ইরানের কাছ থেকে ৩২ মেট্রিক টন ভারি পানি কিনবে যুক্তরাষ্ট্র
ইরানের কাছ থেকে ৩২ মেট্রিক টন ভারি পানি কিনবে যুক্তরাষ্ট্র। এর জন্য যুক্তরাষ্ট্রের খরচ হবে প্রায় ৮৬ লাখ মার্কিন ডলার। এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পাশাপাশি গত বছরে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তির শর্ত পূরণ করতে ইরানকে সহায়তা করবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, গত বছরে ইরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী, ইরান ১৩০ মেট্রিক টনের বেশি ভারি পানির মজুদ গড়তে পারবে না। ইরানের বর্তমান মজুদ এর চেয়ে বেশি হওয়ায় তা ইরানকে বিক্রি করতে হবে। ফলে ওই চুক্তির শর্ত পূরণের জন্য যুক্তরাষ্ট্রের কাছে ৩২ মেট্রিক টন ভারি পানি বিক্রি ইরানের জন্য সহায়ক হবে। আর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ প্রয়োজন মেটানোর জন্যও এই পানি কাজে লাগবে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিদিনের প্রেস ব্রিফিংয়ে প্রেস অফিসের ডিরেক্টর এলিজাবেথ ট্রুডিউকে প্রশ্ন করা হয়, ভারি পানি কেনার মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু কর্মসূচিতে কোনো ধরনের ভর্তুকি দিচ্ছে কি না। এর জবাবে ট্রুডিউ বলেন, ‘না, এটি একটি বাণিজ্যিক লেনদেন। এটা প্রধানত যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ চাহিদা পূরণ করবে। পাশাপাশি চুক্তির শর্ত পূরণে এটি ইরানকে সহায়তা করবে।’ তিনি জানান, যুক্তরাষ্ট্র সরকার এই ভারি পানি কেনার পর তা সংরক্ষণ করা হবে ওক রিজ ন্যাশনাল ল্যাবরেটরিতে। পরে তা গবেষক ও শিল্প কারখানার কাছে বিক্রি করা হবে। পাশাপাশি এই ভারি পানি কেনার মাধ্যমে ইরানকে কোনোভাবেই পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্র সহায়তা করছে না বলে উল্লেখ করেন তিনি। উল্লেখ্য, ভারি পানি সাধারণ পানির চাইতে ভিন্ন এক যৌগ। হাইড্রোজেনের একটি আইসোটোপ ব্যবহার করে তৈরি করা হয় এই ভারি পানি। রসায়ন, চিকিৎসাবিদ্যা, পদার্থবিজ্ঞানসহ বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণায় ব্যবহার করা হয়ে থাকে এই পানি। বিশেষ করে পারমাণবিক চুল্লীতে নিউট্রনের মডারেটর হিসেবে ব্যবহার করা হয় ভারি পানি।মানবজমিন
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আরও বেড়েছে; ১৭ ডিসেম্বর উভয় পক্ষকে তথ্য-উপাত্ত জমার নির্দেশ
- নিউইয়র্কে নৃত্যশিল্পী ও সাংস্কৃতিক সংগঠক তাহসিন ফেরদৌসের অকালমৃত্যু, বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া