যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলে ২ দশকে সর্বনিম্ন তাপমাত্রা
দুই দশকের মধ্যে সবচেয়ে নিচে নেমে গেছে যুক্তরাষ্ট্রের মধ্য-পশ্চিমাঞ্চলের তাপমাত্রা। বইছে তীব্র শৈত্যপ্রবাহ। এতে জনজীবন অচল হয়ে পড়েছে। তুষারপাতে ঢেকে গেছে চতুর্দিক। মেরু ঘূর্ণাবর্তের এ তীব্র শীতে দেশজুড়ে সোম ও মঙ্গল দু’দিনে অন্তত ৯ জন মারা গেছে। কয়েকদিন ধরেই উত্তর আমেরিকায় বিরাজ করছে মেরু থেকে বয়ে আসা তীব্র শৈত্যপ্রবাহ। মঙ্গলবার তা পূর্বদিকে বিস্তৃত হয়। বরফশীতল আবহাওয়ায় এখন জবুথবু গোটা যুক্তরাষ্ট্র। এমনকি মৃদুমন্দ আবহাওয়ার ফ্লোরিডাও এ থেকে রেহাই পায় নি। বিমান, রাস্তাঘাট, ট্রেন চলাচল বন্ধ হয়ে দুর্ভোগে পড়েছে প্রায় ১৯ কোটি মানুষ। যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক জনগণকে এই বিপজ্জনক শীত সম্পর্কে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বিডিনিউজ জানায়, মিনেপোলিস এবং শিকাগোয় মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্ধ রাখা হয় স্কুল। তবে বুধবার স্কুল খোলার সিদ্ধান্ত নেয় শিকাগো কর্তৃপক্ষ। ক্লেভল্যান্ডে সোমবার ১৩০ বছরের পুরোনো রেকর্ড ছাড়িয়ে তাপমাত্রা দাঁড়ায় মাইনাস ২৪ ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণের তুলনামূলক উষ্ণ আটলান্টায়ও ৪৪ বছরের মধ্যে রেকর্ড নিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে মাইনাস ১৪ ডিগ্রি সেলসিয়াস। ফ্লোরিডার উত্তরাঞ্চলে তামপাত্রাও শূন্যের কিছুটা নিচে নেমেছে। প্রচণ্ড শীতে মারা যাওয়াদের মধ্যে জর্জিয়ায় ৫১ বছর বয়স্ক এক গৃহহীন মানুষের দেহ খুঁজে পাওয়া গেছে। ম্যাসাচুসেটস-এর ওয়েস্টারপোর্টে মঙ্গলবার পাওয়া গেছে আরও দু’জনের মৃতদেহ। কলোরাডোয় তুষারধসে একটি স্কি রিসোর্টে মারা গেছে আরেকজন। বরফচাপা পড়া আরও তিনজনকে উদ্ধারের চেষ্টা চলছিল। এর আগে সোমবার শিকাগোর আশপাশের এলাকায় এবং ইন্ডিয়ানাপোলিসে শীতে ৪ জনের মৃত্যু হয়েছে। জাতীয় আবহাওয়া দপ্তর মধ্য-পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা রাতারাতি ১৪ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াস নিচে নেমে যাওয়ার আশঙ্কা করছে। মধ্য-পশ্চিমাঞ্চলের কয়েকটি এলাকায় আর্কটিক অঞ্চলের মতো নিম্ন (মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস) তাপমাত্রা বিরাজ করছে। এছাড়া, যুক্তরাষ্ট্রজুড়ে আলাবামা, জর্জিয়া, টেনিসি, আরকানসাস, মিশিগান, মেরিল্যান্ড, ওহাইও, পেনসিলভানিয়া এবং নিউ ইয়র্কসহ বিভিন্ন রাজ্যে তাপমাত্রা রেকর্ড ছাড়িয়ে গেছে। হেল, মিশিগানের মতো ছোট্ট শহরেও তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে মিনেসোটায় মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান শহরগুলোর মধ্যে শিকাগোয় তাপমাত্রা মাইনাস ১৭ ডিগ্রি সেলসিয়াস, ডেট্রয়েটে মাইনাস ১৮ ডিগ্রি সেলসিয়াস, পিটসবার্গে মাইনাস ১৫ ডিগ্রি, ওয়াশিংটনে মাইনাস ৭ ডিগ্রি এবং বোস্টনে মাইনাস ৯ ডিগ্রি সেলসিয়াস। চরম আবহাওয়ার কারণে মঙ্গলবারও প্রায় ২ হাজার ৭শ’ টি ফ্লাইট বাতিল হয়েছে। রেললাইন বরফে ঢাকা পড়ার কারণে উত্তর ইলিনয়ে রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত আটকা পড়ে শিকাগোগামী ৫শ’রও বেশি যাত্রী। যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যেই বরফশীতল তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে। কানাডাও এ চরম আবহাওয়ার দুর্ভোগ পোহাচ্ছে। অন্টারিও প্রদেশের তাপমাত্রা নেমে গেছে মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াসে। বাতিল হয়েছে শত শত ফ্লাইট। টরেন্টো এবং অটোয়ার রাস্তা বিপজ্জনক তুষারে ঢাকা পড়েছে। ঠাণ্ডা কমার লক্ষণ নেই কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্য ও উত্তর-পূর্বাংশে৷ তুষারপাতের সঙ্গে ঝড়ো হাওয়ায় বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে দু’দেশেই৷মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!