নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণসংবর্ধনা ১৯ সেপ্টেম্বর, সব ধরণের প্রস্তুতি সম্পন্ন
ইউএসএনিউজঅনলাইন.কম : প্রধানমন্ত্রী শেখ হাসিনার আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে উজ্জীবিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন। শেখ হাসিনাকে বরণ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানান যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। জাতিসংঘের চলতি ৭২তম অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৭ সেপ্টেম্বর রোববার অপরাহ্নে নিউইয়র্কে আসছেন। এদিন তাকে এয়ারপোর্টে অভ্যর্থনা জানাবেন নেতাকর্মী-সমর্থকরা। এজন্যে এয়ারপোর্ট কর্তৃপক্ষের অনুমতিও নিয়ে রাখা হয়েছে। ইউএসএনিউজঅনলাইন.কম
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ জানান, ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নিউইয়র্কে টাইমস স্কোয়ারের মেরিয়ট মারকুইস হোটেলের বলরুমে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে। সংবর্ধনা অনুষ্ঠানে শেখ হাসিনার নের্তৃত্বে বাংলাদেশের উন্নয়নের একটি তথ্য-চিত্র প্রদর্শিত হবে। ‘বিএনপি-জামাতের ধ্বংসযজ্ঞ থেকে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নের্তৃত্বে সমৃদ্ধির পথে বাংলাদেশ’ শীর্ষক ১৮ থেকে ২০ মিনিটের এ ডক্যুমেন্টারিটি তৈরী হয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সার্বিক নির্দেশনায়। ২১ সেপ্টেম্বর বৃহস্পতিবার অপরাহ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে বাংলায় ভাষণ দেবেন। জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর বক্তব্য উপস্থাপনের সময় বাইরে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হবে। এর পরই জাতিসংঘ বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে মিডিয়ার সাথে কথা বলবেন প্রধানমন্ত্রী। পরদিন ২২ সেপ্টেম্বর শেখ হাসিনা নিউইয়র্ক থেকে ভার্জিনিয়ায় চলে যাবেন। এদিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাপক অভ্যর্থনা জানানো হবে। ভার্জিনিয়ায় প্রধানমন্ত্রীর প্রোগ্রামের দিন হোটেলের সম্মুখে বর্তমান সরকারের উন্নয়ন-অগ্রগতির সমর্থনে শান্তিপূর্ণ পথ-সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনা তার ৭০তম জন্মদিন উদযাপন করবেন স্বজনদের সান্নিধ্যে। ৩০ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ঢাকার উদ্দেশ্যে ওয়াশিংটন ডিসি ত্যাগের কথা রয়েছে। ২০০৯ সাল থেকে প্রতি বছরই জাতিসংঘের সাধারণ অধিবেশনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি বিশ্বের সরকার প্রধানদের মধ্যে রেকর্ড।
এদিকে, প্রধানমন্ত্রীর গণসংবর্ধনা ও শান্তি সমাবেশ সফল করতে প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন স্থানে চলছে টাউন হল মিটিংসহ কর্মসূচির সমর্থনে ব্যাপক গণসংযোগ।
এদিকে, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূরএলাহি মিনা জানান, ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে বক্তব্য উপস্থাপনের পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে নিউইয়র্কের বাংলাদেশী মিডিয়াকর্মীদের সাথে মিলিত হবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিউইয়র্ক কর্মসূচি অবহিত করার লক্ষে আগামী ১৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে সাড়ে ৬টায় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে সাংবাদিকদের ব্রিফ করবেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ