জয় হলো গণতন্ত্র ও মানবতার মর্মবাণীর, জয়ী হলো আশাজাগানিয়া ‘আমেরিকান ড্রিম’… বিজয়ী হলো আমেরিকা
কাউসার মুমিন, নিউ ইয়র্ক : ওবামা জিতলেন, সেই সঙ্গে জেতালেনও। জয় হলো গণতন্ত্র ও মানবতার মর্মবাণীর, জয়ী হলো আশাজাগানিয়া ‘আমেরিকান ড্রিম’… বিজয়ী হলো আমেরিকা, সেই সঙ্গে বিজয়ী হলেন বিশ্বের কোটি কোটি শান্তিপ্রিয় মানুষ। প্রত্যাশার ঔদ্ধত্যের দুর্বিনীত পুরুষ, কেনেডির পর সবচেয়ে বেশি বিশ্বপ্রিয় প্রেসিডেন্ট। প্রিয়তমা স্ত্রী মিশেলের ভাষায়- স্বপ্ন, সংগ্রাম আর প্রত্যাশার মন্ত্রে উজ্জীবিত বিশ্বস্ত ও সত্যবাদী মানুষ, যিনি শত প্রতিকূলতার মাঝেও রাজনীতির হাওয়া বুঝে কখনও সুর বদলান না। আগামী দিনের বিশ্বের আশা ও আকাঙক্ষার প্রতীক, বিশ্বরাজনীতিতে গুণগত পরিবর্তনের সত্যিকারের যুগস্রষ্টা, আমেরিকান গণতন্ত্রের ঐন্দ্রজালিক অগ্রগতির প্রতিশ্রুত মানব প্রেসিডেন্ট বারাক ওবামার ওপর আবারও আস্থা রাখলো আমেরিকা। সামপ্রতিক ইতিহাসের সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এবং পূর্বাভাস পণ্ডিতদের মতে অন্যতম কঠিন এ নির্বাচনে, তিনদিন আগে মানবজমিন-এর বিশ্লেষণের সঙ্গে অবিশ্বাস্য মিল রেখে গতকাল আমেরিকার ৫৭তম প্রেসিডেন্ট নির্বাচনে এ পর্যন্ত পাওয়া সর্বশেষ ফলাফলে সিএনএন প্রজেকশন মোতাবেক ৩০৩ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে ওবামা বিজয়ী হয়েছেন, যেখানে রিপাবলিকান প্রার্থী মিট রমনির প্রাপ্ত ইলেকটোরাল কলেজ ভোট সংখ্যা এ পর্যন্ত ২০৬। উল্লেখ্য, এর আগে মানবজমিন-এর সর্বশেষ নির্বাচন বিশ্লেষণমূলক প্রতিবেদনে সুস্পষ্ট ব্যবধানে কমপক্ষে ২৭৭ ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে প্রেসিডেন্ট ওবামার সুনিশ্চিত বিজয়ের পূর্বাভাস দেয়া হয়। আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম অশ্বেতাঙ্গ প্রেসিডেন্ট হিসেবে ২০০৮ সালে ওবামার ঐতিহাসিক বিজয়ের মতো গতকালের নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ওবামার নির্বাচনও ছিল আরেকটি ইতিহাস। বিভিন্ন নির্বাচনী জরিপে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা বলা হলেও, গতকাল ভোট গণনা শুরুর প্রায় তিন ঘণ্টার মাথায় এমনকি কোন কোন রাজ্যে ভোট প্রদান শেষ হওয়ার আগেই অনেকটা আচমকা ইলেকটোরাল কলেজ ভোটের সুস্পষ্ট ব্যবধানে ওবামার বিজয় সুনিশ্চিত হয়। এর আগে শেষ মুহূর্তে রমনির সর্বাত্মক প্রচারাভিযানের ফলে ওবামার জন্য কিছুটা সংশয় সৃষ্টি হওয়া ওবামার ব্লু স্টেট পেনসিলভ্যানিয়া ও মিশিগানে ওবামার বিজয় ঘোষণার পর পর, রমনির নিজ রাজ্য ম্যাসাচুসেটসেও ওবামাকে বিজয়ী ঘোষণা করা হয়। এরপর গুরুত্বপূর্ণ ব্যাটল গ্রাউন্ড রাজ্য ওহাইওতে ওবামার বিজয় ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট পদে ওবামার পুনর্নির্বাচন নিশ্চিত হয়। উল্লেখ্য, এ পর্যন্ত কোন রিপাবলিকান প্রার্থীই ওহাইও রাজ্যে নির্বাচিত না হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেননি। নির্বাচনে ওবামা ৮টি ব্যাটল গ্রাউন্ড স্টেটের মধ্যে গুরুত্বপূর্ণ রাজ্য ওহাইও সহ ৭টিতেই জয়ী হন। সর্বশেষ নির্বাচনী ফলে সিনেটে রেকর্ড সংখ্যক নারী সিনেটরের বিজয় এবং ডেমোক্রেটিক সংখ্যাগরিষ্ঠতার বিষয়টি স্পষ্ট হলেও কংগ্রেসের ‘হাউস অব রিপ্রেজেনটেটিভস’ এবারও নিশ্চিত ভাবেই রিপাবলিকানদের দখলে থাকছে, যা পুরনো রাজনৈতিক বিভাজনের সম্ভাবনাকেই জাগিয়ে রাখলো, যদিও আইওয়া অঙ্গরাজ্যে নিজের সর্বশেষ নির্বাচনী প্রচারে ওবামা ইঙ্গিত করেছিলেন যে, নির্বাচিত হলে আমেরিকাকে এগিয়ে নেয়ার জন্য তার বিশ্বাসের জায়গাগুলোতে বাইপারটিজানের নামে রিপাবলিকানদের তিনি আর কোন ছাড় দেবেন না। এদিকে গভর্নর পদের নির্বাচনে ইন্ডিয়ানা ও নর্থ ক্যারোলাইনা সহ এ পর্যন্ত ৩০টি অঙ্গরাজ্যে রিপাবলিকান গভর্নর নির্বাচিত হয়েছেন, যা বিগত এক দশকের মধ্যে সর্বোচ্চ। ওবামার বিজয়ের প্রয়োজনীয় ইলেকটোরাল ভোট নিশ্চিত হওয়ার পরপরই সরাসরি সমপ্রচার-রত স্থানীয় চ্যানেলগুলো ওবামার পুনঃনির্বাচনে মার্কিন অর্থনীতি, অভিবাসন ও ওবামাকেয়ার ইস্যুতে আগামী দিনের মার্কিন রাজনীতির গতিপ্রকৃতি এবং রিপাবলিকানদের পরবর্তী রাজনৈতিক কৌশল বিশেষ করে হাউস অব রিপ্রেজেনটেটিভসকে কিভাবে আরও কার্যকর করা যায় তা নিয়ে আলোচনা শুরু হয়। নির্বাচনী ফলের পরপর তাৎক্ষণিক বিশ্লেষণে নির্বাচনে ওবামাকেয়ার, অভিবাসন নীতি, আফ্রিকান আমেরিকা ভোটারদের ব্যাপক অংশগ্রহণ, নারী ভোটার ও ল্যাটিন ভোটারদের শক্তিশালী সমর্থন এবং কোন কোন রাজ্যে সমকামী ভোটারদের সমর্থন ওবামার বিজয়কে ত্বরান্বিত করেছে। এছাড়া বিশেষ করে মধ্যবিত্ত ভোটারদের কাছে ওবামার নীতি ও কর্মসূচি এবং ব্যক্তি ওবামার প্রতি এখনও অটুট অবিচল আস্থা প্রেসিডেন্ট ওবামার নির্বাচনকে নিরঙ্কুশ বিজয়ের পথে নিয়ে গেছে। এদিকে নির্বাচনে নিজের পরাজয় মেনে নিয়ে রিপাবলিকান প্রার্থী গভর্নর মিট রমনি প্রেসিডেন্ট ওবামা ও তার পরিবারকে অভিনন্দন জানিয়ে, নির্বাচনী ফলাফল পরবর্তী এক রিপাবলিকান র্যালিতে প্রদত্ত বক্তৃতায় বলেন,‘আমেরিকা এখন এক কঠিন সময় অতিক্রম করছে। এরকম একটি চ্যালেঞ্জিং সময়ে আমেরিকাকে সঠিক পথে এগিয়ে নিতে আমি আমার প্রেসিডেন্ট হিসেবে ওবামার সাফল্য কামনা করি।’ তবে, মিট রমনি এই বলেও সতর্ক করে দেন যে, নির্বাচনী লড়াই শেষ হলেও আমাদের নীতিগত আদর্শের সংগ্রামে কখনও পরিবর্তন ঘটবে না। নির্বাচনে বিজয় পরবর্তী ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতায় ওবামা যা বলেন তার বেশির ভাগই সর্বশেষ নির্বাচনী প্রচারণায় আইওয়া অঙ্গরাজ্যে প্রদত্ত বক্তৃতারই প্রতিধ্বনি। প্রেসিডেন্ট বলেন, আমাদের সুন্দরতম দিনগুলো এখনও আসেনি। আমরা এমন এক আমেরিকার জন্য সংগ্রাম করছি যেখানে ব্যক্তি বিশেষের উচ্চাভিলাষের চেয়ে আমেরিকান মহত্ত্বই বড়। সব আমেরিকানের জন্য সমান সুযোগ তৈরি করে সত্যিকারের আমেরিকান ড্রিম বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এগিয়ে যাবো। উল্লেখ্য, সিএনএন-এর রাজনৈতিক বিশ্লেষক ডেভিড রথকোফ-এর মতো বিশ্লেষকরা বলছেন, দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হলেও প্রেসিডেন্ট ওবামাকে বিভিন্ন ইস্যুতে এত বেশি ব্যস্ত থাকতে হবে যে তিনি তার এ বিজয়কে সেলিব্রেট করার মতো ফুরসত পাবেন না। আর পুলিৎজার পুরস্কার বিজয়ী ইতিহাসের প্রফেসর ডেভিড এম কেনেডি নির্বাচনী ফলাফল পরবর্তী সিএনএন-এর এক মন্তব্য কলামে বলছেন, রাষ্ট্রক্ষমতায় এক ওবামার বিজয়ই আমেরিকারকে পরিবর্তন করে দেবে না। এরপরও আশাবাদী আমারিকার বেশির ভাগ জনগণ, আশাবাদী বিশ্বের সব শান্তিবাদী মানুষ- এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের আশা ও আকাঙক্ষার প্রতীক, প্রত্যাশার ঔদ্ধত্যের স্বপ্নবান পুরুষ, প্রেসিডেন্ট ওবামার বিজয়ের এ মাহেন্দ্রক্ষণে আমরা তাকে অভিনন্দন জানাই। অভিনন্দন আমেরিকা, অভিনন্দন প্রেসিডেন্ট ওবামা।
- নিউইয়র্কে আমেরিকান ট্রাভেল এজেন্ট এসোসিয়েশন অব বাংলাদেশ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে অ্যাসাল ওজোন পার্ক চ্যাপ্টারের ইফতার ও অভিষেক
- নিউইয়র্কে বাংলাদেশ ল সোসাইটি ইউএসএ’র ইফতার মাহফিল: খারাপ কাজ থেকে দূরে থাকার আহ্বান
- BOROUGH PRESIDENT GIBSON HOSTS FOURTH ANNUAL BRONX IFTAR DINNER DIALOGUE UNDER THE THEME “UNITY IN DIVERSITY”
- নিউইয়র্কে মানসিক সংকটে থাকা যুবককে গুলি: পুলিশ প্রশিক্ষণ এবং মানসিক সংকটসংক্রান্ত ৯১১ কল
- নিউইয়র্কে গ্রী ম্যাকানিকেল ইয়াঙ্কার্স এর ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে যুক্তরাষ্ট্র বঙ্গমাতা পরিষদ’র ইফতার ও দোয়া মাহফিল
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত








