বাংলাদেশ থেকে সৌদিতে নারী কর্মীর সঙ্গে বিনা খরচে পুরুষ স্বজনও যেতে পারবে
বাংলাদেশ থেকে সৌদি আরবে নারী কর্মীর সঙ্গে তার একজন নিকট আত্মীয়কে বিনা খরচে নিতে আগ্রহ দেখিয়েছে দেশটির সরকার। নিকট আত্মীয়ের আপন ভাই, স্বামী বা পরিবারের অন্য সদস্য হতে পারেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি’র সৌদি সফর শেষে দেশে ফিরে গতকাল মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন, গৃহস্থালির জন্য মালী, চালক, গার্ড, সুপারভাইজার, কেয়ার-গিভারসহ ১২টি ক্যাটাগরিতে কর্মী নেবে সৌদি আরব। এক্ষেত্রে নারীর সুরক্ষা ও নিরাপত্তার জন্য তার একজন নিকট আত্মীয় সঙ্গে যেতে পারবেন বিনা খরচে। বিষয়টি দেশটি সফরকালে দ্বিপক্ষীয় আলোচনায় উঠে আসে। তবে, জয়েন্ট ওয়ার্কিং কমিটির বৈঠকে বিষয়টি চূড়ান্ত হবে বলে উল্লেখ করেন তিনি। এ প্রক্রিয়া কবে শুরু হবে জানতে চাইলে নুরুল ইসলাম বলেন, আমরা ইতিমধ্যে আলোচনা করে এসেছি। এখন জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ বসে আলোচনার মাধ্যমে এ প্রক্রিয়া চূড়ান্ত হবে। খুব শিগগিরই এ চুক্তি হবে বলে আশা করছি। এক্ষেত্রে নারীদের মতোই পুরুষদেরও কোনো অভিবাসন খরচ হবে না। মন্ত্রী আরও বলেন, সৌদি আরব কর্তৃপক্ষ বলেছে আপনারা ২ লাখ নারী পাঠাতে পারলে তার সঙ্গে আমরা ২ লাখ পুরুষ কর্মী নেব। ছিটমহলবাসীদের সম্পর্কে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, কুড়িগ্রামে টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (টিটিসি) গার্মেন্টের প্রশিক্ষণ দিয়ে বিলুপ্ত ছিটের কর্মীদের বিদেশ পাঠানো হবে। এক্ষেত্রে চলতি বছরে ১০০ জনকে জর্ডানে পাঠানোর টার্গেট রয়েছে বাংলাদেশ সরকারের। লিখিত বক্তব্যে মন্ত্রী বলেন, গত বছরে বাংলাদেশ থেকে ৫ লাখ ৫৫ হাজার ৮৮১ জন কর্মী বিদেশ গেছে। যা ২০১৪ সালের তুলনায় ৩০ শতাংশ বেশি। ২০১৫ সালে এক লাখ ৩ হাজার ৭০৭ জন নারী কর্মীর বিদেশে কর্মসংস্থান হয়েছে। যা ২০১৪ সালের তুলনায় ৩৬ দশমিক ৪৪ শতাংশ বেশি বলে তিনি সংবাদ সম্মেলনে তুলে ধরেন। এক প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়টি আটকে যাওয়ার কারণ হচ্ছে তারা কিছু নির্ধারিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে চায়। এতে অভিবাসন খরচ বেড়ে যাবে বলে তিনি উল্লেখ করেন।
একই অনুষ্ঠানে ডোমেস্টিক ওয়ার্কার (পুরুষ) খাতের বর্ণনা দিয়ে প্রবাসী কল্যাণ সচিব খন্দকার ইফতেখার হায়দার বলেন, ডোমেস্টিক ১২টি খাতের মধ্যে ড্রাইভার, গার্ড, মালী, সুপারভাইজার অন্যতম। তিনি বলেন, যেসব নারী কর্মী সৌদিতে যাচ্ছে তাদের নিরাপত্তার স্বার্থেই আমরা এসব খাতে পুরুষকর্মী পাঠাতে চাই। যাতে করে নারীদের যেকোনো আপদ-বিপদে তারা পাশে দাঁড়াতে পারে। কারণ একজন নিকট আত্মীয় বা কোনো পরিচিত পুরুষ আশেপাশে থাকলে নারীরা সেখানে নিরাপদ বোধ করবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হজরত আলী, জাবেদ আহমেদ, জনশক্তি, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরো (বিএমইটি) মহাপরিচালক বেগম শামছুন নাহার প্রমুখ। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!