলনে ড. নবী
জুনের মধ্যেই সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে জামাত-শিবির নিষিদ্ধ করার ঘোষণাকে স্বাগত জানিয়ে এবং সম্প্রতি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন যুক্তরাষ্ট্্রভিত্তিক ‘আইএইচএস জেনস’ কর্তৃক বাংলাদেশের ইসলামী ছাত্র শিবিরকে বিশ্বে ৩ নম্বর সশস্ত্র সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করার পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি জামাত-শিবিরকে নিষিদ্ধ করার দাবিতে ১৪ মার্চ শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ‘ইউএস কমিটি ফর সেক্যুলার এন্ড ডেমক্র্যাটিক বাংলাদেশ’ আয়োজিত এ সংবাদ সম্মেলন থেকে সংগঠনের সভাপতি ও নিউজার্সীর প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান (ডেমক্র্যাট) ড. নুরন্নবী জানান , ‘জামাত-শিবিরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করার বিস্তারিত তথ্য উল্লেখ করে ইতিমধ্যেই হোয়াইট হাউজ, কংগ্রেস, পরররাষ্ট্র মন্ত্রণালয়, জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে স্মারকলিপি প্রদান করা হয়েছে। সিনেটে পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান সিনেটর রোবার্ট ম্যানেন্ডেজের অফিসে গত সপ্তাহে এ নিয়ে বৈঠক হয়েছে। সংশ্লিষ্ট সকলকে জামাত-শিবিরের ধ্বংসাত্মক কর্মকান্ডের তথ্য জানিয়েছি। একইসাথে একাত্তরে গণহত্যার সাথে এই সংগঠনের জড়িত থাকার তথ্যও উল্লেখ করা হয়েছে।’ ড. নবী প্রবাসীদের প্রতি আহবান জানিয়েছেন জামাত-শিবিরের সাথে সকল প্রকার সম্পর্ক ছিন্ন করতে।
‘বিএনপিও যদি তার ভুল বুঝতে পেরে খুব দ্রুত জামাত-শিবিরের সম্পৃক্ততা পরিহার করতে পারে তাহলে সেটি বিএনপির জন্যে কল্যাণের হবে। কারণ, বাংলাদেশের মানুষ এখন জামাত-শিবিরের প্রকৃত চেহারা অনুধাবনে সক্ষম হয়েছে এবং বাঙালিরাও যে কোন ধরনের নাশকতামূলক কর্মকান্ড ঘৃণা করে’-বলেন ড. নবী।
জ্যাকসন হাইটসের ফুডকোর্ট মিলনায়তনে জনাকীর্ণ এ সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সেক্রেটারী ও নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাকারিয়া চৌধুরী। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হককে অভিনন্দন জানিয়ে জাকারিয়া চৌধুরী বলেন, ‘সারাবিশ্বের উপর গভীর পর্যবেক্ষণকারী সংস্থাগুলোও এখন শিবিরের সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে অবহিত। আর এই শিবিরের মুরুব্বি হচ্ছে জামাতে ইসলামী। তাই জুন পর্যন্ত আমরা অপেক্ষা করতে চাই না। স্বাধীনতার মাস এই মার্চেই জামাত-শিবির নিষিদ্ধ করে জামাত-শিবির মুক্ত বাংলাদেশে স্বাধীনতা দিবস পালন করতে চাই।’
জাকারিয়া চৌধুরী উল্লেখ করেন, ‘বাংলাদেশে জামাত-শিবির মুক্ত গ্রাম প্রতিষ্ঠার মূল কারিগর হচ্ছে কানাডায় বসবাসরত ফতেহ মোল্লাহ ওরফে হাসান মাহমুদ। ইসলাম ধর্ম সম্পর্কে অগাধ পান্ডিত্বের অধিকারী হাসান মাহমুদকে নিয়ে আমরা ২৩ মার্চ নিউইয়র্কে একটি সেমিনার করছি। সেখান থেকে ধর্মের দোহাই দিয়ে জামাত-শিবিরের ভন্ডামীর ফিরিস্তি প্রকাশ করা হবে। ধর্মপ্রাণ বাঙালিদেরকে কীভাবে বিভ্রান্ত করছে তারা সেটিও প্রমাণসহ উপস্থাপন করা হবে।’ জাকারিয়া চৌধুরী আরো বলেন, ‘একাত্তরে আলবদর, আল শামস অথবা রাজাকার ছিল-এমন ব্যক্তিরা নিউইয়র্ক অঞ্চলে অবস্থান করে তথাকথিত হিউম্যান রাইটস সংগঠনের ব্যানারে নানা কর্মকান্ড পরিচালনা করছে। এরা বাংলাদেশের ইমেজ বিপন্ন হয় এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে সুধীজনে শংকা দেখা দেয়-এমন আজগুবি সংবাদ, নিবন্ধ বিভিন্ন মিডিয়ায় প্রকাশ করছে। জামাতের অর্থে পরিচালিত মিডিয়াগুলোর এহেন জঘন্য অপপ্রচারে সাধারণ প্রবাসীরা যাতে বিভ্রান্ত না হন সে জন্যে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত সকলকে সজাগ থাকার অনুরোধ জানাচ্ছি।’
ঢাকাস্থ মার্কিন দূতাবাস এখনও জামাতে ইসলামকে মডারেট ইসলামিক এন্ড ডেমক্র্যাটিক পলিটিক্যাল পার্টি হিসেবে মনে করছে বলে উল্লেখ করে ড. নূরন্নবী বলেন, ‘গত ৬/৭ মাসের ধ্বংসাত্মক কর্মকান্ডের পরিপ্রেক্ষিতে দূতাবাস তথা স্টেট ডিপার্টমেন্টের বোধোদয় ঘটবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘জামাত-শিবিরের অর্থের উৎস বন্ধ করার পাশাপাশি জামাতের লোকজনের সকল প্রতিষ্ঠান রাষ্ট্রের নিয়ন্ত্রণে নিতে হবে। এ দাবি ১৬ কোটি বাঙালির এবং প্রবাসীদের।’
নিউইয়র্কসহ আমেরিকায় জামাত-শিবিরের ঘাঁটি রয়েছে এবং তাদের অর্থে চিহ্নিত কয়েকজন বাংলাদেশের বিরুদ্ধে লাগাতার অপপ্রচার চালাচ্ছে। এদের সম্পর্কে সজাগ থাকার আহবান জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। সংবাদ সম্মেলনে হোস্ট সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন নূরনবী কমান্ডার, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, আকবর হায়দার কিরন, মাসুদ হুসেন সিরাজী এবং আযহারুল হক লিটন।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
