বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদের মৃত্যুতে নিউইয়র্কে শোক
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি খ্যাতিমান সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে নিউইয়র্কে এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। শোক সভায় বক্তারা বলেন, আলতাফ মাহমুদ ছিলেন একজন নিঃস্বার্থ সাংবাদিক নেতা। সাংবাদিকদের কল্যাণে ছিলেন নিবেদিতপ্রাণ। সাংবাদিকদের দাবি-দাওয়া আদায়ে তিনি ছিলেন সদা সোচ্ছার। কারো বিপদের কথা শুনলে স্থির থাকতে পারতেন না তিনি। দ্বিধাবিভক্ত সাংবাদিক ইউনিয়নে কে কোন পক্ষে তা তার কাছে মুখ্য ছিল না। দল-মত নির্বিশেষে সবার পাশে গিয়ে দাঁড়াতেন ছায়ার মতো। তার অবদান কখনো ভুলবে না বাংলাদেশের সাংবাদিক সমাজ।
স্থানীয় সময় বুধবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে আয়োজিত এ শোক সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক আজকাল-এর সম্পাদক এবং অবিভক্ত বিএফইউজে’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনজুর আহমদ। সাংবাদিক মনোয়ারুল ইসলামের সঞ্চালনায় এই সভায় আলতাফ মাহমুদের দীর্ঘদিনের সহকর্মী, যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিকরা বক্তব্য দেন। তারা তার বর্ণাঢ্য কর্মজীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন। আলোচনায় সাংবাদিকদের ঐক্য প্রতিষ্ঠা ওপরও গুরুত্ব আরোপ করা হয়। সাংবাদিকদের অনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়ার বিষয়টিও নানাজনের বক্তব্যে উঠে আসে।
সভায় বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, এখন সময় সম্পাদক কাজী শামসুল হক, ঠিকানা’র প্রধান সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, সিনিয়ার সাংবাদিক ও বিএফইউজে’র সাবেক নেতা মঈনুদ্দিন নাসের, বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টিভির সিইও আবু তাহের, সময় টিভি’র ব্যুরো প্রধান শিহাব উদ্দিন কিসলু, বর্ণমালার প্রধান সম্পাদক মাহফুজুর রহমান, মিলিনিয়াম টিভি ইউএসএ’র প্রধান সম্পাদক, আজকালের নির্বাহী সম্পাদক ও আমাদেরসময়.কম এর বিশেষ প্রতিনিধি সাখাওয়াত হোসেন সেলিম, আজকালের বিশেষ প্রতিনিধি শওকত ওসমান রচি, ইউএনএ’র সম্পাদক এবিএম সালাহ উদ্দিন, সাংবাদিক মনির হায়দার, প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, আবিদুর রহিম, মুজাহিদ আনসারি, শামীম আহমেদ, এনামুর রেজা দীপু, সনজীবন সরকার, সোহেল মাহমুদ, ইমরান আনসারি, শাহাব উদ্দিন সাগর, নিহার সিদ্দিকী, এ হাই স্বপন, রাশেদ আহমেদ, অধ্যাপক হুসনে আরা প্রমুখ। সভা শুরুর আগে আলতাফ মাহমুদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভাপতির বক্তব্যে মনজুর আহমদ বলেন, আলতাফ মাহমুদ ছিলেন নীতি-আদর্শের একজন সাংবাদিক। তিনি কোনদিন লোভ-লালসার মধ্যে পড়েননি। আমি আর আলতাফ মাহমুদ কখনো এক ফোরামে ছিলাম না। তবে আমাদের সৌহার্দের কোন ঘাটতি হয়নি। আমরা একই টেবিলে আড্ডায় বসতাম। তিনি বলেন, আমাদের মধ্যে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা আমাদের ইউনিয়ন কর্মকান্ডকে প্রভাবিত করতে পারেনি। মনজুর আহমদ আলতাফ মাহমুদের চিকিৎসা প্রসঙ্গে বলেন, তাকে দেশের বাইরে নিয়ে চিকিৎসা দেয়া উচিত ছিল।
সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, আলতাফ মাহমুদ ছিলেন পরোপকারি সজ্জন ব্যক্তি। মঈনুদ্দিন নাসের বলেন, সাংবাদিকদের যে কোন সংগ্রামে আলতাফ মাহমুদকে আমরা ঝাঁপিয়ে পড়তে দেখেছি। তিনি যে রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী ছিলেন, তাদের হালুয়া-রুটির ভাগাভাগিতে তিনি ছিলেন না। ফজলুর রহমান বলেন, আলতাফ মাহমুদকে স্মরণ করার চাইতে তাকে অনুসরণ করা বেশি প্রয়োজন।
আলতাফ মাহমুদের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের শোক
বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি আলতাফ মাহমুদের আকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব। ক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ এক বিবৃতিতে সাংবাদিক আলতাফ মাহমুদের মৃত্যুতে শোক প্রকাশ করে বলেন, ব্যক্তিগত জীবনে তিনি অমায়িক ব্যবহারের মানুষ ছিলেন। আপাদমস্তক ছিলেন সাংবাদিক। আর নেতা হিসেবে ছিলেন সকল সাংবাদিকদের অধিকার আদায়ের অগ্র সৈনিক। তার মৃত্যুতে দেশ একজন সত্যিকারের সাংবাদিককে হারালো আর সাংবাদিক সমাজ হারালেন প্রকৃত সাংবাদিক নেতা। বিবৃতিতে প্রেসক্লাব নেতৃদ্বয় তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
আলতাফ মাহমুদের প্রয়াণে এবি প্রেসক্লাবের শোক
বিশিষ্ট সাংবাদিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর সভাপতি আলতাফ মাহমুদের আকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব-এর কর্মকর্তারা। আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সকল সদস্যদের পক্ষ থেকে ক্লাবের সভাপতি নাজমুল আহসান ও সাধারণ সম্পাদক দর্পণ কবীর এক শোক বার্তায় বলেছেন-নির্ভীক সাংবাদিক আলতাফ মাহমুদের অকাল প্রয়াণে বাংলাদেশের সাংবাদিকরা একজন অভিভাবক হারাল। তিনি সাংবাদিক নেতা হিসেবে ছিলেন সকল সাংবাদিকদের অধিকার আদায়ের অগ্র সৈনিক। ক্লাবের কর্মকর্তারা তাঁর বিদেহী আত্মার মাহফেরাত কামনা করেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ