নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী জাকির খান খুন : কমিউনিটিতে শোকের ছায়া, শুক্রবার বাদ জুমা পার্কচেস্টার মসজিদে জানাজা
ইউএসএনিউজঅনলাইন.কম :: নিউইয়র্কে বাড়ীর মালিকের ছুরিকাঘাতে খুন হয়েছেন বাংলাদেশি রিয়েল এস্টেট ব্যবসায়ী কমিউনিটির অতি পরিচিত মুখ জাকির খান (৪৪)। স্থানীয় সময় ২২ ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় বাংলাদেশি অধ্যুষিত ব্র্রঙ্কসের থ্রকসনেক এলাকায় এ মর্মান্তিক হত্যাকান্ডের ঘটনা ঘটে। জাকির খানের হত্যাকান্ডের খবরে বাংলাদেশি কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া।
জাকির খানের পারিবারিক সূত্র জানায়, জাকির খান অন্যান্য দিনের মত কাজ শেষে ব্র্রঙ্কসের লোগান এবং বারকলি এভিনিউর ভাড়া বাড়ীর সামনে দাঁড়িয়েছিলেন। ওই সময় জাকির খানের সাথে তার বাসার মালিকের ভাড়া সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে বাসার মালিক মিশরীয় আমেরিকান উত্তেজিত হয়ে উপর্যপুরি তার বুকে চুরিকাঘাত করতে থাকে। জাকির খান রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। বাড়ীর মালিক নিজেই চিৎকার করে পুলিশে খবর দিতে বলেন। জানা যায়, এই অবস্থায় বাড়ির মালিক নিজেই পাশ্ববর্তী থানায় গিয়ে ঘটনার বর্ণনা দেয়। পুলিশ এবং এম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে এসে আহত জাকির খানকে উদ্ধার করে নিকটস্থ জ্যাকবি হাসপাতালের জরুরী বিভাগে ভর্তি করান। চিকিৎসাবস্থায় ঘন্টা দেড়েক পর জাকির খানের মৃত্যু হয়। তার বুকে অন্তত সাতটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। জাকির খানের মরদেহ পোস্টমর্টেমের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ ঘাতক বাড়িওয়ালা তাহা মাহরানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত বাড়ীওয়ালার বয়স ৫১ বছর। প্রতিবেশিরা জানান, বাড়ী ভাড়া নিয়ে বাড়ি মালিকের সঙ্গে বছর খানেক ধরে জাকির খানের বিরোধ চলে আসছিল।
জাকির খানের গ্রামের বাড়ী সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামে। ৭ ভাই ৫ বোনের মধ্যে জাকির খান ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রে অভিবাসী হয়ে আসেন।
জাকির খান নিউইয়র্কে এসে পড়াশুনা শেষ করে রিয়েল এস্টেট ব্যবসার সঙ্গে জড়িত হন। তিনি ব্র্রঙ্কসে শীর্ষ স্থানীয় রিয়েল এস্টেট ব্যবসায়ী হিসেবে কমিউনিটিতে পরিচিতি লাভ করেন।
জাকির খান নানা সামাজিক কর্মকান্ডে সক্রিয় ভূমিকা পালন করতেন। মূলধারার রাজনীতির সঙ্গে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। মৃত্যুর আগের দিন ব্রঙ্কসে বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস – বাফা আয়োজিত একুশে ফেব্রুয়ারী
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন জাকির খান। ওই সময় তিনি আয়োজকদের নানাভাবে সহযোগিতাও করেন বলে জানান সংশ্লিষ্টরা। নিউইয়র্কে ঐতিহাসিক বাংলাদেশ ডে বিলটি পাশ হয় ২০১২ সালের ২৪ মার্চ। এই ঐতিহাসিক উদ্যোগটির রূপকার ছিলেন ব্রঙ্কস থেকে নির্বাচিত সিনেটর রুবিন ডিয়াজ। তাকে রেজুলেশন তৈরি করে সহযোগীতা করেন এটর্নী লুইস সিপুলভেদা (বর্তমান এসেম্বলিম্যান)। তাদের সহযোগীতা করেন তার অন্যতম উদ্যোক্তা জাকির খানসহ ব্রঙ্কস প্রবাসী বাংলাদেশী কমিউনিটির নের্তৃবৃন্দ।
জাকির খানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে শ শ প্রবাসী বাংলাদেশি জ্যাকবি হাসপাতালে ভীড় জমান। কমিউনিটিতে নেমে আসে শোকের ছায়া। বাংলাদেশি কমিউনিটির নের্তৃবৃন্দ এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জাকির খানের স্ত্রী ন্যান্সী খান একজন সঙ্গীত শিল্পী। জাকির খানের ১৩ বছর বয়সী এক মেয়ে এবং দশ ও সাত বছর বয়সী দুই ছেলে রয়েছে । তারা স্কুলে যাচ্ছে। পিতাকে হারিয়ে শোকে বিহ্বল তিন শিশু। জাকির খানের পিতা মরহুম এজামত খান। তার মাও বেঁচে নেই।
জাকির খানের এক নিকট আত্মীয় জানান, আগামী কাল শুক্রবার ব্রঙ্কসের পার্কচেস্টার জামে মসজিদে (১২০৩ ভার্জিনিয়া এভিনিউ, ব্রঙ্কস, এনওয়াই ১০৪৭২) বাদ জুমা নামাজে জানাজা শেষে তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পাঠানটিলা গ্রামে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ওই আত্মীয় জানান, জাকির খানের ভাইদের কয়েকজন দেশে গেছেন। ভাইয়ের মর্মান্তিক হত্যাকান্ডের খবর পেয়ে দেশ থেকে তারা দ্রুত যোগাযোগ করেছেন।
নিউইয়র্ক ডেইলি নিউজ জানিয়েছে, ঘাতক বাড়িওয়ালার নাম তাহা মাহরান। পুলিশ সূত্রের বরাত দিয়ে খবরে বলা হয়, তদন্তকারীরা একটি ছুরি উদ্ধার করেছে। মাহরানের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। জাকিরের পারিবারিক বন্ধুর পরিচয় দিয়ে এক ব্যক্তি বলেন হামলাকারী বাড়ির বাইরে তার জন্য অপেক্ষা করছিল। জাকির যখন বাড়ি থেকে বের হয়ে আসছিলেন তখন তাকে কয়েকবার ছুরিকাঘাত করে তাহা মাহরান।
২০১২ সালে ডেইলি নিউজকে জাকির খান বলেছিলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর দৈনন্দিন খরচ চালাতে পার্কচেস্টার ওবালের বার্গার কিংয়ে কাজ করতেন। ২০০২ সালে নিজের রিয়েল এস্টেট কোম্পানি প্রতিষ্ঠা করতে সমর্থ হন তিনি। সে সময় জাকির বলেছিলেন, ‘আপনি ফ্রেঞ্চ ফ্রাইজ বিক্রি করছেন নাকি রিয়েল এস্টেট বিক্রি করছেন সেটা কোনো বিষয় নয়, আপনি যদি কঠোর পরিশ্রম করতে পারেন আর মানুষের সঙ্গে ভালো আচরণ করেন তাহলে আপনি অবশ্যই সফল হবেন।’ জাকিরকে নিয়ে নিউ ইয়র্ক অঙ্গরাজ্য আইনসভার আইনপ্রণেতা লুইস সেপুলভেদা বলেন, ‘আমি যতটা শুনেছি, তার কিছু আর্থিক সমস্যা ছিল। কিন্তু তিনি বাংলাদেশি সম্প্রদায়ের জন্য অনেক কাজ করেছেন। এ সম্প্রদায়ের অনেক মানুষ তাকে চিনতো।’ সেপুলভেদা আরো জানান, জাকির খানের সঙ্গে তার পরিচয় হয় ২০১০ সালে যখন তিনি প্রথম আইনসভার জন্য নির্বাচন করেন। সে সময় সেপুলভেদাকে সমর্থন ও সহায়তা দেন জাকির খান। বাংলাদেশি-আমেরিকান সম্প্রদায়ের নেতৃত্বস্থানীয়দের সঙ্গে পরিচয় করিয়ে দেন। জাকিরের হত্যাকাণ্ডের খবর শুনে দুঃখ প্রকাশ করে সেপুলভেদা বলেন, ‘আমি সত্যিই স্তম্ভিত। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করবো এবং আমার সহযোগিতার হাত বাড়িয়ে দেবো।’
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ