নিউইয়র্কে নর্থ ব্রঙ্কসে জুম্মার নামাজের সময় মসজিদের বাইরে সংঘর্ষ, ১ মুসল্লী ও ১ কৃষ্ণাঙ্গ যুবক আহত
ইউএসএনিউজঅনলাইন.কম : বাংলাদেশী অধ্যুষিত নিউইয়র্কের নর্থ ব্রঙ্কসে একটি মসজিদের বাইরে জুম্মার নামাজের সময় সংঘটিত এক সংঘর্ষে ১ মুসল্লী ও ১ কৃষ্ণাঙ্গ যুবক আহত হয়েছেন। ২৮ আগষ্ট শুক্রবার জুম্মার নামাজের সময় এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে আহত কৃষ্ণাঙ্গ যুবকটিকে আটক করে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নর্থ ব্রঙ্কসের ২০৬ রশোম্ভ এভিনিউর নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারে শুক্রবার দুপুর প্রায় দেড়টার দিকে পবিত্র জুম্মার নামাজ আদায়ের জন্য মুসল্লীরা মসজিদ এবং মসজিদের বাইরে ফুটপাত ও রাস্তায় অবস্থান নেন। নামাজ শুরুর আগেই রাস্তায় নামাজ আদায় নিয়ে বাইক নিয়ে আসা এক কৃষ্ণাঙ্গ যুবক মসল্লীদের উদ্দেশ্যে উত্তেজনাকর কথা বলতে থাকে। অন্য একটি সূত্র জানায়, কৃষ্ণাঙ্গ যুবকটি ওই দিন নামাজের আগে মসজিদের সামনে তার বাইকে রাখা চাবি ও সেল ফোন খোয়া যাওয়ায় উত্তেজনাকর কথা বলতে থাকে।মসল্লীরা এর প্রতিবাদ জানালে এক পর্যায়ে অকস্মাৎ কৃষ্ণাঙ্গ যুবকটি মসল্লীদের উপর হামলে পড়ে। এতে এক মুসল্লী আহত হলে নামাজ শেষ হওয়া মাত্রই মুসল্লীরা ওই কৃষ্ণাঙ্গ যুবককে গণধোলাই দেয়। এই পরিস্থিতিতে ৯১১-এ কল করলে দ্রুত এনওয়াইপিডি’র বিপুল সংখ্যক পুলিশ এসে এলাকাটি ঘিরে ফেলে। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়িও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে। এসময় উত্তেজিত মুসল্লীদের কবল থেকে পুলিশ যুবকটিকে নিজেদের হেফাজতে নিয়ে নেয়। যুবকটির নাম-পরিচয় জানা না গেলেও সে আফ্রিকান বংশোদ্ভুত বলে জানা গেছে। উল্লেখিত ঘটনায় আহতদেরকে চিকিৎসার ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানা গেছে। কৃষ্ণাঙ্গ যুবকটি মানসিক বিকারগ্রস্ত বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টার অ্যান্ড জামে মসজিদের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইকবাল হোসাইন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, মসজিদের বাইরে সংঘটিত ঘটনাটি অনাকাঙ্খিত। তিনি বলেন, এদিন মসজিদের বাইরে ফুটপাত ও রাস্তায় জুম্মার নামাজ আদায়ের জন্য কর্তৃপক্ষের কোন পারমিশান ছিল না। মসজিদের ৪র্থ তলায় পর্যাপ্ত যায়গা থাকা সত্ত্বেও কতিপয় মুসল্লী বিনা পার্মিশানে রাস্তা ব্লক করে নামাজ আদায় করেন। যার জন্য এ অনাকাঙ্খিত ঘটনাটির সূত্রপাত হতে পারে। মসজিদের বাইরে সংঘটিত ঘটনার দায়-দায়িত্ব মসজিদ কর্তৃপক্ষ নেবে না। তিনি জানান, কথিত কৃষ্ণাঙ্গ যুবকটি ওই দিন নামাজের আগে মসজিদের সামনে তার বাইকে চাবি ও সেল ফোন রেখে পার্শ¦বর্তী ক্যাপিটাল ওয়ান বাংকে যায়। বাংক থেকে এসে সে তার চাবি ও সেল ফোন না পেয়ে খোজাখুজির এক পর্যায়ে মুসল্লিদের সাথে বিতন্ডায় জড়িয়ে পড়ে।

ইকবাল হোসাইন ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, কৃষ্ণাঙ্গ যুবকের সেই চাবি ও সেল ফোন কোথাও পাওয়া গেছে বলে কেউ একজন তার কাছে জমা রাখেন। তিনি পরে জানতে পারেন তার কাছে জমা দেয়া সেই চাবি ও সেল ফোন ওই কৃষ্ণাঙ্গ যুবকের।
মসজিদের কার্যকরী সদস্য মাওলানা আতাউর রহমান বলেন, ঘটনার সময় আমরা মসজিদের ভেতরে ছিলাম, ঘটনাটি মসজিদের বাইরে ঘটেছে। নামাজের পরে বিষয়টি জেনেছি। ঘটনাটি সত্যিই অনাকাঙ্খিত ও দু:খজনক।
স্থানীয় কমিউনিটি বোর্ড-৭ এর মেম্বার এবং নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি নেতা মঞ্জুর চৌধুরী জগলু জানান, মুসল্লীদের উপর হামলাকারী যুবকটি স্থানীয় এলাকায় বাস করে এবং মাঝে মধ্যেই সে কারো না কারো সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে যায়। শুক্রবার দিনও জুম্মার নামাজের সময় মসজিদের বাইরে নামাজের অপেক্ষমান একজন বাংলাদেশী তরুণের সাথে আকস্মিকভাবে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ে। এতে উপস্থিত মুসল্লীরা ক্ষিপ্ত হয়ে বাইক সহ তাকে আটকে রেখে পুলিশে কল করলে পুলিশ এসে তাকে তাদের জিম্মায় নিয়ে নেয়। তিনি জানান, উপস্থিত পুলিশ কর্মকর্তা ও কমিউনিটি নেতৃবৃন্দের সহযোগিতায় ঘটনার মিমাংসা হয়। এ ঘটনার ব্যাপারে কোন মামলা হয়নি। হামলাকারী যুবকটিকে পুলিশের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
এবিষয়ে নর্থ ব্রঙ্কস বাংলাদেশী কমিউনিটি নেতা আব্দুল হাসিম হাসনু বলেন, এটা অত্যন্ত দু:খজনক ঘটনা। আমরা এমনটি আশা করি না। ঘটনার সাথে জড়িত যুবকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
নর্থ ব্রঙ্কস এলাকার বাসিন্দা বাংলাদেশী কমিউনিটি নেতা আলহাজ্ব সোলায়মান ভূইয়া ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, তিনি এই মসজিদের নিয়মিত মুসল্লী হলেও এই শুক্রবার জুম্মার নামাজ অন্য একটি মসজিদে আদায় করেছেন। তবে মসজিদের সামনে থেকে কথিত কৃষ্ণাঙ্গ যুবকটির মোবাইল ফোন হারানোকে কেন্দ্র করে এই দু:খজনক অনাকাঙ্খিত ঘটনাটি ঘটেছে বলে তিনি এই মসজিদে জুম্মার নামাজ আদায়কারী শোহাইবের কাছ থেকে শুনেছেন। (ছবি: মিজানুর চৌধুরীর লাইভ ভিডিও থেকে সংগৃহীত।)
- নিউইয়র্কে ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস নিউইয়র্ক ইনকের কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও ইফতার মাহফিল
- New York Attorney General James Releases Statement on Live Nation Trial
- নিউইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ারের ইফতার মাহফিল
- নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে ৭ মার্চ ঘড়ির কাঁটা এক ঘন্টা এগিয়ে যাবে
- নিউইয়র্কে জ্যামাইকা বাংলাদেশ ফ্রেন্ডস সোসাইটির বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল
- Radwan Chowdhury Announces Candidacy for Montgomery County Council At-Large, Launches “Five-Pillar Blueprint” for Accountable Governance.








