ইউএসএইড ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানের পরিবারকে ওবামার চিঠি
ইউএসএইড ও ঢাকাস্থ মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নানের পরিবারের কাছে শোক জানিয়ে চিঠি লিখেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল সকালে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে নিহত জুলহাজের পরিবারের সদস্যদের কাছে চিঠিটি হস্তান্তর করা হয়। গত ৫ই মে লেখা ওই চিঠিতে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা নিহত জুলহাজের শোকসন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে বলেন, ‘এমন হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা যায় না।’ জুলহাজের ভাই মিনহাজ মান্নান মানবজমিনকে বলেন, ‘আজ (বৃহস্পতিবার) সকালে মার্কিন দূতাবাস থেকে আমাদের খোঁজ-খবর নেয়ার জন্য যেতে বলা হয়। আমরা সেখানে যাওয়ার পর, দূতাবাস থেকে মার্কিন প্রেসিডেন্টের পাঠানো চিঠিটি আমাদের কাছে হস্তান্তর করা হয়।’
প্রসঙ্গত, গত ২৫শে এপ্রিল জুলহাজ ও তার বন্ধু মাহবুব তনয়কে অজ্ঞাত চাপাতিধারীরা তার বাসায় কুপিয়ে হত্যা করে। নিহত জুলহাজ মান্নান সমকামীদের অধিকার বিষয়ক ম্যাগাজিন রূপবানের সম্পাদক ছিলেন। আর তনয় ছিলেন নাট্যকর্মী।
জুলহাজ পরিবারের কাছে পাঠানো চিঠিতে ওবামা আরো লিখেছেন, ‘জুলহাজের সাহসী, সহমর্মী উদ্যম তার পরিচিত ও প্রীতিভাজন প্রত্যেকের মাঝে বেঁচে থাকবে। আমার প্রত্যাশা, এ বিষয়টি আপনাদের কিছুটা হলেও সান্ত্বনা এনে দেবে।’
তদন্তে অগ্রগতি নেই: এদিকে জুলহাজ ও তনয় হত্যাকাণ্ডের ঘটনার প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও তদন্তে কোনো অগ্রগতি নেই। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মামলার তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হত্যাকাণ্ডে সরাসরি জড়িত কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ১৫ই মে কুষ্টিয়া থেকে শিহাব নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য। জুলহাজ-তনয় হত্যাকাণ্ডে সে অস্ত্র দিয়ে সহযোগিতা করেছে। এমনকি হত্যাকাণ্ডে সরাসরি অংশ না নিলেও সে ঘটনাস্থলের আশপাশেই উপস্থিত ছিল। তাকে কয়েক দফা রিমান্ডে কিছু তথ্য পাওয়া গেছে। এসব তথ্য যাচাই বাছাই চলছে। মানবজমিন
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!