নিউইয়র্ক বাংলা বইমেলা ১৯-২১ মে, আসছেন পবিত্র সরকার ও শামসুজ্জামান খান : ১৩ মে শিশু-কিশোর মেলা
ইউএসএনিউজঅনলাইন.কম : নিউইয়র্কে মে মাসের ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে মুক্তধারা আয়োজিত ২৬-তম আন্তর্জাতিক বাংলা উৎসব ও বইমেলা। এই মেলায় অংশগ্রহণ নিশ্চিত করেছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান ও বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য ডঃ পবিত্র সরকার। তাঁরা দু’জনেই ১৯ মে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং মেলার অন্যান্য কার্যক্রমে উপস্থিত থাকবেন। এছাড়া অধ্যাপক পবিত্র সরকার মুক্তধারা বক্তৃতা ২০১৭ প্রদান করবেন বলে ২৬তম বইমেলার আহ্বায়ক কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীন জানান।

ঢাকা ও কোলকাতা থেকে অন্যান্য যারা আসবেন বলে জানিয়েছেন তাঁদের মধ্যে রয়েছেন কালি ও কলম সাহিত্য পত্রিকার সম্পাদক আবুল হাসনাত, প্রকাশক, লেখক ও কিশোর ভারতী পত্রিকার সম্পাদক ও কলকাতা পুস্তকমেলার সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায়, সাহিত্যিক কণা বসু মিশ্র, প্রাবন্ধিক আহমাদ মাযহার ও সত্যম রায় চৌধুরী, এবং কবি আমিরুল ইসলাম, গবেষক ও প্রাবন্ধিক ডঃ সায়মন জাকারিয়া ও শিশু সাহিত্যিক হুমায়ূন কবির ঢালি। এছাড়া কানাডা থেকে আসছেন কথা সাহিত্যিক ও কবি ইকবাল হাসান, কবি লুৎফর রহমান রিটন ও লেখক জসিম মল্লিক, আবৃত্তিকার । জার্মান থেকে আসছেন নাজমুন নেসা পিয়ারি। নিউইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক লেখক ও সাহিত্যামোদী তাঁদের অংশগ্রহণের কথাও নিশ্চিত করেছেন। মেলায় সঙ্গীত পরিবেশনে অংশ নিতে দুই বাংলা থেকে যারা আসছেন তাঁদের মধ্যে রয়েছেন সৈয়দ আবদুল হাদি, ফেরদৌস আরা, শামা রহমান ও দেবাঙ্গনা সরকার। যোগ দিচ্ছেন অভিনেত্রী ও আবৃত্তি শিল্পী শিরীন বকুল। আরো থাকবেন প্রবাসের প্রতিশ্রুতিশীল ও খ্যাতিমান শিল্পীবৃন্দ।
ঢাকা থেকে যেসব প্রকাশনা এবারের মেলায় অংশ নেবেন বলে জানিয়েছেন, তাদের মধ্যে রয়েছেঃ মাওলা ব্রাদার্স, সময় প্রকাশন, অনন্যা, স্টুডেন্ট ওয়েজ, অক্ষর প্রকাশনী, গতিধারা, শিখা প্রকাশনী, নালন্দা, ইত্যাদি গ্রন্থ সংস্থা, ধ্রুবপদ, পুথিনীলয়, আকাশ প্রকাশনা, বেঙ্গল প্রকাশনা, কালি ও কলম, প্রথমা প্রকাশন, দোয়েল প্রকাশন। কোলকাতা থেকে আসছে পত্রভারতী, আজকাল ও সাহিত্যম। এছাড়া কানাডা থেকে যোগ দিচ্ছে বেঙ্গলী লিটারারি রিসোর্স সেন্টার। যুক্তরাষ্ট্র থেকে সাহিত্য পত্রিকা ঘুংঘুর, ইসলামী বুক সেন্টার এবং মুক্তধারা নিউইয়র্ক এ পর্যন্ত রেজিস্ট্রেশন করেছে। প্রায় ২০টি পুস্তক প্রকাশনা ও বিক্রেতা প্রতিষ্ঠান ২৬তম বইমেলায় রেকর্ড পরিমান নতুন বই নিয়ে যোগ দিচ্ছে বলে আয়োজকরা জানিয়েছে। বইয়ের স্টল ছাড়াও কলকাতা থেকে টানা ১১ বছর ধরে এই উৎসবে যোগ দিতে আসছে তিয়ারা বুটিক, ফ্লোরিডা থেকে আসছে লিয়া শাড়ী, টরন্টো থেকে আসছে শাড়ী হাউজ, নিউইয়র্ক থেকে সাঈদা কালেকশন্স।
এ বছরের বইমেলার অন্যতম আকর্ষণ হবে একাত্তরের সহযোদ্ধা স্যালি উইলোবির অংশগ্রহণ। ১৯৭১ সালে কিশোরী স্যালি বালটিমোর সমুদ্র বন্দরে পাকিস্তানি অস্ত্র বহনকারী জাহাজ “পদ্মা” অবরোধে অংশগ্রহণ করেছিলেন। মৃত্যুর সম্ভাবনা অগ্রাহ্য করে সামান্য একটি রবারের ডিঙ্গি নৌকায় তিনি ও অন্যান্য মার্কিন সহযোদ্ধারা সেই জাহাজকে নোঙ্গর করতে দেননি। মৃত্যৃ হতে পারে বলা হলে স্যালি বলেছিলেন, “দিস ইজ মোর ইম্পরট্যান্ট।” কৃতজ্ঞ বাঙালি জাতির পক্ষ থেকে মুক্তধারা ফাউন্ডেশন এই একাত্তরের সহযোদ্ধাকে সম্মাননা জানাবে।
এ বছরের বইমেলার আরেক আকর্ষণ হল সারাদিন ব্যাপী শিশু-কিশোর মেলা, অনুষ্ঠিত হবে ১৩ মে। নতুন প্রজন্মের বাঙ্গালিদের দাবী ও প্রয়োজনের প্রতি সম্মান জানিয়ে নিউইয়র্কে এইবারই প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ৫ থেকে ১৮ বছর বছর বয়স্ক শিশু-কিশোরদের সারাদিন ব্যাপী এই অনুষ্ঠান। বিভিন্ন বিষয়-ভিত্তিক প্রতিযোগিতা ছাড়াও থাকবে এতে থাকবে সন্ধ্যায় তিন ঘন্টার একটি বিশেষ অনুষ্ঠান। মুক্তধারা ও প্রথম আলো (উত্তর আমেরিকা) যৌথভাবে এই মেলার আয়োজন করছে। বিভিন্ন প্রতিযোগিতায় যারা অংশ নিতে চান, তাদের শিশু-কিশোর মেলার সমন্বয়কারী মোশাররফ হোসেন (টেলিফোনঃ ৭১৮ ৩১৪ ৪৬৪৮) এর সাথে যোগাযোগের অনুরোধ করা হচ্ছে।
বইমেলায় অন্যান্য বছরের মত এবারেও নতুন বইয়ের মোড়ক উন্মোচন হবে এবং কবিদের স্বরচিত কবিতা পাঠের আসর বসবে। উভয় ক্ষেত্রেই এ বছর অগ্রাধিকার দেওয়া হবে নিউইয়র্কের বাইরের রাজ্য সমূহের লেখক ও কবিদের। মোড়ক উন্মোচনে অংশ নিতে যোগাযোগ করার জন্য আদনান সৈয়দ (৬৪৬-৩৭৯-৮৬৭২) এবং স্বরচিত কবিতার জন্য মনজুর কাদের (৬৪৬-৫৭৫-৯৫৮৯)। শিশু-কিশোর মেলা ও বইমেলার সকল অনুষ্ঠান বসবে জ্যাকসন হাইটসের পি এস ৬৯ (৭৭ স্ট্রিট ও ৩৭ এভেন্যু)। বিস্তারিত তথ্যের জন্য দেখুন ইন্টারনেটে www.ibanglautsab.org
সর্বশেষ সংবাদ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ