বাল্টিমোরে বিজয় মিছিল!
কারা হেফাজতে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তির মৃত্যুর ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। আর এ খবরে শনিবার মার্কিন যুক্তরাষ্ট্রের বাল্টিমোর শহরের বিক্ষোভকারীরা বিজয় মিছিল বের করেছেন। সেখানে অংশ নিয়েছে হাজার হাজার মানুষ। এর আগে ফ্রিডি গ্রে (২৫) নামের ওই কৃষ্ণাঙ্গ ব্যক্তি পুলিশী হেফাজতে মৃত্যুবরণ করেন। এ ঘটনার পর পরই জড়িত পুলিশ কর্মকর্তাদের বিচারের দাবিতে অশান্ত হয়ে উঠে বাল্টিমোর। এক পর্যায়ে ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেন বাল্টিমোরের শীর্ষ কৌঁসুলি। ছয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আক্রমণ থেকে দ্বিতীয় মাত্রার হত্যার অভিযোগ আনা হয়েছে। এ খবর দিয়েছে আল জাজিরা অনলাইন। গত সপ্তাহে মেরুদ-ের আঘাতের কারণে মৃত্যুবরণ করেন গ্রে। এর আগে ১২ এপ্রিল তাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই নিষ্ঠুরতা ও সামাজিক বৈষম্যের বিরুদ্ধে ফুঁসে উঠে বাল্টিমোর। এদিকে অভিযোগ গঠনের পর শুক্রবার বিকেলে আত্মসমর্পন করেছেন ওই পুলিশ কর্মকর্তারা। তবে পরে আড়াই লাখ থেকে তিন লাখ ডলারের জামানতের বিনিময়ে সবাই মুক্তি পেয়েছেন। মেরিলেন্ড অঙ্গরাজ্যের অ্যাটর্নি মেরিলিন মসবি শুক্রবার বলেন, গ্রে’কে গ্রেপ্তার করা ছিল বেআইনি ও অযৌক্তিক। তাকে হাতকড়া, পায়ের বেড়ি পরিয়ে মাথা সামনে রেখে পুলিশের গাড়িতে করে নিয়ে যাওয়ার কারণে তার ঘাড় ভেঙ্গে যায়। এসব অভিযোগে জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে এরপর আনুষ্ঠানিক অভিযোগ গঠনের কথা ঘোষণা করেন মসবি। এর পরই বাল্টিমোরে উচ্ছ্বাস ছড়িতে পড়ে। এর আগে চারদিন ধরে একরকম অচলাবস্থাই চলছিল এ শহরটিতে। গ্রে’র শেষকৃত্যের সময় রীতিমত দাঙ্গা ও লুট শুরু হয়ে যায়। অতঃপর প্রধান কৌঁসুলির ঘোষণা পর সড়কে নাচতে শুরু করে আন্দোলনরত মানুষ। তবে কয়েকজন প্রতিবাদকারীর সঙ্গে কথা বলে জানা যায়, আদালতে গ্রের হত্যার বিচার পাওয়া যাবে কিনা, তা নিয়ে তারা সংশয়ে আছেন। ব্রায়ান ক্যাস্ট্রো নামের এক বাসিন্দা জানান, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর মানে এই নয় যে, অবিচার বন্ধ হয়ে যাবে এবং দূরীভূত হবে। বিচারিক কাঠামো আমাদের বারংবার দেখিয়েছে, আদালতে জয়ী হওয়া কখনই সম্ভব নয়। জেমস জ্যাকসন নামের এক প্রতিবাদকারী জানান, আমি মনে করি আমাদের এখন অপেক্ষা করা উচিৎ। তবে অবশ্যই এখনই দুশ্চিন্তামুক্ত থাকা যাবে না। কিন্তু আমি মনে করি, আমাদের অপেক্ষা করা উচিৎ। এবং দেখা উচিৎ কী ঘটে। বাল্টিমোরের আল জাজিরা প্রতিনিধি জানিয়েছেন, মানুষজন জড়িত পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের খবরে বিস্মিত ও খুশি। মার্কিন যুক্তরাষ্ট্রে হত্যার অভিযোগে পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন বিরল ঘটনা। তার চেয়ে আরও বিরল তাদের শাস্তির ঘটনা। তিনি এও জানিয়েছেন, অভিযুক্ত ছয়জনের মধ্যে তিনজন কৃষ্ণাঙ্গ কর্মকর্তা। তবে তা নিয়ে মানুষের মধ্যে ভাবান্তর ঘটেনি। তিনি বলেন, এখানকার মানুষ বলছে, এটা সাদা বা কালো রং-এর প্রশ্ন নয়। প্রশ্নটি হচ্ছে নীল রংটিকে নিয়ে। কেননা, এ রং-এর পোশাকই পুলিশ পরে! মানুষ আরও বলছে, পুলিশ কর্মকর্তারা কালো হোক বা সাদা, ঘটনার শিকার হয় সবসময় কৃষ্ণাঙ্গরাই। মানবজমিন
সর্বশেষ সংবাদ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!