নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ’শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন : তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে আজ ১৪ ডিসেম্বর যথাযথ মর্যাদায় ‘শহিদ বুদ্ধিজীবী দিবস’ পালন করে।
’শহিদ বুদ্ধিজীবী দিবস’ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের শহিদ সদস্যবৃন্দ, মহান স্বাধীনতা যুদ্ধে শহিদ বুদ্ধিজীবীগণ এবং অন্যান্য শহিদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে বাংলাদেশ থেকে প্রেরিত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা আজকের দিনটিকে বাংলাদেশের তথা বিশ্বের ইতিহাসে একটি কলঙ্কময় দিন হিসেবে উল্লেখ করে বলেন, স্বাধীনতা যুদ্ধে বাঙালি জাতির নিশ্চিত বিজয় আসন্ন আঁচ করতে পেরে পাক হানাদার বাহিনী দেশের শিক্ষাবিদ, সাংবাদিক, সাহিত্যিক, চিকিৎসক, বিজ্ঞানী, আইনজীবী, শিল্পী, প্রকৌশলী, দার্শনিক ও রাজনৈতিক চিন্তাবিদসহ দেশের মেধাবী সন্তানদের নির্মমভাবে হত্যা করে। তিনি আরো বলেন, হানাদার বাহিনীর দোসর ও স্বাধীনতা বিরোধীদের সহযোগিতায় পাকবাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবীদের নৃশংস হত্যাযজ্ঞের মধ্যদিয়ে তাদের পরাজয়ের জঘন্যতম প্রতিশোধ নেয়। বাংলাদেশ যাতে আর কখনও মাথা তুলে দাঁড়াতে না পারে, সেটাই ছিল বুদ্ধিজীবী হত্যাকান্ডের মূল লক্ষ্য। এ প্রসঙ্গে তিনি মহান স্বাধীনতার চেতনা ধারণ করে বাংলাদেশের চলমান উন্নয়নের ধারাকে বেগবান করতে সকলের প্রতি আহবান জানান। বিশেষ করে তরুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। ২০৪১ সালের মধ্যে উন্নত এবং স্মার্ট বাংলাদেশ গড়ার মাধ্যমে মুক্তিযুদ্ধের সকল শহিদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপনের শপথ নেয়ার আহবান জানান কনসাল জেনারেল।
অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারের অন্যান্য শহিদ সদস্য, শহিদ বুদ্ধিজীবী এবং শহিদ বীর মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে এবং দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধির জন্য বিশেষ দোয়া করা হয়।
এর পূর্বে কনসাল জেনারেল মোঃ নাজমুল হুদা সম্মিলিত সাংস্কৃতিক জোট উত্তর আমেরিকা কর্তৃক আয়োজিত শহিদ বুদ্ধিজীবী দিবসের অনুষ্ঠানমালায় অংশগ্রহণ করেন এবং নিউইয়র্কের ডাইভারসিটি প্লাজায় অস্থায়ীভাবে স্থাপিত শহিদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাত ১২:০১ মিনিটে কনস্যুলেটের পক্ষ থেকে পুস্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল