দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে শান্তি বজায় রাখার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পেল ই ইউ
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে প্রায় ছয় দশক শান্তি বজায় রাখার কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ইউরোপীয় ইউনিয়নকে (ই ইউ) গতকাল শুক্রবার নোবেল শান্তি পুরস্কার দেয়া হয়েছে। নোবেল কমিটির সভাপতি থর্বোয়ার্ন জাগল্যান্ড এ ব্যাপারে বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন ছয় দশকের অধিককাল ধরে শান্তি, বিরোধ, মীমাংসা, গণতন্ত্র ও মানবাধিকারের ক্ষেত্রে অবদান রেখেছে।’ অন্যদিকে, ইউরোপীয় পার্লামেন্টের প্রধান জার্মান সমাজবাদী মার্টিন শুলজ গতকাল তার প্রতিক্রিয়ায় বলেন, ইউরোপীয় ইউনিয়নকে নোবেল শান্তি পুরস্কার প্রদান করায় তিনি ‘ অভিভূত হয়েছেন এবং ‘সম্মানিত’ বোধ করছেন। খবর বিবিসি ও এএফপির।
ইউরোপীয় ইউনিয়ন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যেভাবে ইউরোপের পূনর্গঠনে সহায়তা করে এবং ১৯৮৯ সালে বার্লিন দেয়ালের পতনের পর যে ভূমিকা পালন করে, নোবেল কমিটি তারও ভূয়সী প্রশংসা করেছে। কমিটি বলেছে, যুদ্ধ-বিধ্বস্ত এক মহাদেশকে শান্তির এক মহাদেশে রূপান্তর করতে সহায়তা করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউরোপীয় কমিশনের প্রধান জোসে ম্যানুয়েল বারোসো এই পুরস্কারকে ইউরোপীয় ইউনিয়নের ৫০ কোটি মানুষের জন্য এক বিরাট সম্মান বলে উল্লেখ করেছেন। ইইউ’র জন্য এই পুরস্কার এসেছে এমন একটা সময়ে যখন ইইউ তার ইতিহাসের চরম অর্থনৈতিক এক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। ইইউর বেশ কিছু সদস্য রাষ্ট্র এই মূহুর্তে মন্দার কারণে সামাজিক অস্থিরতায় জর্জরিত। নোবেল কমিটির প্রধান তার ভাষণে ১৯৭০-এর দশকে স্পেন, পর্তুগাল ও গ্রিসে স্বৈরতন্ত্রের পতনের পর তাদের এই গোষ্ঠিতে অন্তর্ভুক্ত করার বিষয়টিকেও প্রশংসা করেন। তিনি বলেন ইইউর সমঝোতা কার্যক্রমের পরিধি বর্তমানে বিস্তৃত হয়েছে বলকান রাষ্ট্রগুলোতে, এবং ক্রোয়েশিয়াকে ইইউর সদস্য রাষ্ট্রের মর্যাদা দেবার প্রক্রিয়া চলছে। প্রসঙ্গত: ১৯৫৭ সালে রোম চুক্তির মধ্য দিয়ে যাত্রা শুরু করে এই সংগঠন, বর্তমানে যা পরিণত হয়েছে ২৭ দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক জোটে। এই জোটের ১৭টি দেশ বর্তমানে একক মুদ্রা হিসাবে ইউরো ব্যবহার করছে।
তবে সদস্য রাষ্ট্রগুলোর অর্থনৈতিক সমস্যা সামাল দিতে ইইউর বর্তমান নাজেহাল অবস্থার পটভূমিতে এই শান্তি পুরস্কার নানা মহলে বির্তকেরও জন্ম দিয়েছে। এই সংকটের কারণে গ্রিস, আয়ারল্যান্ড এবং পর্তুগালের মত দেশের জনগণ এখন ইইউকে শান্তিরক্ষার দূত হিসাবে দেখে না। খোদ নরওয়েতে সমালোচকরা বলেছেন ইইউ এখন শান্তির বদলে অস্থিতিশীলতা তৈরি করেছে তাই তাদের নোবেল শান্তি পুরস্কার দেওয়া রীতিমত অযৌক্তিক। পুরস্কারের অর্থমূল্য বাবদ ৮০ লাখ সুইডিশ ক্রোনার পাবে ইউরোপীয় ইউনিয়ন। আগামী ১০ ডিসেম্বর অসলোতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেওয়া হবে।ইত্তেফাক
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








