যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডার্স ফোরামের সভায় অসাম্প্রদায়িক বাংলাদেশ রচনায় একযোগে কাজের সংকল্প
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক: ‘মুক্তিযুদ্ধের চেতনা সামাজিক-রাজনৈতিক ও রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠার জন্যে শুধুমাত্র শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের ওপর ভরসা করে থাকলে চলবে না, প্রতিটি মুক্তিযোদ্ধা এবং নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে এ ব্যাপারে সোচ্চার থাকতে হবে। তাহলেই সুখ-সমৃদ্ধশালী বাংলাদেশের স্বপ্ন পূরণ সহজ হবে।’ এমন অভিমত পোষণ করেছেন খ্যাতনামা মুক্তিযোদ্ধা ও চলচ্চিত্র নির্মাতা-পরিচালক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। বাচ্চু উল্লেখ করেন, ‘মুক্তিযোদ্ধাদের সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করতে বিশেষ একটি মহল স্বাধীনতার পরই সংঘবদ্ধ প্রচারণায় লিপ্ত হয়। এখনও রয়েছে আড়ালে-আবডালে। এহেন ঘৃণ্য তৎপরতার বিরুদ্ধে জনমত জোরদারের পাশাপাশি নতুন প্রজন্মকে একাত্তরের চেতনার সাথে পরিচিত রাখতেও সকলকে আন্তরিক অর্থে সচেষ্ট থাকা প্রয়োজন।’ ১৩ অক্টোবর শুক্রবার সন্ধায় নিউইয়র্কে সেক্টর কমান্ডার্স ফোরামের এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। এ সময় নিউজার্সিতে অবস্থিত বিশ্বখ্যাত টয়লেট্রিজ সামগ্রির উৎপাদক কলগেট পালমোলিভ কোম্পানীর সেরা গবেষক হিসেবে ‘গ্লোবাল টেকনোলজি এক্সিলেন্স এওয়ার্ড’ পাওয়া মুক্তিযোদ্ধা ড. জিনাত নবীকেও বিশেষ সম্মান জানানো হয়।
নিউইয়র্ক অঞ্চলে বসবাসরত মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীদের সরব উপস্থিতির এ অনুষ্ঠান হয় নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে স্কলাস্টিকা মিলনায়তনে। সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের প্রেসিডেন্ট ও চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি রাশেদ আহমেদ। সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা রেজাউল বারির স্বাগত বক্তব্যের পর পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন মুক্তিযোদ্ধা ও সাংবাদিক লাবলু আনসার।
শুরুতে মুক্তিযোদ্ধা বাচ্চু ও জিনাত নবীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। বিপুল করতালির মধ্যে সেক্টর কমান্ডার্স ফোরামের যুগ্ম সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদের মিয়া এবং সাংগঠনিক সম্পাদক নূরল আমিন বাবুসহ কর্মকর্তারা উভয়কে বিশেষ সম্মান জানান।
এ সময় উপস্থিত মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানিয়ে শুভেচ্ছা বক্তব্য দেন চারণ কবি বেলাল বেগ। বিজ্ঞানী জিনাত নবীও সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে একাত্তরের চেতনায় বাংলাদেশকে এগিয়ে নেয়ার চলমান কার্যক্রমে সকলের ঐক্য কামনা করেন।
মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী এবং নিউজার্সির প্লেইন্সবরো সিটির কাউন্সিলম্যান ড. নূরন্নবী বলেন, ‘শেখ হাসিনার দৃঢ়চেতার কারণেই ৪৫ বছর পর একাত্তরের ঘাতকরা দন্ডিত হয়েছে এবং হচ্ছে। এই মনোভাবকে শানিত রাখতে প্রবাসীদের ঐক্য অটুট রাখতে হবে।’
সম্মিলিত সাংস্কৃতিক জোটের উত্তর আমেরিকা প্রেসিডেন্ট মিথুন আহমেদ মুুক্তিযোদ্ধা নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর একাত্তরের অসমসাহসী কিছু অভিযান, পচাত্তর-পরবর্তী সময়ে বঙ্গবন্ধুর চেতনার কথা নানাভাবে জনসমক্ষে তোলে ধরেন।
মুক্তিযোদ্ধা বাচ্চু আরো বলেন, ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার্স ফোরাম এবং জাহানারা ইমামের সাথে মুক্তিযোদ্ধারা ছিলেন বলেই শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে। এখন আমাদের প্রধান কাজ হচ্ছে নতুন প্রজন্মকে একাত্তরের চেতনার সাথে জড়িয়ে রাখা। এ লক্ষ্যে আসছে ডিসেম্বরে লসএঞ্জেলেসে একটি অনুষ্ঠান হবে। মুক্তিযোদ্ধারা একাত্তরের গল্প শোনাবেন ১০ থেকে ২০ বছর বয়েসী তরুণ-তরুণীদেরকে।’ বাংলাদেশী অধ্যুষিত অন্যান্য সিটিতেও এমন আয়োজনের আহবান জানান এই গেরিলা।
সেক্টর কমান্ডার্স ফোরামের এ অনুষ্ঠানে নেতৃবৃন্দের মধ্যে আরো ছিলেন কন্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় এবং শহীদ হাসান, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি ও শহীদ সন্তান ফাহিম রেজা নূর, সেক্রেটারি স্বীকৃতি বড়–য়া, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নির্বাহী সদস্য খোরশেদ খন্দকার, আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সেক্রেটারি শহিদুল ইসলাম ও কোষাধ্যক্ষ আবুল কাশেম এবং নির্বাচন কমিশনার আকবর হায়দার কিরন, গণজাগরণ মঞ্চের জাকি রনী, মিনহাজ সাম্মু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি নব্যেন্দু বিকাশ দত্ত, প্রজন্ম একাত্তরের সেক্রেটারি শিবলী সাদিক শিবলু, সেক্টর কমান্ডার্স ফোরামের সহ-সভাপতি হারুন ভ্ইূয়া এবং রফিক আহমেদ, যুগ্ম সম্পাদক আব্দুল কাদের মিয়া, প্রচার সম্পাদক শুভ রায়, সম্পাদক মন্ডলীর সদস্য আলহাজ জাফর আহমেদ, সদস্য আশরাফ আলী খান লিটন, কানু দত্ত, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের এ টি এম মাসুদ রানা, লেখক রবীন্দ্র সরকার, লেখিকা নাসরীন চৌধুরী প্রমুখ। এনআরবি নিউজ
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ