নিউইয়র্কে মুসলিমদের ওপর নজরদারি বাতিল
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মুসলমানদের ওপর পুলিশের গোয়েন্দা নজরদারি কর্মসূচি বাতিল করা হয়েছে। গতকাল মঙ্গলবার নিউইয়র্ক পুলিশের দেওয়া এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ঘটনার পর নিউইয়র্কে মুসলমানদের ওপর নজরদারি করতে পুলিশের একটি বিশেষ ইউনিট চালু করা হয়। মেয়র ব্লুমবার্গ ও পুলিশ কমিশনার রেমন্ড কেলির সময় চালু হওয়া এ নজরদারি কর্মসূচি ওই সময় তুমুল বিতর্কের সৃষ্টি করে। তখন থেকে মুসলমানদের বিভিন্ন স্থাপনা, জমায়েত, মসজিদসহ ব্যবসাপ্রতিষ্ঠানে সার্বক্ষণিক নজরদারি শুরু করে নিউইয়র্ক পুলিশের বিশেষ ইউনিট। এতে মুসলমানদের মধ্য থেকে সোর্স নিয়োগ করে তাঁদেরকে ফাঁদে ফেলার ঘটনাও ঘটেছে। বিব্রতকর এ গোয়েন্দা তত্পরতার প্রতিবাদে তখন থেকেই সোচ্চার হয়ে ওঠে নাগরিক অধিকার সংগঠনগুলো। গত নির্বাচনের আগে বর্তমান মেয়র বিল ডি ব্লাজিও এই কর্মসূচি বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিলেন। এ ছাড়া নিউইয়র্কে নতুন পুলিশ প্রধান হিসেবে বিল ব্রাটন যোগ দেওয়ার পর মুসলমানদের ওপর নজরদারির বিশেষ ইউনিট কার্যত বন্ধ করে দেন।
গতকাল আনুষ্ঠানিকভাবে নজরদারির ইউনিট বাতিল করে নিউইয়র্ক পুলিশের বিবৃতিতে জানানো হয়, প্রশাসন নগরকে নিরাপদ রাখার জন্য অঙ্গীকারবদ্ধ। পুলিশ ও নাগরিকদের মধ্যে সম্পর্ক উন্নয়নে বিশেষ ধর্মাবলম্বীদের ওপর নজরদারি কর্মসূচি বাতিলের সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বিবৃতিতে জানানো হয়।
এ ব্যাপারে কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনসের মুখপাত্র ইব্রাহিম হোপার এক প্রতিক্রিয়ায় বলেছেন, নিউইয়র্ক পুলিশের সিদ্ধান্তটি ইতিবাচক হলেও যথেষ্ট নয়। তিনি মুসলমানদের ওপর থেকে নানা পর্যায়ের নজরদারি পুরোপুরি বন্ধ করার দাবি জানান।নিউইয়র্ক প্রতিনিধি/প্রথম আলো
- নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট
- নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন
- New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams
- Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan
- ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ
- নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল