দীপু-হিলারি বৈঠক বুধবার, বঙ্গবন্ধুর খুনিকে ফেরত আনাসহ এক গুচ্ছ এজেন্ডা

মিজানুর রহমান: যুক্তরাষ্ট্রে পলাতক বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করাসহ একগুচ্ছ এজেন্ডা নিয়ে আলোচনা করতে ওয়াশিংটন গেছেন পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি। বুধবার স্থানীয় সময় বিকাল ৩টায় দেশটির পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসছেন তিনি। মন্ত্রণালয় এবং মন্ত্রীর সফর সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গতকাল ভোরে দীপুমনি কুয়েত থেকে ওয়াশিংটনে পৌঁছেছেন। ওয়াশিংটন ডিসিতেই এ বৈঠক অনুষ্ঠিত হবে। আলোচনায় দু’দেশের স্বার্থ জড়িত- এমন গুরুত্বপূর্ণ সব ইস্যুই থাকছে। তবে এর মধ্যে নোবেল বিজয়ী ড. ইউনূসের সঙ্গে শেখ হাসিনা সরকারের দূরত্ব তৈরি হওয়া এবং এ নিয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কের টানাপড়েনের মতো স্পর্শকাতর বিষয় প্রাধান্য পাবে। পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এ বৈঠকে চলমান যুদ্ধাপরাধীর বিচার, মানবাধিকার পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, যক্তরাষ্ট্রের বাজারে এদেশের তৈরী পোশাকসহ পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার এবং সর্বোপরি দু’দেশের সম্পর্ক উন্নয়নের নানা বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। সূত্র জানায়, বঙ্গবন্ধু বিচার প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পাদনে সহায়তার জন্য যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ায় জোর কূটনৈতিক তৎপরতা চালায় মহাজোট সরকার। বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পর অপরাধীদের দণ্ড কার্যকর করা এবং বিদেশে পালিয়ে থাকা খুনিদের দেশে ফেরত আনার ব্যাপারে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। আইনমন্ত্রীর নেতৃত্বে এ সংক্রান্ত বিষয়াদি দেখভাল করতে প্রায় দু’বছর ধরে একটি শক্তিশালী টাস্কফোর্স কাজ করছে। এর প্রভাবশালী সদস্য পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি। যুক্তরাষ্ট্রে পালিয়ে থাকা দণ্ডপ্রাপ্ত রাশেদ চৌধুরীকে ফিরিয়ে দিতে গত ৪ঠা অক্টোবর হিলারি ক্লিনটনকে আনুষ্ঠানিক চিঠি দেন ডা. দীপুমনি। চিঠিতে বাংলাদেশের পক্ষে তিনি দেশটির কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানান। ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস চিঠিটি মার্কিন পররাষ্ট্র দপ্তরে পৌঁছে দেয়ার পর মন্ত্রীর এ সফর এবং দ্বিপক্ষীয় বৈঠককে অতীতের যে কোন সফর এবং আলোচনার চেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কুয়েতে পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের অন্য কর্মসূচি থাকায় তারা আগে ঢাকা ছেড়েছেন। তাই মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা রোববার সরাসরি ওয়াশিংটনের উদ্দেশে রওনা দেন। গতকাল তারা সেখানে পৌঁছান।
হিলারির সঙ্গে দীপুমনি সর্বশেষ দ্বিপক্ষীয় বৈঠক করেন ২০০৯ সালের সেপ্টেম্বরে। এছাড়া গত দু’বছরে বহু আন্তর্জাতিক ফোরামে তাদের সাক্ষাৎ ও আলোচনা হয়েছে। গত মাসেও জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে তাদের সাক্ষাৎ হয়েছে। তখনই দ্বিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত হয় বলে জানা গেছে। হিলারির সঙ্গে বৈঠক ছাড়াও ওয়াশিংটনে বেশ ক’টি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দেশের পরিচিতি বিশ্বব্যাপী তুলে ধরতে বাংলাদেশ ব্যান্ড ফোরাম আয়োজিত দু’দিনব্যাপী সেমিনার ও গোলটেবিল বৈঠকে যোগ দেবেন তিনি। সেমিনার, গোলটেবিল আলোচনায় যুক্তরাষ্ট্রের শীর্ষ স্থানীয় ব্যবসায়ী, কর্পোরেট ব্যক্তিত্ব এবং স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশিয়া বিভাগের কর্মকর্তাদের মাঝে ঢাকা-ওয়াশিংটন দ্বিপক্ষীয় ও বাণিজ্যিক সম্পর্ক, এদেশের বিনিয়োগের সম্ভাবনা, পরিবেশ-পরিস্থিতি এবং তার সরকারের নীতি-আদর্শ নিয়ে বক্তব্য রাখবেন। এছাড়া ক্যাপিটল হিলে কয়েকজন প্রভাবশালী সিনেটর ও কংগ্রেসম্যানের সঙ্গেও আলোচনা করবেন পররাষ্ট্রমন্ত্রী। শুক্রবার তার দেশে ফেরার কথা রয়েছে।মানবজমিন
- উত্তর আমেরিকার ৪১তম ফোবানা চার ভাগে অনুষ্ঠিত: আগামী বছর ওয়াশিংটন ডিসি, নিউইয়র্ক ও হিউস্টনে পৃথক সম্মেলন
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন: সেলিম–আলী ও কুনু–ফিরোজ পরিষদ এবং স্বতন্ত্র প্রার্থীদের মনোনয়নপত্র জমা
- নিউইয়র্কে ‘ভবিষ্যতে কেমন বাংলাদেশ সোসাইটি দেখতে চাই’ শীর্ষক মতবিনিময় সভা: তরুণ নেতৃত্বের সুযোগ সৃষ্টির আহ্বান
- নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে ১ অক্টোবর থেকে কার্ডে ফি পরিশোধ বাধ্যতামূলক
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সংশোধিত নির্বাচনী তফসিল
- বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফর: নাগরিক সংবর্ধনার আয়োজক কন্স্যুলেট!
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু