জাতিসংঘ আয়োজিত গ্লোবাল মাইগ্রেশন কমপ্যাক্ট এর চতুর্থ থিমেটিক সেশনে অংশ নিলেন বাংলাদেশের দুই সংসদ সদস্য
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ প্রস্তাবিত গ্লোবাল কমপ্যাক্ট ফর সেফ, অর্ডারলি এন্ড রেগুলার মাইগ্রেশন- এর কন্সালটেশন পর্বের অংশ হিসেবে আয়োজিত দু’দিন ব্যাপী চতুর্থ থিমেটিক সেশনের ২৪ জুলাই ছিল প্রথম দিন। চতুর্থ থিমেটিক সেশনে বাংলাদেশ ডেলিগেশনের পক্ষে অংশ নেন মো: ইসরাফিল আলম এমপি ও মাহজাবিন খালেদ এমপি। থিমেটিক সেশনটিকে দু’টি প্যানেলে বিভক্ত করা হয়। প্যানেল-১ এ অংশ নেন এমপি মাহজাবিন খালেদ এবং প্যানেল-২ এ অংশ নেন এমপি মো: ইসরাফিল আলম।
“টেকসই উন্নয়নের সকল ক্ষেত্রে অভিবাসীদের অবদান : অভিবাসন ও উন্নয়নের যোগসূত্র (Contributions of migrants to all dimensions of sustainable development: the linkage between migration and development)” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত প্যানেল-১ এর আলোচনায় অংশ নিয়ে এমপি মাহজাবিন খালেদ এসডিজি বাস্তবায়নের মাধ্যমে সামষ্টিক উন্নয়নের লক্ষ্যে নারী অভিবাসীদের উপার্জন সক্ষমতা বৃদ্ধি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার কথা তুলে ধরেন। এ ক্ষেত্রে তিনি প্রচলিত সামাজিক সংকীর্ণতা ও প্রতিবন্ধকতা সৃষ্টিকারী আইন-কানুনের উর্ধ্বে উঠে বিশ্ব সম্প্রদায়কে কাজ করার আহ্বান জানান।
প্যানেল-২ এর প্রতিপাদ্য ছিল “টেকসই উন্নয়নের সকল ক্ষেত্রে অভিবাসী ও প্রবাসীদের অবদান : সহায়ক পরিকাঠামো নির্মাণ (Contributions of migrants and diaspora to all dimensions of sustainable development: enabling frameworks for contribution)”। মো: ইসরাফিল আলম এমপি এ সেশনে অংশ নিয়ে প্রবাসী কমিউনিটির জন্য দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশ গড়ে তোলা এবং তাঁদের প্রেরিত রেমিট্যান্সের নিরাপত্তা ও সুষ্ঠু ব্যবহারের বিষয়ে গুরুত্বারোপ করেন।
উভয় সংসদ সদস্য তাঁদের বক্তব্যে দেশের উন্নয়নে প্রবাসী বাংলাদেশী নাগরিকদের অবদানের কথা তুলে ধরেন। তারা প্রস্তাবিত গ্লোবাল মাইগ্রেশন কমপ্যাক্টের মাধ্যমে রেমিট্যান্স প্রেরণ খরচ কমানো, প্রেরিত রেমিট্যান্সের নিরাপত্তা বিধান, অভিবাসীদের অধিকার সংরক্ষণ, বৈষম্য দূরীকরণ, সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ এবং উন্নয়নের মূল ধারায় অভিবাসী ও প্রবাসী কমিউনিটিকে সম্পৃক্ত করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, মো: ইসরাফিল আলম এমপি ৭ সদস্য বিশিষ্ট বাংলাদেশের মাইগ্রেশন ককাস (ঈধঁপঁং) এর সভাপতি এবং মাহজাবিন খালেদ এমপি এর সদস্য।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে