জাতিসংঘ সদর দপ্তরের হাই লেভেল পলিটিক্যাল ফোরামের জেনারেল ডিবেট : এসডিজি বাস্তবায়নে স্বল্পোন্নত এবং স্বল্পোন্নত থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য উদার আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী কামালের
সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘ সদর দপ্তরের হাই লেভেল পলিটিক্যাল ফোরামের জেনারেল ডিবেটে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে স্বল্পোন্নত এবং স্বল্পোন্নত থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য উদার আন্তর্জাতিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন বাংলাদেশের পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। জাতিসংঘ সদরদপ্তরে ১৮ জুলাই মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এলডিসির দেশসমূহের পক্ষে চলতি হাই লেভেল পলিটিক্যাল ফোরামের জেনারেল ডিবেটে বক্তৃতা প্রদান করেন। ইকোসকের উচ্চপর্যায়ের এই ডিবেটের মূল বিষয় ছিল টেকসই উন্নয়ন। উল্লেখ্য, বাংলাদেশ এলডিসির দেশসমূহের বৈশ্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করছে।
স্বল্পোন্নত দেশসমূহের সরকারগুলো দারিদ্র্য নির্মূলে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করেছে মর্মে উল্লেখ করে মন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, “দারিদ্র্য নির্মূলের এই এজেন্ডা বাস্তবায়নের জন্য এলডিসি’র দেশসমূহ জাতীয় পর্যায়ে প্রয়োজনীয় আইনী, প্রশাসনিক ও কাঠামোগত সংস্কার সাধন করছে। আমরা সকল জনগণের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত, নারীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা, তথ্য ধারণ ক্ষমতা বৃদ্ধি, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা, আইনের শাসন ও বেসরকারি খাতের জন্য উপযোগী পরিবেশ তৈরির উপর জোর দিয়েছি”।
তিনি আরও বলেন, “এ সকল পদক্ষেপ সত্ত্বেও এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে আর্থিক সহায়তার বিরাট ঘাটতি আমাদের প্রচেষ্টাকে প্রতিনিয়ত বাধাগ্রস্ত করছে। তাই, উদার আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে আমরা এলডিসি এবং এলডিসি থেকে উত্তরণের পথে থাকা দেশগুলোর জন্য সম্পদের যথাযথ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করার আহ্বান করছি”।
উন্নয়ন অংশীদারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, তারা যেন স্বল্পোন্নত দেশসমূহকে আর্থিক, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রে অগ্রাধিকার অনুযায়ী পর্যাপ্ত পরিমান, টেকসই এবং সময়োপযোগী সহযোগিতা প্রদান করে।
মন্ত্রী জানান, দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশসমূহ অনেক পিছিয়ে রয়েছে এবং এখনও এর ৪৫% শতাংশেরও বেশি মানুষ চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে।
এলডিসি’র দেশগুলোতে ওডিএ (ODA), এফডিআই, এবং বাণিজ্য উল্লেখযোগ্য হারে হ্রাস পাচ্ছে উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী এক্ষত্রে বিদ্যমান প্রতিশ্রুতিসমূহ পূরণের জন্য উন্নত দেশগুলোর প্রতি জোরালো আহ্বান জানান।
প্রযুক্তির সহজলভ্যতা ও এর ব্যবহার এলডিসিভুক্ত দেশগুলোর উন্নয়ন ত্বরান্বিত করতে সাহায্য করবে মর্মে উল্লেখ করে মন্ত্রী সদ্যগঠিত টেকনোলজি ব্যাংকের পূর্ণ কার্যক্রমের উপর জোর দেন।
এলডিসি’র দেশগুলোতে এসডিজির অভিষ্ট ও লক্ষ্যসমূহের পূর্ণ বাস্তবায়নে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছা থাকতে হবে মর্মেও মন্ত্রী তাঁর বক্তব্যে উল্লেখ করেন।
মন্ত্রী, এইচএলপিএফ-এর এবারের প্রতিপাদ্য, “দারিদ্র্য নিমূল এবং পরিবর্তিত বিশ্ব ব্যবস্থায় সমৃদ্ধি নিশ্চিত করা (Eradicating Poverty and ensuring prosperity in the changing world)” – কে অত্যন্ত সময়োপযোগী বলে উল্লেখ করেন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে স্বল্পোন্নত দেশসমূহের উপর বিরূপ প্রভাবের কথা উল্লেখ করে তিনি এ বিষয়টি সুরাহার প্রতিও গুরুত্বারোপ করেন।
পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এইচএলপিএফ-এ অংশগ্রহণকারী বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন। জেনারেল ডিবেটে অংশগ্রহণ ছাড়াও বাংলাদেশের প্রতিনিধিদল আজ জাতিসংঘে অনুষ্ঠিত আরও বেশ কয়েকটি এসডিজি বিষয়ক সাইড ইভেন্টে অংশ নেয়।
দিনব্যাপী এসকল কর্মসূচিতে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন, পরিকল্পনা কমিশনের জেনারেল ইকোনোমিকস ডিভিশনের সদস্য শামসুল আলম ও পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এন এম জিয়াউল আলম, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জিআইইউ এর মহাপরিচালক আব্দুল হালিম উপস্থিত ছিলেন।
স্থানীয় সময় আগামীকাল বুধবার এইচএলপিএফ-এর চলতি অধিবেশন শেষ হবে।
- Women’s Participation Makes Peace and Security More Durable and Inclusive: Irene Khan
- সমুদ্রের উচ্চতা বৃদ্ধি ও বন্যার ঝুঁকি মোকাবিলায় নিউইয়র্কে ২ বিলিয়ন ডলারের মহাপ্রকল্প
- দুই তরুণী রোগীকে যৌন নিপীড়নের অভিযোগ; নিউইয়র্কে বাংলাদেশি-আমেরিকান চিকিৎসক ডা. ফজলুল ইউসুফ গ্রেপ্তার, জামিনে মুক্ত
- বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার প্রতিবাদ, ‘শিখা অনির্বাণ’ প্রজ্জ্বলিত রাখার দাবি নিউইয়র্কে
- শান্তি প্রতিষ্ঠায় সিদ্ধান্ত গ্রহণের সব পর্যায়ে নারীর অংশগ্রহণ জরুরি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির প্রচার সম্পাদক রিজুর পিতার ইন্তেকাল
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে