সাফাদির সাথে জয়ের বৈঠকের আজগুবি তথ্য ছড়িয়ে প্রকারান্তরে বিএনপির আন্তর্জাতিক ইমেজকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে
এনআরবি নিউজ, নিউইয়র্ক : বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৫তম শাহাদৎ বার্ষিকীতেও সরব হয়নি কেন্দ্রীয় অনুমোদনপ্রাপ্ত ৬ অঙ্গরাজ্য বিএনপি। তবে, যেসব অঙ্গরাজ্যে কেন্দ্রের অনুমোদিত কমিটি এখনও হয়নি, সেগুলোতে দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে গত ৩০ মে ‘জিয়াউর রহমানের শাহাদৎ বার্ষিকী’ উদযাপিত হয়েছে। উল্লেখ্য যে, কেন্দ্রের অনুমোদিত পেনসিলভেনিয়া, ওয়াশিংটন ডিসি, মিশিগান, নিউইংল্যান্ড, জর্জিয়া এবং ইলিনয় অঙ্গরাজ্য কমিটির সভাপতি, সেক্রেটারি এবং সাংগঠনিক সম্পাদকরা মাস দেড়েক আগে লন্ডনে গিয়ে বিএনপি নেতা তারেক রহমানের সাথে দীর্ঘ বৈঠক করেছেন। তারেক রহমানের কাছে কি নির্দেশ অথবা দিক-নির্দেশনা নিয়ে ফিরেছেন তা জানা না গেলেও এসব রাজ্যের একটিতেও দলীয় প্রতিষ্ঠাতার শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া-মাহফিল কিংবা আলোচনা সভা হয়নি। এ নিয়ে মাঠ পর্যায়ের নেতা-কর্মীর মধ্যে বিরূপ সমালোচনা চলছে। অনেকেই হতাশা ব্যক্ত করেছেন।
প্রচলিত রীতি অনুযায়ী সর্বপ্রথম যুক্তরাষ্ট্র শাখার কমিটি হবার কথা। পরবর্তীতে অঙ্গরাজ্য শাখা হবার কথা যুক্তরাষ্ট্র শাখার সার্বিক সমন্বয়ে। কিন্তু বছর তিনেক আগে যুক্তরাষ্ট্র শাখা ভেঙ্গে দেয়ার পর এখনও সে কমিটি হয়নি। এমনি অবস্থায় তারেক রহমানের নির্দেশে উপরোক্ত অঙ্গরাজ্যে কমিটি গঠিত হয় দলের আন্তর্জাতিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী এহসানুল হক মিলনের উপস্থিতিতে। এসব রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বিএনপির প্রতিষ্ঠালগ্ন তথা ১৯৮৭ সাল থেকে এবং সর্বশেষ কমিটিতে যারা নেতৃত্বে ছিলেন ‘তাদের সকলকেই অবজ্ঞা আর উপেক্ষা করা’ হয়েছে বলে সংশ্লিষ্টরা নিরবতা অবলম্বন করছেন। এমনকি , যুক্তরাষ্ট্র শাখার কমিটি না করা পর্যন্ত তারা কেউই বিএনপির নামে কোন কর্মসূচিতে অংশগ্রহণ থেকে বিরত রয়েছেন। যার বহি:প্রকাশ ঘটছে গত ৩ মাস যাবত। নিউইয়র্কে চিকিৎসাধীন বিএনপি নেতা সাদেক হোসেন খোকা সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানিয়েছিলেন খালেদা জিয়া এবং তারেক রহমানের বিরুদ্ধে মামলা-মোকদ্দমার প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি গ্রহণের জন্যে। শফিক রেহমানের গ্রেফতারের প্রতিবাদেও যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে কোন কর্মসূচি পালনের আহবানে কেউ সাড়া দেননি। গত মাসে অন্তত: ১০ দিন নিউইয়র্কে অবস্থান করেন বিএনপির আংশিক কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার। তিনিও চেষ্টা করে ব্যর্থ হয়েছেন। ৩০ মে শাহাদৎ বার্ষিকী উপলক্ষেও যুক্তরাষ্ট্র বিএনপির ব্যানারে কোন কর্মসূচি ছিল না নিউইয়র্কে। তবে নিউইয়র্ক অঙ্গরাজ্য, জাতীয়তাবাদি ফোরাম এবং যুক্তরাষ্ট্র যুবদলের ব্যানারে ৩টি দোয়া-মাহফিল হয়েছে। আরেকটি আলোচনা সভা হয়েছে ‘শাহাদৎ বার্ষিকী উদযাপন পরিষদ’র ব্যানারে। উল্লেখ্য, নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির কমিটি গঠনের উদ্যোগ এখনও গ্রহন করা হয়নি। তবে গত কয়েক বছর থেকেই মাওলানা অলিউল্লাহ মোহাম্মদ আতিকুর রহমান এবং সাঈদুর রহমান সাঈদের নেতৃত্বে কর্মসূচি চলছে নিউইয়র্কে। তারাই সর্বশেষ শাহাদৎ বার্ষিকী পালন করেন। ফ্লোরিডা অঙ্গরাজ্যেও শাহাদৎ বার্ষিকী উদযাপিত হয়েছে দিনাজ খানের নেতৃত্বাধীন বিএনপির উদ্যোগে। ফ্লোরিডা রাজ্যেও কেন্দ্র অনুমোদিত বিএনপির কোন কমিটি নেই। একই অবস্থা নিউজার্সী, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, কানেকটিকাট প্রভৃতি রাজ্যে।
অবস্থা দৃষ্টে মনে হচ্ছে, বিএনপির রাজনীতিতে যুক্তরাষ্ট্র শাখার কার্যক্রমের কোন প্রভাব পড়ে না বলেই এহেন প্রক্রিয়া অবলম্বন করা হয়েছে। ‘কেন্দ্রীয় নেতারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য ভ্রমণের সময় ঐসব রাজ্য কমিটির আতিথেয়তা নিশ্চিতের অভিপ্রায়ে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে’ বলে বিলুপ্ত যুক্তরাষ্ট্র বিএনপির শীর্ষ পর্যায়ের একাধিক কর্মকর্তা এনআরবি নিউজের এ সংবাদদাতার কাছে মন্তব্য করেছেন। সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুল লতিফ স¤্রাট প্রচন্ড ক্ষোভের সাথে উল্লেখ করেন, ‘১/১১ তে গঠিত কেয়ারটেকার সরকারের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ সারাবিশ্বে জনমত সৃষ্টির ক্ষেত্রে আমাদের ভ’মিকার অবমূল্যায়ন করা হচ্ছে। আমার মনে হয়, বিএনপি যাতে আর মাথা সোজা করে দাঁড়াতে না পারে সে ধরনের ষড়যন্ত্রে লিপ্তরাই যুক্তরাষ্ট্র কমিটি গঠনের বিরোধিতা করছে। এটি আত্মঘাতি বলে আমি মনে করছি।’
যুক্তরাষ্ট্র যুবদল, জাসাস, শ্রমিক দলের নেতৃবৃন্দ প্রচন্ড হতাশা ব্যক্ত করেছেন বিএনপির যুক্তরাষ্ট্র শাখা গঠনে সীমাহীন উদাসীনতা প্রদর্শনের ঘটনায়। তারাও আশংকা করছেন যে, ‘আওয়ামী লীগের পারপাস সার্ভ করার মতলবেই এ ধরনের তৎপরতা চলছে। সময় থাকতে হাই কমান্ডের বোধোদয় না ঘটলে যুক্তরাষ্ট্রের ত্যাগী কর্মীরা স্থায়ীভাবে সরে দাঁড়ালে অবাক হবাক হবার কিছুই থাকবে না।’
বিএনপির সাথে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত কয়েকজন নাম গোপন রাখার শর্তে এনআরবি নিউজকে বলেন, ‘কংগ্রেসম্যানদের স্বাক্ষর জাল কিংবা সাফাদির সাথে জয়ের বৈঠকের আজগুবি তথ্য ছড়িয়ে প্রকারান্তরে বিএনপির আন্তর্জাতিক ইমেজকেই প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এভাবে বিএনপির মত একটি রাজনৈতিক দল ঘুরে দাঁড়াতে পারবে না।’ এসব নেতৃবৃন্দ উল্লেখ করেন, ‘জাহিদ সরদার সাদী এবং জ্যাকব মিল্টনের মত লোকেরা বিএনপির ইমেজ বিপন্নে কাজ করছে ক্ষমতাসীনদের এজেন্ট হিসেবে।’ স্মরণ করা যেতে পারে, গত বছর ৬ কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করার জন্যে জাহিদ এফ সরদার সাদীকে বিএনপির চেয়ারপার্সনের বিদেশ বিষয়ক উপদেষ্টা থেকে অব্যাহতি প্রদানের সংবাদ সম্মেলনে (২০১৫ সালের ১৩ জানুয়ারি) বিএনপির ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকাও এ ধরনের মন্তব্য করেছিলেন। আরো উল্লেখ্য যে, বেগম খালেদা জিয়ার নির্দেশে সাদীকে অপসারণ করা সত্ত্বেও লন্ডনে বসবাসরত তারেক রহমানের উপদেষ্টা টিমের কোন কোন সদস্য সাদীর সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। ঐসব উপদেষ্টারা নাকি বলেন যে, ‘নাই মামার চেয়ে কানা মামাও ভালো।’ বিএনপির পক্ষে আন্তর্জাতিক অঙ্গনে প্রচারণায় সাদীর প্রয়োজন রয়েছে বলেও তারা মন্তব্য করেছেন নিউইয়র্কে বিএনপির শীর্ষ পর্যায়ের লোকজনের কাছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!