‘হ্যালো বাংলাদেশ’ বলে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও বার্তা ঢাকায় মার্কিন রাষ্ট্রদূতের
মিজানুর রহমান : মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ঢাকায় এক বছর পূর্ণ করেছেন মার্শা ব্লুম বার্নিকাট। ২৫শে জানুয়ারি ছিল তার ঢাকা মিশনের বছরপূর্তি। ২০১৫ সালের ওই দিনে ঢাকার মাটিতে পা রেখেছিলেন তিনি। যদিও প্রেসিডেন্টের কাছে আনুষ্ঠানিকভাবে পরিচয়পত্র পেশ করে এখানে কাজ শুরু করেছেন আরও পরে। কিন্তু তাতে কি? বার্নিকাট তার আগমনের দিনকেই সেলিব্রেট করেছেন। মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজে এ নিয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। বাংলা ও ইংরেজির চমৎকার সমন্বয়ে তৈরি রাষ্ট্রদূতের ওই বার্তাটি ইউটিউবেও ব্যাপক প্রচার পেয়েছে। ২৬শে জানুয়ারি রাত সাড়ে ১০টা নাগাদ প্রচার করা ফেসবুক বার্তাটিতে ৯ হাজার ৫শ’ ৯৩টি লাইক পড়েছে। শেয়ার করেছেন ৬শ’ ৩১ জন বন্ধু। বার্তাটির বিষয়ে ৭৭৩ জন মন্তব্য বা প্রতিক্রিয়া দিয়েছেন। যার প্রায় সবই প্রশংসামূলক। ‘হ্যালো বাংলাদেশ’ বলে ১ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিও বার্তা সূচনা করেছেন বার্নিকাট। এরপর সালাম ও নমস্কার জানিয়েছেন সবাইকে। শুরুতেই এক বছরে তার দেখা বাংলাদেশ এবং ঢাকা-ওয়াশিংটন সম্পর্ক নিয়ে কথা বলেছেন তিনি। তার বিবেচনায় ‘খুবই দ্রুত’ একটি বছর চলে গেছে। তবে এ সময়ে অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের চেষ্টা করেছেন জানিয়ে মার্কিন দূত বলেন, এ সময়ে আমি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক দেখেছি। দেখেছি, সহযোগিতার অনেক ক্ষেত্রও। এ সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশ কোস্টগার্ডের জন্য অত্যাধুনিক প্রযুক্তিসম্পন্ন জাহাজ হস্তান্তর করা হয়েছে। বাঙালি জাতির সমৃদ্ধ সংস্কৃতির সঙ্গে মেলবন্ধনের সুযোগ হয়েছে আমার। এখানে বসন্ত উৎসব এবং পহেলা বৈশাখ উদ্যাপন করেছি। গত বছর স্বাধীনতা দিবসের বিভিন্ন আয়োজনে মার্কিন রাষ্ট্রদূত রঙিন শাড়ি পরেছিলেন। প্রচারিত ভিডিও বার্তায় সেটি দেখানো হয়েছে। ওই দিনে জাতীয় স্মৃতিসৌধের সামনে দাঁড়িয়ে ‘স্বাধীনতা তুমি’ বলে বার্নিকাট বাংলায় যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সেটিও স্থান পেয়েছে প্রচারিত বার্তায়। মার্কিন দূত ক’দিন আগেই ঘুরে এসেছেন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। সেখানে সমুদ্রতীরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দুই বাহু প্রশস্ত করে তিনি ছবিও তুলেছেন। ভিডিও বার্তায় সেই ছবিটি প্রচার করে বার্নিকাট বলেছেন- এখানে একটি ‘লিজেন্ডারি সী বিচ’ আমি দেখেছি। বার্নিকাট বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য্যই কেবল দেখেননি তিনি এখানকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক অনেক নিদর্শন দেখার চেষ্টা করেছেন। এমন ছবি প্রকাশ পেয়েছে ভিডিও বার্তায়। বার্নিকাট বাংলাদেশের তরুণদের স্বপ্ন এবং চেষ্টার প্রশংসা করেছেন। বলেছেন, পরিশ্রমী ওই তরুণরা একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিয়োজিত রয়েছে, যা আমাকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করেছে। বিশ্ব ক্রিকেটে বাংলাদেশি টাইগারদের পারফরমেন্সে দারুণ খুশি মার্কিন দূত। দূতাবাসের আয়োজনে এখানে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিয়েছিলেন তিনি। ভিডিও বার্তায় সেটি প্রচার করা হয়েছে। যেখানে দেখা গেছে, বার্নিকাট ব্যাট করছেন আর রিয়েল টাইগার বলে চিৎকার করছেন। মার্কিন দূত তার বার্তায় বাংলাদেশের মানুষের আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেছেন। এখানে কাজ করতে পেরে তিনি যে আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন তাও জানিয়েছেন। দ্বিতীয় বছরে পদার্পণের মুহূর্তে প্রচার করা বার্তায় ঢাকা-ওয়াশিংটনের আগামীর সম্পর্ক আরও শক্তিশালী এবং বিস্তৃত হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন। বাংলায় ‘ধন্যবাদ’ বলে তিনি তার বক্তব্যের সমাপনী টেনেছেন। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!