তীব্র শীত-তুষারপাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল, ১২ মৃত্যু : চলতি সপ্তাহে তাপমাত্রা আরও কমতে পারে
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : তীব্র শীত ও তুষারপাতে একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চল। মৌসুমের সবচেয়ে ভয়াবহ শীত ও তুষারপাতে বিভিন্ন নগরীতে অচল হয়ে পড়ছে জীবনযাত্রা। কয়েকটি রাজ্যে নতুন করে অন্তত ১২জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। অসুস্থ হয়ে পড়েছেন বহু মানুষ। তবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার কারণে চিকিৎসা সেবাও মিলছে না তাদের।
পূর্বাভাসে বলা হয়েছে, গ্রেট লেকের অংশবিশেষে তাপমাত্রা কমে দাঁড়াতে পারে মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস। কোথাও কোথাও এরই মধ্যে এর চেয়ে নিচে নেমে গেছে তাপমাত্রা। এ অবস্থায় পোস্টাল সার্ভিস তাদের গুরুত্বপূর্ণ ডেলিভারি পর্যন্ত বন্ধ রেখেছে।
এরই মধ্যে তীব্র শীত ও তুষারপাতের কবলে পড়েছে ২৫ কোটির বেশি মানুষ। আবহাওয়ার পূর্বাভাস বলছে, চলতি সপ্তাহে আরও কমতে পারে তাপমাত্রা। যুক্তরাষ্ট্র হতে পারে ইতিহাসের ভয়াবহতম শীতের সাক্ষী।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নর্থ ডাকোটায় তাপমাত্রা নেমেছে হিমাঙ্কের ৩৭ ডিগ্রি সেলসিয়াস নিচে; বাতাসের ঝাপটায় শীত অনুভূত হচ্ছে মাইনাস ৫৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। শিকাগোতে তাপমাত্রা মাইনাস ৩০ ডিগ্রি সেলসিয়াস।
শীতের তীব্রতায় আইওয়ার বাসিন্দাদের ঘরের বাইরে কথা বলা এবং শ্বাস-প্রশ্বাস নেওয়াও কমিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা। বন্ধ করে দেওয়া হয়েছে কয়েক হাজার স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়।
বুধবার যুক্তরাষ্ট্রে কমপক্ষে তিন জন মারা গেছেন। সব মিলে সেখানে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়েছে, যুক্তরাষ্টের শিকাগো সহ মিডওয়েস্ট হিসেবে পরিচিত অঞ্চলগুলোতে বুধবার ও বৃহস্পতিবার সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে। বরফে ঢাকা রয়েছে মহাসড়কগুলো। এ অবস্থায় উচ্চ মাত্রায় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে বলে সতর্ক করেছে পুলিশ। মিশিগানে বৃহস্পতিবার সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। যুক্তরাষ্টের ইউএস পোস্টাল সার্ভিস ডাকোটা থেকে ওহাইও পর্যন্ত তাদের ডেলিভারি স্থগিত করেছে। এমন ঘটনা বিরল।
শনিবার থেকে মিশিগান, আইওয়া, ইন্ডিয়ানা, ইলিনয়, উইসকনসিন এবং মিনেসোটায় ঠান্ডাজনিত কারণে মারা গেছেন ওই কমপক্ষে এক ডজন মানুষ। ইলিনয়ের একটি ভাড়া করা বাসের ডিজেল শূণ্য ডিগ্রি তাপমাত্রার অনেক নিচে নেমে যাওয়ায় ঠান্ডায় জমে যায় অবার্ন এলাকায়। এতে বাসটি আটকা পড়ে যায়। এর ভিতর আটকে পড়া ২১ জনকে উদ্ধার করেছে ইলিনয় স্টেট পুলিশ।
ডেট্রোয়েট পুলিশের এক মুখপাত্র বলেছেন, আবাসিক এলাকার রাস্তায় বুধবার তারা মৃত অবস্থায় পেয়েছেন ৭০ বছর বয়স্ক একজনকে। এ সময় তিনি শুধু ঘুমানোর পোশাক পরা ছিলেন। আইওয়া বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রকে বুধবার সকালের দিকে ক্যাম্পাসের একটি ভবনের বাইরে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার নাম জেরাল্ড বেলজ। শিকাগোর রাস্তাঘাট দৃশ্যত ফাঁকা। ভয়াবহ ঠান্ডার কারণে দু’একজন মানুষ বাইরে বেরুচ্ছেন সেখানে।
মিনিয়াপোলিসও থর থর করে কাঁপছে। সেখানে তাপমাত্রা মাইনাস ২৬ ডিগ্রি সেলসিয়াস। সেখানে অনেকেই দেখতে পাচ্ছেন রাস্তার গাড়ি গড়িয়ে পড়ে যাচ্ছে নিচে।
মিনেসোটার পার্ক র্যাপিডসে তাপমাত্রা নেমে এসেছে মাইনাস ৪১ ডিগ্রি সেলসিয়াসে। নর্থ ডাকোটায় মাইনাস ৩১ ডিগ্রি সেলসিয়াস।
এ অবস্থায় শিকাগো ও’হারে এবং শিকাগো মিডওয়ে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কয়েক হাজার বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে বুধবার। আমট্রাক রেল সার্ভিসের সব ট্রেন শিকাগো আসা ও যাওয়া বাতিল করা হয়েছে।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল