বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছবি ‘আয়নাবাজি’ নিউইয়র্কে : ৭-৮ জানুয়ারি শো জ্যামাইকা মাল্টিপ্লেক্সে
ইউএসএনিউজঅনলাইন.কম ::নিউইয়র্কের দর্শকদের জন্য সুখবর। আগামী ৭ ও ৮ জানুয়ারি নিউইয়র্কে মুক্তি পাচ্ছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ছবি ‘আয়নাবাজি’। জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ছবিটির প্রদশর্নী হবে। গত মঙ্গলবার জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে আয়োজিত প্রেস কনফারেন্সে এ ঘোষণা দেন আয়নাবাজি ছবির নিউইয়র্কের ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠান ডিজিটাল ওয়ান মিডিয়ার স্বত্ত্বাধিকারী মিডিয়া ব্যক্তিত্ব জাকারিয়া মাসুদ জিকো। প্রেস কনফারেন্সে জানানো হয়, দুদিন একই সময় বিকাল সাড়ে ৩টায় ছবিটির শো শুরু হবে। ইতোমধ্যে ছবির টিকেট বিক্রি শুরু হয়েছে। টিকেটের মূল্য ১২ ডলার।
এ বছর ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে মুক্তি পায় আয়নাবাজি। ছবিটি মুক্তির পরপরই ব্যাপক আলোড়ন তোলে। মন্ত্রী, সরকারি আমলা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, জাতীয় ক্রিকেটার থেকে শুরু করে সাধারণ দর্শকরা হুমড়ি খেয়ে পড়েন সিনেমা হলে। ছবিটি দেখতে চেয়ে টিকেট পাননি সাকিব আল হাসান দম্পতি। চলচ্চিত্রবোদ্ধাদের অনেকের মতে, ‘বেদের মেয়ে জোছনা’ পরবর্তী আয়নাবাজি ছবি নিয়ে এমন আলোড়ন সৃষ্টির ঘটনা অনেকদিন ঘটেনি। ছবিটি দেখতে হলমুখী হতে থাকেন গ্রাম ও শহরের সাধারণ দর্শক থেকে শুরু করে সমঝদার-বোদ্ধা দর্শক মহল। সর্বমহলে প্রশংসিত হয় আয়নাবাজি।
এবার যুক্তরাষ্ট্রের দর্শকদের কয়েক মাসের অপেক্ষার অবসান হলো। নিউইয়র্কের দর্শকদের জন্য আয়নাবাজি নিয়ে এসেছে ডিজিটাল ওয়ান মিডিয়া। প্রথম দফায় আগামী ৭-৮ জানুয়ারি বিকাল সাড়ে তিনটায় জ্যামাইকা মাল্টিপ্লেক্সে দেখানো হবে ছবিটি। এরই মধ্যে ছবিটি দেখাতে ডিজিটাল ওয়ান মিডিয়ার সাথে জ্যামাইকা মাল্টিপ্লেক্সের চুক্তি হয়েছে।
ডিজিটাল ওয়ান মিডিয়ার কর্নধার জাকারিয়া মাসুদ জিকো জানান, ইতোমধ্যে ছবিটি দেখতে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। টিকেট পাওয়া যাচ্ছে জ্যাকসন হাইটসের ডিজিটাল ওয়ান, অবকাশ, কবীর বেকারি ও সাপ্তাহিক আজকাল এবং জ্যামাইকায় উৎসব ডট কম ও ঘরোয়া রেস্টুরেন্টে। টিকেটের মূল্য ১২ ডলার। তিনি জানান, দর্শকদের চাহিদা থাকলে নিউইয়র্কে আয়নাবাজি ছবির আরো শো’য়ের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে যুক্তরাষ্ট্রের অন্যান্য স্টেটেও ছবিটি দেখানো যেতে পারে। কালারস ম্যাগাজিন ও ডিজিটাল ওয়ান মিডিয়ার সম্মিলিত উদ্যোগে আয়নাবাজি নিউইয়র্কে প্রদর্শনী হচ্ছে বলে জানান তিনি।
প্রেস কনফারেন্সে জানানো হয়, আয়নাবাজি ছবির নিউইয়র্কের প্রদর্শনীতে স্পন্সর করছেÑ উৎসব ডট কম, পিপল এন টেক, বিসমিল্লাহ লাইভ পোল্ট্রি, র্মিচ রেস্টুরেন্ট, বিএ এক্সপ্রেস, এএসএন ল’অফিস এবং ডিজিটাল ওয়ান ট্রাভেলস। সহযোগিতায় সূত্র অ্যাডভার্টাইজিং ও মিডিয়া পার্টনার সাপ্তাহিক আজকাল। সাংবাদিক হাসানুজ্জামান সাকীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সূত্র অ্যাডভার্টাইজিংয়ের কর্নধার নাট্যজন ও বিজ্ঞাপন নির্মাতা গোলাম সারোয়ার হারুন এবং বিএ এক্সপ্রেসের সিইও জিল্লুর দেওয়ান।
আয়নাবাজি একটি মনস্তাত্ত্বিক থ্রিলার ছবি। ছবিটির পরিচালক অমিতাভ রেজা। গাউসুল আজম শাওনের গল্পে ছবিটির চিত্রনাট্য লিখেছেন গাউসুল আজম শাওন ও অনম বিশ্বাস। অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মাসুমা রহমান নাবিলা, পার্থ বড়–য়া, লুৎফর রহমান জর্জ, বৃন্দাবন দাশ, গাউসুল আলম শাওন প্রমুখ। এছাড়াও বিশেষ চরিত্রে পরিচালক অমিতাভ রেজা নিজে ও অতিথি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ। ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান কন্টেন্ট ম্যাটারস লিমিটেড ও হাফ স্টপ ডাউন। ১৪৪ মিনিট দৈর্ঘ্য ছবিটির নির্মাণ খরচ ১ কোটি ৭০ লাখ টাকা। মুক্তির প্রথম দুই সপ্তাহে আয়নাবাজি ২ কোটি ১৩ লাখ টাকা আয় করেছে বলে জানিয়েছে বক্স অফিস।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ