“শিশু পেলে অধিকার খুলবে নতুন বিশ্ব দ্বার” : নাচ, গান ও আবৃত্তিতে মুগ্ধ করল বিদেশি শিশুসহ বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষণার্থীরা
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : বাংলাদেশ শিশু একাডেমী প্রথমবারের মতো ২ অক্টোবর সকাল ১০.৩০ টায় শিশু একাডেমী মিলনায়তনে বাংলাদেশ শিশু একাডেমীর প্রশিক্ষণার্থী শিশুসহ আমেরিকা, ফিলিপাইন, ইন্ডিয়া, স্পেন, তুরস্ক, ইয়েমেন ও শ্রীলঙ্কার মোট ১৮ জন বিদেশি শিশুর পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, একটি নৃত্যনাট্য রক্ত দিয়ে কিনলাম এবং সুরের মূর্ছনায় বাঁশের লহরী পরিবেশন করে রাঙামাটি শিশু একাডেমীর শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কার ১৪২০ বঙ্গাব্দ শিশুসাহিত্যিক রফিকুল হক এবং ১৪২১ বঙ্গাব্দ শিশুসাহিত্যিক ঝর্ণা দাশ পুরকায়স্থকে আনুষ্ঠানিকভাবে অর্পণ করা হয়। কবি আসলাম সানীকে তার প্রিয় বাংলাদেশ বইয়ের জন্য প্রদান করা হয় ১৪১৬ বঙ্গাব্দের অগ্রণী ব্যাংক বাংলাদেশ শিশু একাডেমী শিশুসাহিত্য পুরস্কার। এ ছাড়া সৃজনকর্ম প্রতিযোগিতা, পথশিশুসহ কুমিল্লা, চট্রগ্রাম ও কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের শিশুদের হাতে আমন্ত্রিত অতিথিরা পুরস্কার তুলে দেন।
বিশ^ শিশু দিবস ২০১৭ উদযাপনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মেহের আফরোজ চুমকি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব নাছিমা বেগম এনডিসি এবং ইউনিসেফ বাংলাদেশ এর পরিকল্পনা শাখার প্রধান জনাব কার্লোস একস্তা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক জনাব আনজীর লিটন।
রফিকুল হক
সমকালীন বাংলা ছড়াসাহিত্যের অন্যতম প্রধান শিল্পী রফিকুল হক। ছয় দশক ধরে তিনি লিখে চলেছেন ছোট-বড় সবার জন্য। শব্দ, ছন্দ, বিষয়বস্তু ও আঙ্গিকের বৈচিত্র্য এবং প্রকাশভঙ্গির আন্তরিকতায় তাঁর ছড়া অনন্য। তাঁর এই প্রশংসনীয় সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তাঁকে ১৪২০ সালের বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।
রফিকুল হকের ছড়া গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য : পান্তা ভাতে ঘি, বর্গি এলো দেশে, নেবুর পাতা করমচা, ঢামেরিক, আমপাতা জোড়া জোড়া, সমকালীন ছড়া ইত্যাদি। নাটক ‘বই বই হই চই’ ও রূপকথার গল্প ‘প্রাচীন বাংলার রূপকথা’, ‘একাত্তরের বিচ্ছু বশির’ বিশেষভাবে আলোচিত।
তিনি দেশের একজন প্রবীণ শিশুসংগঠক। জাতীয় শিশু-কিশোর সংগঠন চাঁদের হাটের প্রতিষ্ঠাতা। দাদুভাই নামেই তিনি অধিক পরিচিত।
রফিকুল হক একজন জনপ্রিয় গীতিকার ও নাট্যকারও। টেলিভিশন ও বেতার মাধ্যমে তাঁর লেখা অসংখ্য নাটক ও শিশুতোষ গান দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে। মরমী সঙ্গীত শিল্পী আব্দুল আলীমের কণ্ঠে তাঁর লেখা গান ‘নাইয়ারে নায়ের বাদাম তুইলা, কোন দূরে যাও চইলা’ আজও গ্রাম বাংলার মানুষের প্রিয় গান। স্বাধীন বাংলাদেশে বাংলাদেশ টেলিভিশনের প্রথম ধারাবাহিক নাটক কৃতী নাট্যব্যক্তিত্ব মরহুম আতিকুল হক চৌধুরী প্রযোজিত ‘নতুন বাড়ি’র রচয়িতা ছিলেন তিনি। বিটিভিতে একাধারে দীর্ঘ তিন বছর প্রচারিত ছোটদের প্রিয় সাপ্তাহিক ম্যাগাজিন অনুষ্ঠান, মরহুম রফি আহমেদ সুলতান প্রযোজিত ‘অঙ্কুর’-এর রচয়িতা ও পরিচালক ছিলেন তিনি।
রফিকুল হকের জন্ম ৮ জানুয়ারি ১৯৩৭। পিতা মরহুম ইয়াছিন উদ্দিন আহম্মদ, মাতা মরহুমা রহিমা খাতুন। পৈতৃক নিবাস রংপুর শহরের কামালকাচনায়। আদিনিবাস ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার শহরে।
রফিকুল হক দীর্ঘ পাঁচ দশক ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত আছেন। উপমহাদেশে শিশু-কিশোরদের প্রথম সংবাদপত্র ‘কিশোর বাংলা’ তাঁর সম্পাদনায় ঢাকা থেকে দীর্ঘদিন প্রকাশিত হয়। এখন তিনি দৈনিক যুগান্তরের ফিচার সম্পাদক হিসেবে কর্মরত আছেন।
বাংলা শিশুসাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য রফিকুল হক ২০০৬ সালে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনুষ্ঠিত নিখিল ভারত শিশুসাহিত্য সম্মেলনে বিশেষ সম্মাননা, ২০০৫ সালে ভারতে বিহারের বিহারের রাজধানী পাটনায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে ‘স্ক্রোল অব অনার’, ১৪০৫ বঙ্গাব্দে অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কারসহ দেশ ও বিদেশে অসংখ্য পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। শিশুসাহিত্যে সামগ্রিক অবদানের জন্য ২০০৯ সালে তাঁকে বাংলা একাডেমি পুরস্কার ও ফেলোশিপে ভূষিত করা হয়।
ঝর্ণা দাশ পুরকায়স্থ
বাংলাদেশের শিশুসাহিত্যের অন্যতম প্রধান লেখক ঝর্ণা দাশ পুরকায়স্থ। পাঁচ দশকেরও বেশি সময় ধরে তিনি লিখে চলেছেন শিশু-কিশোরদের জন্য। তাঁর শিশুসাহিত্য শিশু-কিশোরদের স্বপ্ন-আবেগ-কল্পনা-ভালোবাসা কৌতূহল দুরন্তপনা ইত্যাদির এক বর্ণিল শিল্পরূপ। এই অনন্য সাহিত্য সাধনার স্বীকৃতিস্বরূপ তাঁকে ১৪২১ সালের বাংলাদেশ শিশু একাডেমী সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছে।
ঝর্ণা দাশ পুরকায়স্থের শিশুসাহিত্যের কেন্দ্রীয় অনুষঙ্গ হল দেশপ্রেম ও মুক্তিযুদ্ধ। প্রকৃতি ঘনিষ্ঠতা তাঁর রচনার অন্যতম দিক। এর পাশাপাশি বিজ্ঞান প্রযুক্তিতে উৎসাহী নবীন প্রজন্মকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করেন তিনি। শিশু মনস্তত্ত্বের স্বচ্ছ ও সাবলীর প্রকাশে উজ্জ্বল তাঁর শিশুসাহিত্য। অনুপম সহজ সরল বর্ণনা ও জীবনমুখী ভাবনা তাঁর রচনার প্রাণ। শিশুসাহিত্য ছাড়াও তাঁর রয়েছে বয়স্কজন-পাঠ্য অনেক গল্পগ্রন্থ ও উপন্যাস। আমাদের সাহিত্যের এক নিবেদিত সাধক তিনি।
ঝর্ণা দাশ পুরকায়স্থের উল্লেখযোগ্য শিশুতোষ গ্রন্থগুলো হল : ভুতু ও টুনটুনের স্বপ্ন (১৯৯১), ডালির মেম পুতুল (১৯৯৩), ইভানের কাজলা দিদি (১৯৯৪), রং মাখা শার্ট (১৯৯৫), মুশকিল আসান মামা (১৯৯৫), টুসি আমার টুসি (১৯৯৫), লালুর মুক্তিযুদ্ধ (১৯৯৭), মেঘ জোছনায় টুপুর (২০০১), টুলটুলের রঙিন বেলুন (২০০২), টক ঝাল মিষ্টি গল্প (২০০৪)।
ঝর্ণা দাশ পুরকায়স্থ একজন জনপ্রিয় গীতিকারও। টেলিভিশন ও বেতার মাধ্যমে তাঁর লেখা অসংখ্য গান দর্শক-শ্রোতাদের মুগ্ধ করেছে।
ঝর্ণা দাশ পুরকায়স্থের জন্ম ২৭ জুলাই ১৯৪৫। পিতা সুধাংশু রায় চৌধুরী ও মাতা নীলিমা রায় চৌধুরী। পৈতৃক নিবাস দাড়িয়াপাড়া, সিলেট।
সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ঝর্ণা দাশ পুরকায়স্থ সাজিদুন্নিসা খাতুন চৌধুরী সাহিত্য পদক-১৪০১, বাংলাদেশ জাতীয় সাহিত্য পরিষদ সাহিত্য ও সমাজসেবা স্বর্ণপদক ও সম্মান স্মারক-১৯৯৪, বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পদক-১৯৯৬, সিলেট লেখিকা সংঘ সাহিত্য পদক-২০০০, আশরাফ সিদ্দিকী ফাউন্ডেশন লেখিকা সাহিত্য পদক (সাহিত্য)-২০০২, এম নুরুল কাদের শিশু সাহিত্য পুরস্কার-২০০৬, অনন্যা সাহিত্য পুরস্কার-১৪১৫, নন্দিনী সাহিত্য পুরস্কার-২০০৯, অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার-১৪১০ ইত্যাদি পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। সংবাদ বিজ্ঞপ্তি
- নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
- যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত
- নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী